ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনায় স্বনিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ
ক্ষুদ্রঋণ কার্যক্রম বাজারভিত্তিক মুক্ত অর্থনীতিনির্ভর হওয়া উচিত নয়। এটা হওয়া উচিত স্বনিয়ন্ত্রিত এবং সামাজিক লক্ষ্যনির্ভর। ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য নিজস্ব কৌশল থাকা দরকার। গতকাল সোমবার ‘বাংলাদেশের ক্ষুদ্র অর্থায়ন: পরবর্তী চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক কর্মশালায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব কথা বলেন। ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিডিআই) এই কর্মশালার আয়োজন করে। রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডিআইয়ের পরিচালক সৈয়দ এম হাশেমী। বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, ইকোনমিক রিসার্চ গ্রুপের (ইআরজি) পরিচালক সাজ্জাদ জহির, ভারতের মাইক্রো ক্রেডিট রেটিংস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সঞ্জয় সিনহা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত, কনসালটেটিভ গ্রুপ টু এসিস্ট দি পুওরের (সিজিএপি) প্রধান বিশেষজ্ঞ স্টিফেন রাসমুসেন, নাসা ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক। কর্মশালায় সভাপতিত্ব করেন ওয়াহিদউদ্দিন মাহমুদ। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ক্ষুদ্রঋণ কার্যক্রমের লেনদেন সব সময়ই স্বচ্ছতার সঙ্গে হয়ে থাকে। স্থানীয় লোকজন সবাই জানে, কী পরিমাণ ঋণ কোথায় দেওয়া হলো। কিন্তু প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় লেনদেনে গোপনীয়তা থাকে। ওয়াহিদউদ্দিন অভিমত দেন, বেসরকারি সংস্থাগুলো (এনজিও) হয়তো দুর্নীতিগ্রস্ত হতে পারে। কিন্তু লাখ লাখ ঋণগ্রহীতার কেউ অভিযোগ করতে পারবে না, তাঁকে তিন হাজার টাকার পরিবর্তে কম দেওয়া হয়েছে। এ ছাড়া ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম দরিদ্র মানুষকে সঞ্চয়ী করে তুলছে। ক্ষুদ্রঋণের সমালোচনা সম্পর্কে ওয়াহিদউদ্দিন বলেন, দেশের জ্ঞানী লোকেরা দুই ভাবে বিভক্ত। কেউ ক্ষুদ্রঋণের পক্ষে, আবার কেউ বিপক্ষে। কিন্তু লাখ লাখ অতিদরিদ্র লোককে ঋণ কিংবা সঞ্চয় করার সুযোগ অন্য খাত দেবে কি না, তা নিয়ে সেভাবে কেউ কিছু বলছেন না। ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, ক্ষুদ্রঋণ দারিদ্র্য বিমোচনে সহায়তা করতে পারে। কিন্তু এটা কোনো ম্যাজিক নয়। ক্ষুদ্রঋণ হলো একটি কৌশল, যাতে দরিদ্ররা ঋণ পায়, সঞ্চয় করার সুযোগ করে দেয়। হোসেন জিল্লুর রহমান বলেন, ক্ষুদ্র অর্থায়ন শুধু অর্থনৈতিক বিষয় নয়, এটি সামাজিক-রাজনৈতিক বিষয়ও। কেননা, এই কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর দরিদ্র পরিবারগুলোর সামাজিক নিরাপত্তা বাড়ছে, দারিদ্র্য বিমোচন হচ্ছে, নারীর ক্ষমতায়ন হচ্ছে। হোসেন জিল্লুর রহমান আরও জানান, আমলাতান্ত্রিক জটিলতায় ক্ষুদ্রঋণের সব সুফল অতিদরিদ্রদের কাছে পৌঁছানো যাচ্ছে না। হোসেন জিল্লুর এনজিওগুলোর ক্ষুদ্রঋণ কার্যক্রম তথা সম্পদের ব্যবস্থাপনা পরিচালনায় নিজস্ব উদ্ভাবনী প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ করেন। সাজ্জাদ জহির বলেন, ক্ষুদ্রঋণের সুদের হার নিয়ে প্রশ্ন উঠছে। তবে এর সুদের হার চাহিদানির্ভর হওয়া উচিত। তিনি দরিদ্র তহবিল, সংসদীয় নীতি, বাণিজ্যিক ব্যাংকগুলোর সম্পৃক্ততাসহ ক্ষুদ্র অর্থায়নের বিভিন্ন মাত্রা সম্পর্কে আলোকপাত করেন। সৈয়দ এম হাশেমী তাঁর মূল প্রবন্ধে ক্ষুদ্র অর্থায়নের সুদের হারের সীমা নির্ধারণ না করে অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে উপকারভোগীদের সুরক্ষাসেবা নিশ্চিত করা, আর্থিক খাত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও বিভিন্ন মাশুল আরোপে অধিকতর স্বচ্ছতা আনার ওপর সুপারিশ করেন।মূল প্রবন্ধে বলা হয়, দেশের ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলো প্রায় দুই কোটি দরিদ্র জনগোষ্ঠীর কাছে আর্থিক সেবা পৌঁছাতে পেরেছে।