ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে করারোপ হলে দরিদ্ররা ক্ষতিগ্রস্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর আয়ের ওপর ১০ শতাংশ হারে করারোপ হলে ঋণগ্রহীতারা ক্ষতিগ্রস্ত হবে। কারণ তঁাদের উচ্চমূল্য দিতে হবে, এমনকি অতি দরিদ্ররা ক্ষুদ্রঋণ কর্মসূচি থেকে ছিটকে পড়তে পারেন। এ ছাড়া করারোপ হলে এ খাত তহবিল সংকটে পড়বে।
ক্ষুদ্রঋণ কাজের সঙ্গে জড়িত বিভিন্ন সংগঠনের নেতারা এমন দাবি জানিয়েছেন। তাঁরা বলছেন, ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠান অলাভজনক। এই প্রতিষ্ঠানগুলোর উদ্বৃত্ত আয় পুনরায় ঋণ হিসেবে বিতরণ করা হয়। এ ক্ষেত্রে করারোপ হলে ঋণপ্রবাহ কমে যাবে।
ক্ষুদ্রঋণের আয়ের ওপর আয়কর ধার্যের প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করে তা বাতিলের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গতকাল রোববার ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ), ফেডারেশন অব এনজিও ইন বাংলাদেশ (এফএনবি) এবং ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক অব অল্টারনেটিভ ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন (ইনাফি) সম্মিলিতভাবে এক সংবাদ সম্মেলন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিডিএফের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন।
আগামী ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর আয়ের ওপর ১০ শতাংশ হারে কর আরোপের প্রস্তাব করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথম আলোসহ একাধিক গণমাধ্যমে ইতিমধ্যে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই করারোপের পক্ষে এনবিআরের এক কর্মকর্তার বক্তব্য, ২০-২৫ বছর ধরে এই ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানকে কর অব্যাহতি দিয়ে এ খাতটিকে সম্প্রসারণের সুযোগ দেওয়া হয়েছে। একটি খাতকে অনন্তকাল ধরে কর অব্যাহতি দেওয়া উচিত নয়। এ ছাড়া করের আওতায় এলে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি আরও বাড়বে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ক্ষদ্রঋণ নিয়ন্ত্রণকারী সংস্থা (এমআরএ) থেকে সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের সংখ্যা ৭০০। আর এসব প্রতিষ্ঠান গত মাস পর্যন্ত সারা দেশে আড়াই কোটি মানুষের মধ্যে প্রায় ৪০ হাজার কোটি টাকার ঋণ বিতরণ করেছে। ঋণগ্রহীতারা এই টাকা দিয়ে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আর্থসামাজিক উন্নয়নে প্রত্যক্ষভাবে অংশ নিচ্ছেন।
মোশাররফ হোসেন বলেন, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো আইনত অলাভজনক। এসব উন্নয়ন প্রতিষ্ঠানের উদ্বৃত্ত আয় বা মুনাফা উদ্যোক্তারা নিতে পারেন না। পুনরায় এই অর্থ বিনিয়োগ হয়। এ জন্য সরকার আয়কর আইন অনুযায়ী ক্ষুদ্রঋণের আয়কে ‘করবহির্ভূত আয়’ হিসেবে গত ১০ বছর ধরে অন্তর্ভুক্ত করে রেখেছে।
তবে কি অনন্তকাল ধরে এ খাত কর রেয়াত পেয়ে আসবে? এমন প্রশ্নের জবাবে সিডিএফের ভাইস চেয়ারম্যান মো. এমরানুল হক চৌধুরী বলেন, ক্ষুদ্রঋণ একটি সেবা খাত। সরকারের কাছ থেকে যে সেবা জনগণ পায় না কিংবা মহাজনদের কাছ থেকে উচ্চসুদে ঋণ নিতে হয়। প্রতিষ্ঠানগুলো সহজ কিস্তিতে এই সেবা দিয়ে থাকে।
করারোপ হলে ছোট অঙ্কের ঋণ দেওয়ার প্রবণতা বাড়বে কি না—জানতে চাইলে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার নির্বাহী সহসভাপতি মো. ফয়জার রহমান বলেন, ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলো এমআরএ দ্বারা নিয়ন্ত্রিত হয়। ফলে ইচ্ছা করলেই বড় অঙ্কের ঋণ দেওয়ার সুযোগ নেই।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিডিএফের নির্বাহী পরিচালক মো. আবদুল আওয়াল, এফএনবির পরিচালক এম তাজুল ইসলাম, ইনাফির নির্বাহী পরিচালক আতিকুন নবি, ব্র্যাকের জ্যেষ্ঠ পরিচালক আসিফ সালেহ প্রমুখ।
সংশোধনী: গত শুক্রবার প্রথম আলোর অর্থ ও বাণিজ্য পাতায় প্রকাশিত ‘করের আওতায় আসতে পারে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর আয়ের ওপর ১ শতাংশ হারে আয়কর আরোপের প্রস্তাব করতে যাচ্ছে এনবিআর। প্রকৃতপক্ষে এটি ১০ শতাংশ হবে।