ক্ষুদ্রঋণ গ্রাহকদের আমানত সুরক্ষা দিতে তহবিল হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ক্ষুদ্রঋণ গ্রাহকদের আমানতের নিরাপত্তা দিতে সরকার একটি তহবিল গঠন করতে যাচ্ছে। এর নাম হবে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের আমানতকারী নিরাপত্তা তহবিল।
কোনো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান কার্যক্রম গুটিয়ে নিলে বা অবসায়িত হলে অথবা দেউলিয়া হয়ে গেলে ওই প্রতিষ্ঠানে রাখা আমানত বর্তমানে ফেরত পান না গ্রাহকেরা। একই পরিস্থিতিতে গ্রাহকেরা যাতে জমা টাকা ফেরত পান, সেই উদ্দেশ্যেই গঠন করা হচ্ছে এই তহবিল।
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) গত বৃহস্পতিবার এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
ক্ষুদ্রঋণ নিয়ে গবেষণা করা সংস্থা ইনস্টিটিউট অব মাইক্রোফিন্যান্সের (আইএনএম) নির্বাহী পরিচালক এম এ বাকী খলীলী সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান।
প্রজ্ঞাপনে বলা হয়, এমআরএ থেকে নিবন্ধন নেওয়া প্রতিষ্ঠানগুলো বার্ষিক ভিত্তিতে এই তহবিলে টাকা জমা রাখবে। সংস্থাটি থেকে প্রতিষ্ঠানগুলো যেদিনই ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার সনদ পাবে, সেদিন থেকেই তারা নিরাপত্তা তহবিলের আওতাভুক্ত হবে। এমআরএ থেকে এ পর্যন্ত ৬৯৬টি প্রতিষ্ঠান নিবন্ধন নিয়েছে।
সাধারণত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোতে বাধ্যতামূলক, স্বেচ্ছা ও মেয়াদি—এই তিন ধরনের আমানত রাখেন গ্রাহকেরা। বলা হয়েছে, তিন আমানতের স্থিতির সমষ্টিকে নিরাপত্তার মধ্যে নিয়ে আসতে হবে। তার মানে আমানতকারীদের প্রকৃত বা নিট আমানতের একটি অংশ তহবিলে মাশুল বা ফি আকারে দিতে হবে।
তহবিল সংরক্ষণ ও পরিচালনা করবে পরিচালনা পর্ষদ। পর্ষদের সদস্যসচিব ও এমআরএর একজন কর্মকর্তার যৌথ স্বাক্ষরে হিসাব পরিচালিত হবে। সরকার অনুমোদিত খাতে বিনিয়োগ করা যাবে তহবিলের অর্থ।
তহবিলের আয়ের উৎস সম্পর্কে বলা হয়েছে, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মাশুল, তহবিলের অর্থ কোথাও বিনিয়োগ করলে সেই বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়, কোনো অবসায়িত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত আয় এবং অন্য কোনো উৎস থেকে আয়। যদিও ‘অন্য কোনো উৎসের’ কোনো ব্যাখ্যা দেওয়া নেই।
ঝুঁকির মাত্রা বিবেচনায় ক, খ, গ ও ঘ—এই চার শ্রেণিতে মাশুলের হার নির্ধারণ করা হয়েছে। ন্যূনতম ঝুঁকিপূর্ণ ক-শ্রেণির মাশুল দশমিক শূন্য ৬ শতাংশ, কম ঝুঁকিপূর্ণ খ-শ্রেণির মাশুল দশমিক ১০ শতাংশ, মধ্যম ঝুঁকিপূর্ণ গ-শ্রেণির মাশুল দশমিক ১৫ শতাংশ এবং উচ্চ ঝুঁকিপূর্ণ ঘ-শ্রেণির দশমিক ২০ শতাংশ। জুনভিত্তিক তথ্যের ভিত্তিতে প্রতিবছর শ্রেণি ও মাশুলের হার বাড়বে-কমবে।
কোনো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান মাশুল দিতে না পারলে ওই প্রতিষ্ঠানের আমানত সংগ্রহ বন্ধ করে দিতে পারবে সরকার। দেউলিয়া ঘোষিত বা অবসায়িত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রত্যেক আমানতকারীকে তাঁর আমানতের সমপরিমাণ অর্থ (সর্বোচ্চ সাড়ে তিন হাজার টাকা) তহবিল থেকে দেওয়া হবে।
এমআরএ সূত্রে জানা গেছে, দেশের ক্ষুদ্রঋণ গ্রাহকদের মোট আমানত ২০ হাজার কোটি টাকার বেশি। এর মধ্যে ৮০ শতাংশ আমানতই গ্রাহকদের সাড়ে তিন হাজার টাকা করে।
এমআরএর নির্বাহী ভাইস চেয়ারম্যান খন্দকার মাজহারুল হক প্রথম আলোকে বলেন, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের গ্রাহকদের স্বার্থরক্ষায় এ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দরিদ্র গ্রাহকেরা উপকৃত হবেন বলে তিনি মনে করেন।
তহবিল কবে গঠিত হবে, জানতে চাইলে খন্দকার মাজহারুল বলেন, ‘প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১ জুলাই তা চালু করা সম্ভব।’ তিনি আরও বলেন, ‘তবে এতে ঝুঁকির দিকও আছে। ছোট ছোট ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের টিকে থাকার বিষয়টি যেন বাধাগ্রস্ত না হয়। প্রাকৃতিক দুর্যোগেরও শিকার হতে পারে অনেক ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান। তাদের জন্য সর্বোত্তম বিকল্প নিয়েও ভাবার প্রয়োজন।’