দারিদ্র্য বিমোচনে সহায়তার লক্ষ্যে ক্ষুদ্রঋণ দিয়ে যাত্রা শুরু করলেও এখন ক্ষুদ্রঋণকেন্দ্রিক কর্মকাণ্ডের সীমা ছাড়িয়ে বৃহত্তর পরিসরে কর্মপরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে পল্লী-কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। দারিদ্র্য হ্রাসকে টেকসই করার জন্য স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষাসহ দরিদ্র মানুষের জীবন-জীবিকা ও মানব-মর্যাদাসংশ্লিষ্ট অন্যান্য অনুষঙ্গ নিয়ে সমন্বিত এই কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে ফাউন্ডেশন। পিকেএসএফের ২১ বছর পূর্তি উপলক্ষে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ। আগারগাঁওয়ে ফাউন্ডেশনের নিজস্ব ভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।খলীকুজ্জমান বলেন, ক্ষুদ্রঋণের মতো একটি মাত্র অনুষঙ্গ দিয়ে দারিদ্র্য নিরসন সম্ভব নয়। তাই পিকেএসএফ ক্ষুদ্রঋণের মতো মূল ভিত্তি থেকে সরে আসছে। এ জন্য সমন্বিত মানব উন্নয়ন ধারণার অনুসরণে পরিবারভিত্তিক সমন্বিত উন্নয়ন প্রক্রিয়া বাস্তবায়নের লক্ষ্যে ‘সমৃদ্ধি’ প্রকল্প গ্রহণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, পিকেএসএফ সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে ঋণ বিতরণ করে। ১৯৯১-৯২ অর্থবছরে মাত্র ৩০ লাখ টাকা দিয়ে শুরু করলেও গত অর্থবছরে ফাউন্ডেশন এক হাজার ৯৩০ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। বর্তমানে সহযোগী সংস্থার মাধ্যমে ধ্রুপদি ক্ষুদ্রঋণ হিসেবে সর্বোচ্চ ৩০ হাজার টাকা দেওয়া হয়। ২০০১ সাল থেকে ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের আওতায় সর্বোচ্চ ১০ লাখ টাকা ও চলতি মূলধন ঋণ দেওয়া হয়। গত ২১ বছরে পিকেএসএফ সহযোগী সংস্থাগুলোকে ১১ হাজার কোটি টাকার অধিক দীর্ঘ ও মধ্যমেয়াদি তহবিল সরবরাহ করেছে। পিকেএসএফের অধীনে ২৬৮টি সহযোগী সংস্থা আছে। এসব সংস্থার প্রায় সাত হাজার শাখার মাধ্যমে এক কোটি ৮৫ লাখ মানুষ ঋণ নিয়েছে। তাদের মধ্যে ৯৩ শতাংশ নারী। এ ছাড়া ফাউন্ডেশনের সহায়তাপুষ্ট কার্যক্রমে সহযোগী সংস্থাসমূহে প্রায় ৭০ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে।পিকেএসএফ ধ্রুপদি ক্ষুদ্রঋণ, ক্ষুদ্র উদ্যোগ, অতি দরিদ্রের জন্য, প্রান্তিক ও ক্ষুদ্র চাষি, মৌসুমি ও কৃষি খাত ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করে। এ ছাড়া প্রাণিসম্পদ উন্নয়ন, মঙ্গা নিরসন, উদ্ভাবনীমূলক কর্মকাণ্ড, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাতিষ্ঠানিক উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে। দরিদ্র মানুষের জন্য স্বাস্থ্য, পশুসম্পদ ও জীবনবিমা প্রদানের জন্য প্রকল্প হাতে নিয়েছে ফাউন্ডেশন। গত বছর পিকেএসএফ তৃণমূল পর্যায়ে দারিদ্র্য দূরীকরণ, টেকসই উন্নয়ন ও মানবিক বিকাশ নিশ্চিত করতে ‘দরিদ্র পরিবারের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি (সমৃদ্ধি)’ শীর্ষক নতুন কর্মসূচি শুরু করে। এর মাধ্যমে ‘একটি ইউনিয়ন একটি সহযোগী সংস্থা’ বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যে সমৃদ্ধি কর্মসূচিভুক্ত ২১টি ইউনিয়নের এক লাখ ১৭ হাজার ৬১৬টি খানার জরিপের কাজ শেষ হয়েছে। বর্তমানে ফাউন্ডেশনের ১১টি মূল কর্মসূচি ও পাঁচটি প্রকল্প চলমান আছে। এসব কর্মসূচির বাইরে বেশি দরিদ্রবান্ধব ও বহুমুখী-সহায়তা প্রদানের লক্ষ্যে ‘কর্মসূচি সহায়ক তহবিল’ গঠন করা হয়েছে। বর্তমানের ১০০ কোটি টাকার এই তহবিল ৫০০ কোটি টাকায় উন্নীত হবে। ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী মেসবাহউদ্দিন আহমেদ বলেন, সরকারের এক হাজার ৩১ কোটি টাকা অনুদান ও ১৪৩ কোটি টাকার ঋণ ও সহযোগী সংস্থাদের টাকায় যাত্রা শুরু করে পিকেএসএফ। বর্তমান নিজস্ব অর্থায়নেই চলছে। উপব্যবস্থাপনা পরিচালক জসিমউদ্দিন বলেন, ‘দারিদ্র্য নিরসনের জন্য এই ফাউন্ডেশনের সৃষ্টি হয়েছে। এর উল্টোটা যেন না হয় সে ব্যাপারে আমরা সচেষ্ট। এ জন্য ক্ষুদ্রঋণকে আমরা মানবিক করার চেষ্টা করেছি।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পিকেএসএফের উপব্যবস্থাপক ফজলুল কাদের, মহাব্যবস্থাপক শাব্বির আহমেদ, মো. তৌহিদুল ইসলাম, আবদুল খালেক মিয়া প্রমুখ।