ক্ষুদ্রঋণ গ্রহীতাদের টাকায় ব্যাংক প্রতিষ্ঠার আহ্বান
ক্ষুদ্রঋণ গ্রহীতাদের টাকায় তাঁদের জন্য একটি ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি বলেছেন, যদি ২০ লাখ ঋণগ্রহীতার কাছ থেকে দুই হাজার টাকা করে মূলধন সংগ্রহ করা হয়, তাতে ৪০০ কোটি টাকা জোগাড় করা সম্ভব। আর একটি ব্যাংক প্রতিষ্ঠায় এখন ৪০০ কোটি টাকার মূলধন লাগে।
ফরাসউদ্দিনের মতে, দেশের দুই কোটির বেশি ক্ষুদ্রঋণ গ্রহীতার কাছ থেকে ৪০০ কোটি টাকা মূলধন সংগ্রহ করা মোটেই কঠিন কোনো কাজ নয়। গতকাল রোববার ক্ষুদ্রঋণবিষয়ক দিনব্যাপী জাতীয় সম্মেলনের একটি কর্ম-অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এ সময় তিনি ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা নিশ্চিত করারও দাবি জানান। তিনি আরও বলেন, গ্রামের নারীদের উন্নয়ন ও সাবেক এক মন্ত্রীর একচেটিয়া ব্যবসা বন্ধে গ্রামীণফোনকে লাইসেন্স দেওয়া হয়েছিল। লভ্যাংশের মাধ্যমে হাজার কোটি টাকা বিদেশে গেলেও গ্রামের নারীরা কোনো উপকার পাননি।
ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক সংস্থা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি বা এমআরএ, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন বা পিকেএসএফ ও ইনস্টিটিউট অব মাইক্রোফিন্যান্স বা আইএনএম যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ছিল দুই দিনব্যাপী এ সম্মেলনের সমাপনী অনুষ্ঠান।
পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিশেষ অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
অনুষ্ঠানে চার মন্ত্রী দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে ক্ষুদ্রঋণের অবদানের বিষয়ে একমত হলেও কিছু বিষয়ে ভিন্ন ভিন্ন মত দেন। তবে ক্ষুদ্রঋণকে বাণিজ্যিকভাবে ব্যবহার না করার বিষয়ে একমত পোষণ করেন তাঁরা।
আমির হোসেন আমু বলেন, ক্ষুদ্রঋণ খাতে চাহিদার চেয়ে অর্থের জোগান সীমিত, যা ছোট ছোট ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের কার্যক্রমের গতি শ্লথ করে দিচ্ছে। বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিওগুলো যেন বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
রাশেদ খান মেনন বলেন, ক্ষুদ্রঋণকে সামাজিক অগ্রগতির কাজে লাগাতে হবে। এ ঋণ দেশের গরিব মানুষকে অস্তিত্ব দিয়েছে। তবে গ্রামীণ ব্যাংক, ব্র্যাক ও আশা ক্ষুদ্রঋণকে বাণিজ্যিকীকরণ করেছে।
হাসানুল হক ইনু বলেন, ক্ষুদ্রঋণ যদি ঋণগ্রহীতাদের আত্মনির্ভরশীল করতে না পারে, তাহলে ঋণনির্ভরতার একটি দুঃসহ চক্র গড়ে উঠবে।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ক্ষুদ্রঋণ দিয়ে ঋণগ্রহীতা দরিদ্র মানুষকে স্বাবলম্বী করা যাবে—এমন ধারণাটাই ভুল।