ক্ষুদ্র শিল্পোদ্যোক্তাদের সমর্থন দিচ্ছে এসএমই ফাউন্ডেশন
নিজের জমানো ৫০ হাজার টাকা নিয়ে ২০০৪ সালে সিলেটে বুটিক পোশাকের একটি শোরুম করেছিলেন। আবেদন করেও ব্যাংক থেকে ঋণ পাননি। তাঁর হয়ে ঋণ নিয়েছিলেন স্বামী। যাত্রা শুরু করেছিলেন মাত্র দুজন কর্মী নিয়ে। সিলেটে এখন তার শোরুম দুটি, কাজ করছে ৬০ জন কর্মী।গল্পটা একজন সফল ক্ষুদ্র উদ্যোক্তা স্বর্ণলতা রায়ের। সফলতার স্বীকৃতি হিসেবে যিনি জাতীয় এসএমই নারী উদ্যোক্তা পুরস্কার ২০১০ পেয়েছেন। পরিবার মেয়েদের ব্যবসা মেনে নেবে না বলে শুরুটা করেছিলেন নিজের ঘর থেকে। ২০০৮ সালে ফ্যাশন ডিজাইনের ওপর এসএমই ফাউন্ডেশন থেকে একটি প্রশিক্ষণ নিয়েছিলেন। তার পর থেকেই সংগঠিত করতে থাকেন নিজের ব্যবসা।স্বর্ণলতা বলেন, ‘সংগঠন কী, তা-ই আমি জানতাম না। এখন আমি নিজেই সংগঠন করছি। এর পেছনে এসএমই ফাউন্ডেশন থেকে নেওয়া প্রশিক্ষণই বড় ভূমিকা রেখেছে।’প্রান্তিক পর্যায়ের ছোট ছোট উদ্যোক্তাকে অর্থনৈতিক উন্নয়নের মূল স্রোতে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে গঠিত এসএমই ফাউন্ডেশন এভাবেই কাজ করে যাচ্ছে এসব উদ্যোক্তাদের সমর্থন দিতে।২০০৭ সালের ১৭ জুলাইয়ে প্রতিষ্ঠার পর থেকেই এসএমই ফাউন্ডেশন ক্ষুদ্র ও কুটিরশিল্পের উদ্যোক্তাদের, বিশেষ করে নারী উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের ব্যবসার উদ্যোগ গ্রহণে ভূমিকা রেখে আসছে। উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণদান, উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও নানা ধরনের পেশাগত প্রশিক্ষণ প্রদান, এসএমই পণ্যের প্রসার ও বাজার সম্প্রসারণ, পরামর্শ সেবাকেন্দ্রের মাধ্যমে নতুন ব্যবসা সৃষ্টি ও পরিচালনার বিষয়ে দিকনির্দেশনা প্রদানসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে এই ফাউন্ডেশন।বর্তমান সরকারের প্রথম দুই বছরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ১১৩ জন উদ্যোক্তাকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়েছে ফাউন্ডেশন। পাঁচটি সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের পাঁচটি স্থানে এসব উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। বেশির ভাগ প্রশিক্ষণকেন্দ্রেই উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে শেখানো হয়েছে।এসএমই ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, দেশের জিডিপিতে (মোট দেশজ উৎপাদন) এসএমই খাতের অবদান প্রায় ২৫ শতাংশ। আর কর্মসংস্থানের দিক থেকে এসএমই হচ্ছে দেশের সবচেয়ে বড় শিল্পখাত। দেশের শিল্পখাতের মোট কর্মসংস্থানের ৮০ থেকে ৮৫ শতাংশের সংস্থান হয় এ খাত থেকে। আর মোট কর্মসংস্থানের ২৩ শতাংশের ব্যবস্থা হয় এসএমই খাতের মাধ্যমে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) তথ্যানুসারে, দেশে ৬০ লাখ ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ (এন্টারপ্রাইজ) রয়েছে, যা দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে ৭৫ শতাংশ পর্যন্ত ভূমিকা রাখে।বাস্তবে অবশ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের এখনো অনেক সমস্যায় পড়তে হয়। এতে অনেক উদ্যোক্তাই নিরুৎসাহিত হয়ে পড়েন। নারী উদ্যোক্তা স্বর্ণলতা রায়ও এমন কথা জানান। তিনি বলেন, ‘আমার পরিবার এলাকায় পরিচিত হওয়ার পরও ব্যাংক আমাকে ঋণ দিতে চায়নি। ব্যাংক জানায়, নারীদের ঋণ দিলে তা ঠিকমতো ফেরত পাওয়া যায় না। তাই আমার স্বামী নিজের নামে ঋণ নিয়ে তা আমাকে দেয়।’