ক্ষুদ্রঋণ বিধিমালা বিভিন্ন দেশে বিভিন্নভাবে হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণ বিধিমালা তৈরিতে বিভিন্ন দেশ বিভিন্ন পন্থায় অগ্রসর হয়েছে। বাংলাদেশে সম্পূর্ণ নতুন আইন তৈরি করে পৃথক নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে আইনটি বাস্তবায়নের কাজ চলছে। কম্বোডিয়ায় ব্যাংকিং খাতের নীতিমালা সংশোধন করে কেন্দ্রীয় ব্যাংকের আওতায় ক্ষুদ্রঋণ কার্যক্রম নিয়ন্ত্রণ করা হচ্ছে। মাইক্রোফিন্যান্স রেগুলেশনস ফর ডেভেলপমেন্ট—গ্লোবাল এক্সপেরিয়েন্স শীর্ষক গ্রন্থে ক্ষুদ্রঋণের বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করতে গিয়ে এসব কথা বলা হয়েছে। গতকাল শনিবার সকালে ঢাকায় সিরডাপ মিলনায়তনে এই বইটির আনুষ্ঠানিক প্রকাশনা ও মোড়ক উন্মোচন করা হয়। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) সহযোগিতায় ইউনিভার্সিটি প্রেস লিমিটেড বইটি প্রকাশ করেছে। বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমআরএর চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ, ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক এম এ বাকী খলীলী। সভাপতিত্ব করেন এমআরএমএর নির্বাহী ভাইস চেয়ারম্যান খন্দকার মাজহারুল হক। বিআইডিএসএর গবেষণা পরিচালক রুশিদান ইসলাম রহমান এবং বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক লীলা রশিদ এ বইটির সম্পাদনার কাজ করেছেন।অনুষ্ঠানে জানানো হয়, গত বছরের মার্চ মাসে ঢাকায় ক্ষুদ্রঋণবিষয়ক তিন দিনব্যাপী একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে বিশ্বের ২২টি দেশের প্রায় ২০০ জন প্রতিনিধি অংশ নেন। তাঁরা ক্ষুদ্রঋণের আইনকানুনসংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় করেন এবং এর সুফল ও সীমাবদ্ধতা তুলে ধরেন। সম্মেলনে উপস্থাপিত প্রবন্ধ এবং এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত সংকলন করে বইটি প্রণীত হয়েছে। মোট আটটি দেশের ১১টি প্রবন্ধ নিয়ে বইটি পাঁচটি ভাগে বিভক্ত।