দেশে এখন দ্বিতীয় প্রজন্মের ক্ষুদ্রঋণ কর্মসূচি চালু করতে হবে। এই কর্মসূচির আওতায় শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানকে গুরুত্ব দিয়ে টেকসই উন্নয়নের সমন্বিত পদক্ষেপ নিতে হবে। ইতিমধ্যে বাংলাদেশে সাফল্যের সঙ্গে প্রথম প্রজন্মের ক্ষুদ্রঋণ কর্মসূচি শেষ হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ দারিদ্র্য বিমোচনে সফলতা অর্জন করেছে।
ইনস্টিটিউট অব মাইক্রোফিন্যান্স (আইএনএম) আয়োজিত দুই দিনব্যাপী ‘ক্ষুদ্রঋণ ও উন্নয়ন’ শীর্ষক জাতীয় সম্মেলনের সমাপনী দিনে গতকাল রোববার বক্তারা এসব কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করা হয়। গত শনিবার সকালে এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে আইএনএমের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, দেশে ক্ষুদ্রঋণ কার্যক্রমের কারণে দারিদ্র্যের হার ৫ শতাংশ হারে কমেছে। এ ধরনের কার্যক্রম না থাকলে দারিদ্র্য ৫ শতাংশ হারে বৃদ্ধি পেত।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এতে আরও বক্তব্য দেন আইএনএমের নির্বাহী পরিচালক বাকী খলীলী, জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (জাইকা) প্রধান প্রতিনিধি টাকাও টোডা, ইউএনডিপির আবাসিক পরিচালক পলিন তামেসিস ও ডিএফআইডির জ্যেষ্ঠ নীতি উপদেষ্টা শাহনীলা তাজরিন আজহার।
অর্থমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, শুধু ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব নয়। দারিদ্র্য বিমোচন অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করে। তবে এটা ঠিক, দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে ক্ষুদ্রঋণ গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
অর্থমন্ত্রী আরও বলেন, ক্ষুদ্রঋণ শত বছরের পুরোনো একটি ধারণা। স্বতন্ত্র বা স্বাধীন উদ্যোক্তাদের হাত ধরে এই উপমহাদেশে ক্ষুদ্রঋণ কর্মসূচির বিস্তার ঘটেছে। বর্তমানে এ দেশে ক্ষুদ্রঋণ বিতরণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
সমাপনী দিনে সকালে কর্ম-অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। তিনি বলেন, আর্থিক খাতের ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে ঋণ তথ্য ব্যুরো বা ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) স্থাপন করা হয়েছে। তেমনিভাবে ক্ষুদ্রঋণ তথ্য ব্যুরো প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
সংশোধনী: প্রথম আলোর অর্থ বাণিজ্য পাতায় (পৃ-১৩) গতকাল ‘দেশের ৬৬% মানুষ আনুষ্ঠানিক ঋণসেবা পায়’ শীর্ষক প্রতিবেদনে আইএনএমের গবেষণা থেকে উদ্বৃত্ত করার ক্ষেত্রে কিছু তথ্যবিভ্রাট ঘটেছে। প্রতিবেদনে ঋণসেবা পাওয়ার ক্ষেত্রে ‘মানুষ’ ও ‘জনগোষ্ঠী’ উল্লেখ করা হলেও তা হবে ‘পরিবার’ বা ‘খানা’ (হাউজহোল্ড)। আর ‘আনুষ্ঠানিক ঋণসেবা’ নয়, বরং ‘যেকোনো ধরনের আর্থিক সেবা পাওয়ায়’ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।