ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের লিয়াজোঁ অফিস স্থাপনে কড়াকড়ি
গ্রাহকদের সঞ্চয়ের অর্থে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর লিয়াজোঁ অফিস স্থাপনে কড়াকড়ি আরোপ করেছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটি (এমআরএ)।
এমআরএ সম্প্রতি সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) উদ্দেশে এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছে।
এমআরএর পরিদর্শন প্রতিবেদনে উঠে এসেছে, কোনো কোনো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান তাদের প্রধান কার্যালয়ের বাইরে ঢাকা বা ঢাকার আশপাশে লিয়াজোঁ অফিস স্থাপন করেছে। এসব অফিস পরিচালনার ব্যয় নির্বাহ করা হচ্ছে প্রতিষ্ঠানগুলোর ক্ষুদ্রঋণ খাত থেকে।
চিঠিতে বলা হয়েছে, এভাবে অফিস পরিচালনার নামে ক্ষুদ্রঋণের অর্থ অপ্রয়োজনীয়ভাবে ব্যয় করা সমীচীন নয়।
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটি বিধিমালা, ২০১০-এর বিধি ৯(১) অনুযায়ী, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে সিইওরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। ধারাটি উল্লেখ করে এমআরএ বলেছে, ‘লক্ষ্য করা যাচ্ছে যে, সিইওরা লিয়াজোঁ অফিসেও দীর্ঘদিন অবস্থান করছেন।’
এমআরএর চিঠিতে এ-ও বলা হয়, প্রাথমিক নিবন্ধনকারী কর্তৃপক্ষ, এমআরএ, অর্থায়নকারী সংস্থা, দাতা সংস্থাসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের জন্যই লিয়াজোঁ অফিস স্থাপন করা হয়ে থাকে।
কিন্তু গ্রাহকের সঞ্চয় বা প্রতিষ্ঠানের মুনাফার টাকায় এসব লিয়াজোঁ অফিস পরিচালিত হওয়ার কারণেই আপত্তি সংস্থাটির।
ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে লিয়াজোঁ অফিস স্থাপন বন্ধের কথা জানিয়ে এমআরএ বলেছে, ‘লিয়াজোঁ অফিস থাকলেও ক্ষুদ্রঋণ খাত থেকে ব্যয় নির্বাহ না করার পরামর্শ দেওয়া হলো।’
সিইওরা যাতে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে অবস্থান করে বিধি মোতাবেক দায়িত্ব পালন করেন, সে ব্যাপারেও পরামর্শ দেয় এমআরএ।
তবে কী পরিমাণ প্রতিষ্ঠান এ ধরনের লিয়াজোঁ অফিস স্থাপন করে গ্রাহকদের সঞ্চয় বা প্রতিষ্ঠানের মুনাফার অর্থ ব্যয় নির্বাহ করছে—সে হিসাব এমআরএর কাছে নেই। ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্য এবং এ খাতে সুশাসন বজায় রাখার স্বার্থে বাংলাদেশ ব্যাংকের মতো অনসাইট এবং অফসাইট তদারকি করে থাকে এমআরএ।
জানতে চাইলে এমআরএর নির্বাহী ভাইস চেয়ারম্যান অমলেন্দু মুখার্জি গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘লিয়াজোঁ অফিস স্থাপনই করা যাবে না, আমরা সেটা বলিনি। বলেছি, গ্রাহকের সঞ্চয় বা প্রতিষ্ঠানের পরিচালন মুনাফার অর্থে এসব অফিসের ব্যয় চালানো যাবে না।’
অমলেন্দু মুখার্জির সঙ্গে অবশ্য পুরোপুরি একমত নন ইনস্টিটিউট অব মাইক্রোফিন্যান্সের (আইএনএম) সাবেক নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সাবেক অধ্যাপক এম এ বাকী খলীলী।
বাকী খলীলী প্রথম আলোকে বলেন, ‘গ্রাহকের সঞ্চয় রক্ষার জন্যই এমআরএর জন্ম। এই বিবেচনা থেকে এমআরএর চিঠিটি ঠিকই আছে। কিন্তু প্রতিষ্ঠানের আয় থেকে লিয়াজোঁ অফিসের ব্যয় নির্বাহ হবে—এটাই তো স্বাভাবিক।’
উল্লেখ্য, ২০০৬ সালে গঠিত হওয়ার পর থেকে এমআরএ গত ডিসেম্বর পর্যন্ত ৬৯৩টি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানকে সনদ দেয়।