ক্ষুদ্রঋণে প্রান্তিক উন্নতি হচ্ছে জনগোষ্ঠীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচলিত ব্যবস্থা থেকে যাঁদের ঋণ নেওয়ার সুযোগ ছিল না, তাঁরা এখন ক্ষুদ্রঋণ পাচ্ছেন। এর ফলে দেশে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং তাঁদের জীবনমানের উন্নতি হচ্ছে।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) রজতজয়ন্তী উপলক্ষে বর্ষব্যাপী আয়োজনের সমাপনী অনুষ্ঠানে গতকাল রোববার বক্তারা এ কথা বলেন। রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ১৯০৪ সালে সমবায় আইন প্রবর্তনের পর থেকেই এ দেশে ক্ষুদ্রঋণ ব্যবস্থা চালু হয়। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পর দেখা গেল, ক্ষুদ্রঋণ ব্যবস্থা কোনো একজনের একক চিন্তার ওপর ভিত্তি করে চলতে পারে না। তাই আশির দশকে অনেক প্রতিষ্ঠান ক্ষুদ্রঋণ বিতরণে এগিয়ে আসে। তিনি আরও বলেন, ‘ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের সংখ্যা বলা কঠিন। গ্রামপর্যায়ে অনেক প্রতিষ্ঠান ক্ষুদ্রঋণ দিচ্ছে। পিকেএসএফের হিসাবেই প্রায় ২০ হাজার এমন প্রতিষ্ঠান রয়েছে।’
আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আগামী দশকে আমরা আর গরিব অবস্থায় থাকব না। অতীতে এ দেশে অনেক গরিব ছিল। ক্ষুদ্রঋণ দিয়ে তাদের অনেকের সমস্যার সমাধান করা গেছে।’
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, এ দেশে দারিদ্র্য বিমোচনে পিকেএসএফ ভূমিকা রাখছে। তবে এখন প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নেও জোর দিতে হবে।
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেন, ‘আজ (গতকাল) মা দিবস। আগে আমরা দুই ঈদ ছাড়া অন্য কোনো দিন উৎসব করতে পারতাম না। এখন আমরা এসব দিবস পালন করছি। এর মানে হলো, মানুষের অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে, তাই এসব দিবস পালন করছি।’ তিনি আরও বলেন, নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। এতে দারিদ্র্য বিমোচন ত্বরান্বিত হবে।
পিকেএসএফের সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, টেকসই উন্নয়নের জন্য এখন অতিদরিদ্রদের দিকে বেশি মনোযোগী হতে হবে। তিনি জানান, পিকেএসএফের ‘সমৃদ্ধি’ প্রকল্পের মাধ্যমে দেশের ১৪৩টি ইউনিয়নের দরিদ্র মানুষকে এক লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম। এ ছাড়া পিকেএসএফের সহায়তা পেয়ে জীবনমানের উন্নতি হয়েছে এমন কয়েকজন নারী উদ্যোক্তাও বক্তব্য দেন।