ক্ষুদ্রঋণ বিতরণকারীদের আলাদা ব্যাংক গঠনের পরামর্শ গভর্নরের
ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলো (এমএফআই) আরও টেকসই হতে যৌথ কিংবা এককভাবে ব্যাংক গঠন করতে পারে বলে মত দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। তিনি ঋণগ্রহীতাদের স্বচ্ছতার জন্য এ খাতে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) প্রতিষ্ঠারও পরামর্শ দেন।রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল বুধবার এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন। ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ (এমআরএ) ও ইনস্টিটিউট অব মাইক্রো ফাইন্যান্স (আইএনএম) যৌথভাবে সেমিনারটির আয়োজন করে। এমআরএর বিধিবিধানের প্রভাব নিয়ে এ সেমিনারের আয়োজন করা হয়। পল্লী-কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও আইএনএমের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহাবুব হোসেন, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হাসান জামান, এমআরএর নির্বাহী ভাইস চেয়ারম্যান খন্দকার মাজহারুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম।গভর্নর বলেন, দেশে আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মকাণ্ড সম্প্রসারণে ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলো অনেক ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এ জন্য এমএফআই আরও বেশি টেকসই হওয়া দরকার। এসব প্রতিষ্ঠান মিলে একটি এমএফআই ব্যাংক গঠনের চিন্তা করতে পারে, যাতে তারা ঋণ বিতরণের পাশাপাশি আমানত গ্রহণেরও সুযোগ পায়। এককভাবে সম্ভব না হলে অনেকগুলো প্রতিষ্ঠান মিলে এ ধরনের উদ্যোগ নিতে পারে। তবে এই পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নয়, নিজের ব্যক্তিগত বলে তিনি উল্লেখ করেন।আতিউর রহমান আরও বলেন, আশির দশকের ২০০ কোটি টাকার ক্ষুদ্রঋণ খাত এখন ৩০ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। এই খাতে সঞ্চয়ের পরিমাণও প্রায় ২০ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। খাতটির আওতা বাড়ার সঙ্গে সঙ্গে এর স্বচ্ছতার বিষয়টিও সামনে আসছে। সে জন্য একই ব্যক্তি কোনো প্রতিষ্ঠানের কিস্তি খেলাপি হয়ে যাতে অন্য প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে না পারেন, সে জন্য সিআইবি প্রতিষ্ঠা করা যেতে পারে। কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, দেশে দারিদ্র্য বিমোচনে এমএফআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি গভর্নরের প্রস্তাব সমর্থন করে বলেন, নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে ক্ষুদ্রঋণ বিতরণকারী বড় প্রতিষ্ঠানগুলো মিলে একটি এমএফআই ব্যাংক গঠন করতে পারে।