ক্ষুদ্রঋণ বিতরণ করছে সমবায় সমিতিগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ১১ হাজার ১২টি ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী সমবায় সমিতি পাঁচ হাজার ৩৪৯ কোটি ৩৫ লাখ টাকার ক্ষুদ্রঋণ বিতরণ করেছে। ২০১১-১২ অর্থবছরে এই ঋণ বিতরণ করা হয়।সারা দেশের ১৬ লাখ ৮৫ হাজার ৯৯৫ জন মানুষ এ ঋণ পেয়েছেন। সমবায় অধিদপ্তর থেকে এসব তথ্য জানা গেছে। ক্ষুদ্রঋণ দানকারী এসব সমবায় সমিতি সমবায় অধিদপ্তরে নিবন্ধিত।অধিদপ্তর বলছে, সমবায় সমিতির এই ক্ষুদ্রঋণ বিভিন্ন খাতে বিনিয়োগ হচ্ছে। তবে ছড়িয়ে-ছিটিয়ে থাকায় সমিতিগুলো এককভাবে বড় কোনো খাতে বিনিয়োগ করতে পারছে না। এ জন্য সরকারিভাবে উদ্যোগ নেওয়া প্রয়োজন।ক্ষুদ্রঋণদান চিত্র: সমবায় অধিদপ্তরের তথ্যে দেখা যায়, ঢাকা বিভাগের তিন হাজার ৮৪৬টি সমবায় সমিতি দুই হাজার ৩৪৫ কোটি ৩৫ লাখ টাকার ক্ষুদ্রঋণ বিতরণ করেছে। এ ঋণ পেয়েছেন চার লাখ ৬২ হাজার ৭৩৭ জন।চট্টগ্রাম বিভাগে দুই হাজার ৯৫২টি সমিতি ঋণ দিয়েছে এক হাজার ৭০৪ কোটি ৫৮ লাখ টাকার। ঋণ পেয়েছেন তিন লাখ ৭৪ হাজার ২৫৪ জন।রাজশাহী বিভাগের এক হাজার ৬০৪টি সমিতি বিতরণ করেছে ১০৭ কোটি ২১ লাখ টাকার ঋণ। পেয়েছেন ৯৮ হাজার ৯০৩ জন।খুলনা বিভাগের ৯৭২টি সমবায় সমিতি ২৫৫ কোটি ৬৮ লাখ টাকার ক্ষুদ্রঋণ বিতরণ করেছে। এক লাখ ৭০ হাজার ৯২৩ জন এ ঋণ নিয়েছেন।বরিশাল বিভাগের অধীন এক হাজার ৫০টি সমবায় সমিতি ঋণ দিয়েছে ১৪০ কোটি ৬৫ লাখ টাকা। পেয়েছেন ৯১ হাজার ৮০৪ জন।সিলেট বিভাগ অবশ্য এ ক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছে। এই বিভাগের ১৬২টি সমবায় সমিতি এ সময় ঋণ দিয়েছে ১৪ কোটি ১১ লাখ টাকা। পেয়েছেন ১০ হাজার ৪৩২ জন।রংপুর বিভাগের অধীন ৪১৯টি সমবায় সমিতি গত অর্থবছরে ঋণ বিতরণ করেছে ১০১ কোটি এক লাখ টাকার। এ ঋণ নিয়েছেন ৫১ হাজার ৭৯০ জন।সারা দেশেই ক্ষুদ্রঋণ বিতরণ করে থাকে—এমন সমবায় সমিতি আছে সাতটি। এই সমিতিগুলো গত অর্থবছরে ৬৮০ কোটি ৫৮ লাখ টাকা ঋণ দিয়েছে। ঋণ পেয়েছেন চার লাখ ২৫ হাজার ১৫১ জন।সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক অমিয় কুমার চট্টপাধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আমরা ১১ হাজার ১২টি সমবায় সমিতিকে চিহ্নিত করেছি, যারা ক্ষুদ্রঋণ দিয়ে থাকে। হয়তো আরও কিছু সমিতি এমন ঋণ দেয়। কিন্তু মাঠপর্যায়ে সেগুলো এখনো চিহ্নিত করা যায়নি।’প্রয়োজন বড় বিনিয়োগ: জাতীয় সংসদে চলতি ২০১২-১৩ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা বছরে দুই হাজার দুই কোটি টাকার ক্ষুদ্রঋণ বিতরণ করেছে। সরকারের পাশাপাশি পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), ব্র্যাক, গ্রামীণব্যাংকসহ বিভিন্ন এনজিও বছরে প্রায় ৩১ হাজার ৩৪৩ কোটি টাকা ক্ষুদ্রঋণ বিতরণ করেছে।’এই পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, সরকারিভাবে গত অর্থবছরে যত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে, তার দ্বিগুণ ঋণ বিতরণ করেছে ক্ষুদ্রঋণ দানকারী সমবায় সমিতিগুলো। কিন্তু এই ঋণের বিষয়টি সম্পর্কে সেভাবে জানা যায়নি। কেননা, বড় কোনো খাতে এ অর্থ বিনিয়োগ হচ্ছে না।অমিয় কুমার চট্টপাধ্যায় বলেন, ‘ক্ষুদ্রঋণ দানকারী এসব সমবায় সমিতি ক্ষুদ্র খাতে বিনিয়োগ করছে। বড় কোনো খাতে এ অর্থ বিনিয়োগ হচ্ছে না। অবশ্য বড় বিনিয়োগ হওয়ার সুযোগও কম। কারণ, সমিতিগুলো একে অপর থেকে বিচ্ছিন্ন।’সমবায় সমিতিগুলোর এই ক্ষুদ্রঋণ থেকে বড় খাতে কীভাবে বিনিয়োগ করা যায় সে বিষয়ে একটি পরামর্শ দেন অমিয় কুমার। তাঁর মতে, সরকার একটি খাতভিত্তিক তহবিল গঠন করে সমবায় সমিতিগুলোকে বলে দিতে পারে যে, নির্দিষ্ট পরিমাণ অর্থ ওই তহবিলে সংরক্ষিত (রিজার্ভ) রাখতে হবে। তাহলে বছর শেষে দেখা যাবে, ওই সংরক্ষিত অর্থ থেকে একটি বড় ধরনের তহবিল হয়ে গেছে। আর ওই তহবিল দিয়ে সরকারের মাধ্যমে বড় খাতে বিনিয়োগ করা যেতে পারে।