ক্ষুদ্রঋণ কার্যক্রমকে এগিয়ে নিতে পরিবর্তন আনতে হবে: খলীকুজ্জমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারিদ্র্য বিমোচনের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু হলেও দ্রুত সম্প্রসারণের কারণে ক্ষুদ্রঋণ নিয়ে সংকট তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে ঋণের জোগানদাতাদের ব্যক্তিগত লাভের বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। এ পরিস্থিতিতে ক্ষুদ্রঋণ কার্যক্রমকে আরও ব্যাপকভাবে এগিয়ে নিতে হলে ব্যবস্থাটিতে পরিবর্তন আনতে হবে।পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগী সংস্থাগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ আজ রোববার এসব কথা বলেন। তিনি বলেন, ‘১৯৭৪-৭৫ সালের দিকে এ দেশে ক্ষুদ্রঋণের যাত্রা শুরু। ৮০-এর দশকে এসে এটি বিস্তার লাভ করে। ৯০-এর দশকে ক্ষুদ্রঋণের ব্যাপক বিস্তার ঘটে। যখন কোনো কিছু বড় হয়ে যায়, তখন অনেক নতুন জিনিস প্রবেশ করে। সেই অবস্থা থেকে বিষয়টিকে এগিয়ে নিতে হলে পরিবর্তনের প্রয়োজন। আর এটা করতে গেলে এখন আমরা কী করছি, সেটা ভালোমতো জানতে হবে।’খলীকুজ্জমান বলেন, ‘ক্ষুদ্রঋণ ব্যবস্থায় পরিবর্তনের জন্য বিদেশে বিভিন্ন ধরনের গবেষণা চলছে। কিন্তু এ ব্যবস্থাটির পথিকৃত্ হিসেবে পরিবর্তনের পথিকৃত্ও আমাদের হতে হবে। তবে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে, যেন ক্ষুদ্রঋণ যাঁরা নিচ্ছেন, তাঁদের যেমন উপকার হয়, তেমনি যাঁরা ঋণ জোগান দিচ্ছেন, তাঁরাও যাতে টেকসই হতে পারেন। কারণ ঋণ জোগানদাতারা টেকসই না হলে অর্থের সরবরাহ কমে যাবে। এটা মাথায় রেখেই নীতিমালা পরিবর্তন আনতে হবে।’রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কাজী মেসবাহউদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য দেন পিকেএসএফের উপব্যবস্থাপনা পরিচালক পারভীন মাহমুদ।স্বাগত বক্তব্যে পারভীন মাহমুদ মতবিনিময় সভায় উদ্দেশ্য তুলে ধরে বলেন, পিকেএসএফ তার সহযোগী সংস্থাগুলোকে সঙ্গে নিয়ে এর কার্যপরিধি সম্প্রসারণ ও পুনর্বিন্যাস করে সমন্বিত উন্নয়ন ধারণার আঙ্গিকে মানবসক্ষমতা বৃদ্ধি, টেকসই কর্মসংস্থান সৃষ্টি, অর্থপ্রবাহ অব্যাহত রেখে দেশের দারিদ্র্য দূরীকরণে বিশেষ ভূমিকা রাখতে দৃঢ় সংকল্প।কাজী মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ক্ষুদ্রঋণের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে একটা ভূমিকা রয়েছে। কিন্তু প্রবৃদ্ধিই দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখতে পারে না। প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের মধ্যে একটা যোগাযোগ স্থাপিত না হলে দেশের অর্থনৈতিক অগ্রগতি সাধিত হবে না।মতবিনিময় সভায় পিকেএসএফের সারা দেশ থেকে ১৯৮টি সহযোগী সংস্থার প্রধান নির্বাহীরা অংশ নেন।