ক্ষুদ্রঋণের তথ্যভান্ডার তৈরি করছে এমআরএ
দেশে বিভিন্ন ধরনের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ক্ষুদ্রঋণ দিয়ে থাকে। কিন্তু এসব প্রতিষ্ঠানের ক্ষুদ্রঋণদান কার্যক্রমের কোনো সমন্বিত তথ্যভান্ডার (ডেটাবেইস) নেই।সে কারণেই অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় ক্ষুদ্রঋণের একটি সমন্বিত ডেটাবেইস করার উদ্যোগ নিয়েছে ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণকারী সংস্থা (এমআরএ)। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) এ ডেটাবেইস তৈরির দায়িত্ব দিয়েছে এমআরএ।রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানিয়েছে এমআরএ।অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন এমআরএর নির্বাহী সহসভাপতি খন্দকার মাজহারুল হক।এমআরএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।সেমিনারে অর্থসচিব এম আসলাম আলম বলেন, বেসরকারি ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠান, গ্রামীণ ব্যাংক ও সরকারি অর্থে পরিচালিত বিভিন্ন সংস্থা ও প্রকল্পের প্রতিষ্ঠানভিত্তিক তথ্য পাওয়া গেলেও সমন্বিতভাবে দেশের ক্ষুদ্রঋণের সদস্য, ঋণগ্রহীতা, ঋণস্থিতি, ঋণ বিতরণসহ অন্যান্য তথ্য কোনো একক উৎস থেকে পাওয়া যায় না। ফলে সরকারি ও বেসরকারি পর্যায়ে পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রম প্রতিবছর জাতীয় অর্থনীতিতে ঠিক কতটা অবদান রাখে, তাৎক্ষণিকভাবে তার তথ্য-উপাত্ত সংগ্রহ করা বেশ কঠিন।ভবিষ্যতে এ তথ্যভান্ডারে গ্রাহকভিত্তিক তথ্য সন্নিবেশ করা যায় কি-না, তা ভেবে দেখার আহ্বান জানান সচিব।এমআরএর নির্বাহী সহসভাপতি খন্দকার মাজহারুল হক বলেন, দেশে ক্ষুদ্রঋণের ব্যাপ্তির কারণে এ খাতের তথ্য-উপাত্তের সঠিকতা ও স্বচ্ছতা খুব দুর্বল। বিষয়টি অনুধাবন করেই সরকার ক্ষুদ্রঋণের একটি কেন্দ্রীয় তথ্যভান্ডার গড়ে তোলার নির্দেশ দিয়েছেন।সেমিনারে এ দেশে ক্ষুদ্রঋণ প্রদানের সঙ্গে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভিন্ন অধিদপ্তর, সংস্থা, গ্রামীণ ব্যাংকসহ সরকারি-বেসরকারি সব ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যাংক, উন্নয়ন সহযোগী সংস্থা ও ক্ষুদ্রঋণের নেটওয়ার্কিং এজেন্সির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।