ক্ষুদ্রঋণের উচ্চ সুদহার নিয়ে অর্থমন্ত্রী ও গভর্নরের দ্বিমত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্রঋণের জন্য উচ্চহারে সুদ আদায় ও ঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর অস্বচ্ছতার সমালোচনার মধ্য দিয়ে ক্ষুদ্রঋণ বিধিমালাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করা হয়েছে গতকাল সোমবার ঢাকায়। এতে অর্থমন্ত্রী ক্ষুদ্রঋণের চড়া সুদের সমালোচনা করলেও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কিছুটা দ্বিমত পোষণ করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ক্ষুদ্রঋণ বিতরণকারী অনেক প্রতিষ্ঠানের দক্ষতা ও স্বচ্ছতার অভাব রয়েছে। প্রতিষ্ঠানগুলো দরিদ্র মানুষের কাছ থেকে উচ্চহারে সুদ নেয়। দরিদ্ররা ঋণ থেকে মুক্ত হতে গিয়ে উল্টো ঋণের ফাঁদে পড়ে থাকে। তাই এসব প্রতিষ্ঠানের যথাযথ তদারকি দরকার।অন্যদিকে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, ‘ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলো সুদ ও মাশুল বেশি নিচ্ছে—এমন সমালোচনা প্রকৃত ঋণগ্রহীতাদের চেয়ে জনপ্রিয় রাজনীতিবিদদের কাছ থেকেই বেশি আসছে।’ ক্ষুদ্রঋণ কার্যক্রম তদারক করতে গিয়ে ব্যয় বাড়ছে আর সেই ব্যয় মেটাতেই সুদ বেড়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণবিধি: কে লাভবান?’ শীর্ষক তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা এসব কথা বলেন।আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ এবং ডিএফআইডি বাংলাদেশের কান্ট্রি প্রতিনিধি ক্রিস অস্টিন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘ক্ষুদ্রঋণ কার্যক্রমের ব্যাপক প্রসার ঘটেছে। তবে ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগও দেখা যায়। এগুলো হচ্ছে উচ্চ সুদের হার ও মাশুল, ঋণ-ফাঁদ, নিম্নমানের প্রযুক্তি ব্যবহার।’ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে দারিদ্র্যমুক্ত হওয়ার নজিরও কম বলে জানান অর্থমন্ত্রী। অথচ ক্ষুদ্রঋণ কার্যক্রম থেকে গরিবদের সুবিধা পাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, ‘এখন শুধু উন্নয়নশীল ও দরিদ্র দেশেই নয়, উন্নত দেশেও ক্ষুদ্রঋণ কার্যক্রম চলছে। তবে কার্যক্রম যেখানেই চলুক না কেন, দেখতে হবে, পিছিয়ে থাকা জনগোষ্ঠীর দোরগোড়ায় এ কার্যক্রম চলছে কি না।’ অর্থমন্ত্রী জানান, ব্র্যাক নামক সংস্থাটি ১৯৭৪ সালে দেশে প্রথম ক্ষুদ্রঋণ কার্যক্রম শুরু করলেও পরে গ্রামীণ ব্যাংক এ কার্যক্রমের প্রতিষ্ঠানিক রূপ দেয়। এমআরএ চেয়ারম্যান আতিউর রহমান ক্ষুদ্রঋণের উচ্চ সুদের হারের জন্য তদারকি ব্যবস্থাকে দায়ী করেন। তদারকি খরচ কীভাবে কমানো যায়, সে বিষয়ে ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোকে সরকার ও নিয়ন্ত্রক সংস্থা সহায়তা করতে পারে বলে অভিমত দেন তিনি।আতিউর রহমান জানান, ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠানগুলো দেশের ২৪ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষকে অর্থনৈতিক সেবা দিচ্ছে। এই সেবা ব্যাংক দিচ্ছে ৪৪ শতাংশকে এবং সমবায় দিচ্ছে ১০ শতাংশকে। পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ক্ষুদ্রঋণ খাতে ব্যাপক সংস্কার দরকার। এ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার বড় অভাব রয়েছে। তদারকের জন্য নেই যথাযথ আইনি কাঠামো। আর উচ্চ সুদের বিষয়টি তো আছেই। সুদের হার সাড়ে ১২ শতাংশ থেকে বেড়ে ১৫ শতাংশে উন্নীত হয়েছে বলে অসন্তোষ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ১০ শতাংশ সুদে ঋণ নিয়ে ৪৬ কিস্তিতে পরিশোধ করতে মোট কার্যকরী সুদ দিতে হয় ২৫ শতাংশ। এ হার অনেক বেশি।খলীকুজ্জমান আহমদ প্রশ্ন তোলেন, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো কি স্রেফ আর্থিক প্রতিষ্ঠান না সামাজিক কল্যাণমূলক প্রতিষ্ঠান, আগে তা চিহ্নিত করতে হবে। ডিএফআইডি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ক্রিস অস্টিন বলেন, বিশ্বব্যাপী ক্ষুদ্রঋণ কার্যক্রম বাড়ছে। ঠিক এমন সময় ক্ষুদ্রঋণ বা এর তদারক ব্যবস্থার ওপর আন্তর্জাতিক সম্মেলন সময়োচিত হয়েছে। ক্ষুদ্রঋণের তদারকি দরিদ্র জনগোষ্ঠীর ভালোর জন্যই দরকার। ভবিষ্যতে ক্ষুদ্রঋণ খাত নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ২৫ দেশের ৫০ বিদেশি প্রতিনিধি এবং দেশের ১৪৬ জন প্রতিনিধিসহ ১৯৬ জন সম্মেলনে অংশ নিচ্ছেন। সম্মেলনের তিন দিনে আটটি অধিবেশনে বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে ক্ষুদ্রঋণ বিষয়ে বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করা হবে।উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রথম অধিবেশনে ‘নিয়ন্ত্রণ এবং তদারকি কেন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ইউরোপীয় বিজনেস স্কুলের জায়ান ফ্রাঙ্কো এ ভেন্তো। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ এতে সঞ্চালক ছিলেন। নির্ধারিত আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক বাকী খলীলী, ব্যাংক অব উগান্ডার নির্বাহী পরিচালক জাস্টিন বাগেন্দা এবং মাইক্রোক্রেডিট সামিট ক্যামপেইনের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সংগঠক ডি এস কে রাও। দ্বিতীয় অধিবেশনে ‘বিশ্বব্যাপী ক্ষুদ্রঋণ নীতিমালা-এশিয়া অঞ্চল’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল ব্যাংক অব কম্বোডিয়ার উপমহাপরিচালক কিম ভাদা। এতে সঞ্চালক ছিলেন কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ।আগামীকাল অনুষ্ঠেয় সমাপনী অধিবেশনে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান সভাপতিত্ব করবেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান। বিশেষ অতিথি থাকবেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূস এবং ব্র্যাকের চেয়ারম্যান ফজলে হাসান আবেদ।