ক্ষুদ্রঋণের প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরির তাগিদ
ব্যক্তি না থাকলেও যাতে প্রতিষ্ঠান টিকে থাকে, ক্ষুদ্রঋণের প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেই কাঠামো তৈরি করতে হবে। কিছু প্রতিষ্ঠানের মধ্যে ইতিমধ্যে তৈরি হলেও, তা আরও ব্যাপক হওয়া দরকার। ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বুধবার ‘জাতীয় ক্ষুদ্র অর্থায়ন সম্মেলন-২০১২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ অভিমত তুলে ধরেন।ব্র্যাকের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদের সভাপতিত্বে ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ) আয়োজিত এ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারপারসন কাজী খলীকুজ্জমান আহমদ ও সিডিএফের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন এতে বক্তব্য দেন। বাংলাদেশ ক্ষুদ্রঋণ কার্যক্রমে কৃতিত্বের অধিকারী—এ কথা স্বীকার করে অর্থমন্ত্রী বলেন, ‘উদ্যোক্তা মৃত্যুবরণ করলে প্রতিষ্ঠান থাকে না, এ বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে। সুশাসন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা এমনভাবে তৈরি হওয়া উচিত, যাতে উদ্যোক্তা ব্যক্তিটি না থাকলেও প্রতিষ্ঠানটির চলতে কোনো অসুবিধা না হয়।’বিংশ শতাব্দীর প্রথম দিকেই ক্ষুুদ্রঋণ কার্যক্রমের শুরু হয়েছে—এ কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘ক্ষুদ্রঋণের চরিত্রে আসল পরিবর্তন আসে বাংলাদেশে। ১৯৭৪ সালে ফজলে হাসান আবেদ এবং তার পরে মুহাম্মদ ইউনূস এবং বস্তুতপক্ষে ৯০-এর দশকে এর ব্যাপক প্রসার ঘটে।’মুহিত বলেন, ‘ক্ষুদ্রঋণ আগে সামান্য বিষয় ছিল। মহাজনেরা করত। বিষয়টি এখন সেই জায়গায় নেই। এখন অর্থনৈতিক কর্মকাণ্ড বজায় রাখতেই ক্ষুদ্রঋণ কার্যক্রম দরকার। কৃষি, শিল্প ও ব্যবসা—সব ক্ষেত্রেই এখন ক্ষুদ্রঋণ আছে।’ অর্থমন্ত্রী বলেন, ‘ক্ষুদ্রঋণ দারিদ্র্য বিমোচনের শক্তিশালী হাতিয়ার, একমাত্র হাতিয়ার নয়। কিন্তু আমরা প্রায়ই ভুল করি।’ ঋণের চোরাবালিতেও অনেকে ঢুকে পড়েছেন উল্লেখ করে মুহিত বলেন, ‘অনেকে একটা থেকে ঋণ নিয়ে আরেকটিকে দেয়। মহাজনি পদ্ধতি রয়ে গেছে এখনো। বিষয়গুলো নিয়ন্ত্রণে আনার জন্য ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এমআরএ) উদ্যোগ নিতে পারে।’ অর্থমন্ত্রী বলেন, ‘ক্ষুদ্রঋণের প্রতিষ্ঠানগুলো একেবারেই পিছিয়ে রয়েছে প্রযুক্তির দিক থেকে। প্রযুক্তি ব্যবহারের প্রচুর সুযোগ রয়েছে, কিন্তু আদতে তা হচ্ছে না।’নৈতিকতা ও জনগণের স্বার্থ বিবেচনায় রেখে কারও সম্পর্কে সমালোচনা করতে সাংবাদিকদের পরামর্শ দেন অর্থমন্ত্রী। ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিকতা জরুরি বলে মনে করেন ব্র্যাকের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। তিনি বলেন, ‘আমার প্রতিষ্ঠানগুলোতে তা আছে। আর, প্রতিষ্ঠানকে ব্যক্তি-পর্যায়ে সীমাবদ্ধ না রাখাই ভালো।’ প্রাতিষ্ঠানিকতা অর্জনের জন্য সুশাসন রয়েছে—এমন প্রতিষ্ঠানগুলোর সাহায্য নেওয়া যেতে পারে বলে তিনি মনে করেন। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ তথ্যভান্ডার (সিআইবি) থেকে যেমন ব্যাংকঋণ বা খেলাপি ঋণের তথ্য জানা যায়, ক্ষুদ্রঋণ খেলাপিদের জন্যও এমআরএর আওতায় সে রকম কিছু হতে পারে বলে মনে করেন ফজলে হাসান আবেদ।টাকার পরিমাণ কত হলে ক্ষুদ্রঋণ বলা হবে—কাজী খলীকুজ্জমান আহমদের এই প্রশ্নের জবাবে ব্র্যাকের চেয়ারপারসন জানান, ১০ হাজার থেকে তিন লাখ টাকা পর্যন্ত এখন ক্ষুদ্রঋণের আওতায় পড়ে। তবে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত দারিদ্র্য বিমোচনের জন্য আর ৫০ হাজার থেকে তিন লাখ টাকা পর্যন্ত দেওয়া হয় ক্ষুদ্র উদ্যোক্তাদের। ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্র অর্থায়নের মধ্যে পার্থক্য রয়েছে উল্লেখ করে আবেদ বলেন, ‘এখানে ক্ষুদ্রঋণ নিয়েই বেশি কাজ হয়। কিন্তু এর গভীরতা দরকার। দরকার মূলত ক্ষুদ্র অর্থায়ন। কিছু কাজ এখনো বাকি আছে, শুরু করতে হবে।’ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, বাংলাদেশ ক্ষুদ্রঋণের ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে, যার অন্যতম কারণ যথাযথ তদারকি। জাতীয় পর্যায়ে সামষ্টিক অর্থনীতিতে ক্ষুদ্রঋণের প্রভাব বিষয়ে বিতর্ক থাকলেও এর মাধ্যমে প্রান্তিক মানুষের কর্মসংস্থান যে বেড়েছে, সে বিষয়ে দ্বিমত নেই। ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর বর্তমান ঋণগ্রহীতা তিন কোটি ও ঋণের পরিমাণ ২০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে উল্লেখ করেন গভর্নর।পিকেএসএফের চেয়ারপারসন কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘ক্ষুদ্রঋণের শুরুর দিক নিয়ে কথা বলতে চাইলে রবীন্দ্রনাথের নামও উঠে আসে। যদিও অনেকেই ক্ষুদ্রঋণের পিতৃত্ব-মাতৃত্ব দাবি করছেন।’ তিনি বলেন, বাংলাদেশ থেকেই যখন প্রসার ঘটেছে, তখন ক্ষুদ্রঋণের সুষ্ঠু কাঠামোটা এখানেই দরকার। ক্ষুদ্রঋণ এখন বিশ্বজুড়ে ছেয়ে গেছে। কিন্তু বাংলাদেশেই যদি সমস্যা থাকে, তাহলে তো হলো না।দিনব্যাপী সম্মেলনের বিভিন্ন কর্মঅধিবেশনে আলোচকরা ক্ষুদ্র অর্থায়নের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। বিকেলে সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন আশার সভাপতি শফিকুল হক চৌধুরী।