স্বর্ণলতা আরও বলেন, এ অবস্থার কিছুটা পরিবর্তন আসছে। তবে এখনো ঋণ পেতে নারী উদ্যোক্তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।এসএমই ফাউন্ডেশন সূত্রও জানায়, ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য ঋণ পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় আনুষঙ্গিক দলিলপত্র তৈরির ক্ষেত্রে অনেক নারী উদ্যোক্তারই দক্ষতার ঘাটতি থাকে। তাই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণ দিতে নিরুৎসাহী থাকে। এসব প্রতিবন্ধকতা দূর করতে ফাউন্ডেশন ঋণ পাওয়ার জন্য সঠিকভাবে আবেদনের পদ্ধতি, প্রয়োজনীয় দলিলপত্র প্রস্তুতসহ প্রভৃতি বিষয়ে ধারণা দিতে নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করে আসছে।নারী উদ্যোক্তাদের ব্যবসায়ে উৎসাহী করার বিষয়টি মাথায় রেখে তাই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে ‘গুণবতী’ নামে একটি বিশেষ ঋণদান কার্যক্রম পরিচালনা করছে এসএমই ফাউন্ডেশন। নারী উদ্যোক্তারা ৯ শতাংশ সুদে ৫০ হাজার থেকে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।আরেক নারী উদ্যোক্তা মির্জা মোরশেদা আক্তার ২০০৮ সালে জাতীয় এসএমই নারী উদ্যোক্তা পুরস্কার পেয়েছিলেন। টাঙ্গাইলের ময়মনসিংহ রোডের হিমেল মাশরুমের স্বত্বাধিকারী এ উদ্যোক্তা প্রথম আলোকে বলেন, ‘স্থায়ী ভূমি ছিল না বলে ১৫ বছর চেষ্টা করেও কোনো ব্যাংক থেকে আমি ঋণ পাইনি। অথচ এসএমই ফাউন্ডেশন থেকে পুরস্কার পাওয়ার পর ২০১০ সালেই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে ১০ লাখ টাকা ঋণ পেয়েছি। এটা দিয়ে ব্যবসা সম্প্রসারিত করেছি।’শুধু নারী উদ্যোক্তাই নয়, সব ধরনের উদ্যোক্তাদের উৎসাহী করতে এসএমই ফাউন্ডেশন সহজ শর্তে এবং স্বল্প সুদে ঋণ দিতে ‘ক্রেডিট হোলসেলিং’ নামে একটি কর্মসূচি বাস্তবায়ন করছে। এর আওতায় উৎপাদন, কৃষি প্রক্রিয়াজাত এবং প্রযুক্তিনির্ভর ব্যবসার সঙ্গে জড়িত উদ্যোক্তাদেরই শুধু ৯ শতাংশ সুদে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে এই ঋণসুবিধা দেওয়া হচ্ছে।মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মাইডাস ফিন্যান্সিং ও শক্তি ফাউন্ডেশনের (মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশন) মাধ্যমে কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচির আওতায় নির্দিষ্ট খাত কিংবা গ্রাহকের জন্য আলাদা ঋণপণ্য (লোন প্রোডাক্ট) তৈরি করে ঋণ দেওয়া হয়।যোগাযোগ করা হলে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রিজওয়ানুল কবির প্রথম আলোকে বলেন, নারী উদ্যোক্তারা ঋণ নেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোর কাছ থেকে এখনো আশানুরূপ সহায়তা পান না। অথচ নারী উদ্যোক্তাদের ঋণখেলাপি হওয়ার হার খুবই কম। নারীদের ঋণদানের ক্ষেত্রে ব্যাংকগুলোকে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।রিজওয়ান আরও বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে যদি কার্যত উন্নয়ন ঘটাতে হয়, তবে একটি এসএমই ব্যাংকের প্রয়োজন। হয়তো চার-পাঁচ বছরের মধ্যে এমন ব্যাংক হয়ে যাবে।ফাউন্ডেশনের কার্যক্রম জোরদার করা প্রসঙ্গে রিজওয়ান বলেন, বিভাগীয় শহরগুলোতে এসএমই ফাউন্ডেশনের একটি করে কার্যালয় স্থাপনের প্রক্রিয়া এগিয়ে চলছে। দাতারাও এ ক্ষেত্রে আগ্রহ দেখাচ্ছেন। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রয়োজন মেটাতে ফাউন্ডেশন সব সময়ই সচেষ্ট বলে তিনি উল্লেখ করেন।[ওয়েবসাইট: www.smef.org.bd]