সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার অনুষ্ঠানে অর্থমন্ত্রী
ক্ষুদ্রঋণের ব্যাপক প্রসার হলেও দারিদ্র্য বিমোচন সন্তোষজনক নয়
দেশে ক্ষুদ্রঋণের ব্যাপক প্রসার ঘটলেও সে তুলনায় দারিদ্র্য বিমোচন হয়নি বলে অসন্তোষ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশের ৪০ শতাংশ মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে। মনে হয় ক্ষুদ্রঋণ কর্মসূচিতে বড় ধরনের কোনো সমস্যা রয়েছে। সে কারণেই পরিসংখ্যান ও বাস্তবতার মধ্যে বিস্তর ফারাক।রাজধানীর স্থানীয় একটি হোটেলে গতকাল বুধবার ‘সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার ২০০৯’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিটি ক্ষুদ্র উদ্যোক্তা কর্মসূচির উপদেষ্টা পরিষদের চেয়ারপারসন ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। সিটিব্যাংক এনএ বাংলাদেশের কান্ট্রি অফিসার মামুন রশীদ এবং শক্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক হুমায়রা ইসলাম অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন।চারজন ক্ষুদ্র উদ্যোক্তাকে এই পুরস্কার দিয়েছে সিটি গ্রুপের মানবকল্যাণমুখী সংগঠন সিটি ফাউন্ডেশন। শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্টেজড উইমেন নামের বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে পরিচালিত কর্মসূচির মাধ্যমে এ বছর চারটি বিভাগে পুরস্কার দেওয়া হয়।পুরস্কার পেয়েছেন ‘শ্রেষ্ঠ কৃষি উদ্যোক্তা’ বিভাগে পাবনার নুরুন্নাহার বেগম, ‘শ্রেষ্ঠ মহিলা ক্ষুদ্র উদ্যোক্তা’ বিভাগে জয়পুরহাটের রেহানা বেগম, ‘শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা’ বিভাগে সাতক্ষীরার শেফালী রায় এবং ‘শ্রেষ্ঠ ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান’ বিভাগে গাইবান্ধার সমাজকল্যাণ সংস্থা (এসকেএস)।তিন বিজয়ী উদ্যোক্তা এবং এসকেএসের নির্বাহী পরিচালক রাসেল আহমেদ লিটনের হাতে পুরস্কারের চেক ও একটি করে ক্রেস্ট তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পুরস্কারের মূল্যমান পাঁচ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় তিন লাখ ৫০ হাজার টাকা।অনুষ্ঠানে জানানো হয়, সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কারের উদ্দেশ্য হচ্ছে দেশের আর্থসামাজিক উন্নয়নে ক্ষুদ্র উদ্যোক্তা ও ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠানগুলো যে অবদান রাখছে, তার স্বীকৃতি দেওয়া। এ ছাড়া ক্ষুদ্রশিল্প স্থাপনের উদ্যোগকে উৎসাহিত করা, বিশ্বব্যাপী বিনিয়োগ ও দাতা সংস্থাগুলো কর্তৃক ক্ষুদ্র উদ্যোক্তাদের মেধা ও সফলতা অর্জনে সার্বিক সহায়তা দেওয়া এবং সচেতনতা সৃষ্টি করাও এর অন্যতম উদ্দেশ্য।অর্থমন্ত্রী বলেন, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেক সীমাবদ্ধতা রয়ে গেছে। যেকোনোভাবেই হোক তাদের উন্নয়ন নিম্নমানের প্রবৃদ্ধির মধ্যে আটকে রয়েছে।অর্থমন্ত্রী মনে করেন, গুণগত মানের লেখাপড়া না হওয়া, জ্ঞানের চর্চা কমে যাওয়া এবং প্রযুক্তিগত অনুন্নয়নের ফাঁদে বাংলাদেশের উন্নয়ন আটকে রয়েছে এবং এই অবস্থা থেকে বের হওয়া দরকার।সাবেক উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, দেশে ২২ লাখ ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছেন। প্রত্যেকে যদি কমপক্ষে চার থেকে পাঁচজনেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন, তাতেই এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়।২০০৮ সালের পরিসংখ্যান তুলে ধরে ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, দেশে তিন কোটি ক্ষুদ্রঋণের গ্রাহক রয়েছেন, যাতে ২২ হাজার কোটি টাকার তহবিল রয়েছে। এর মধ্যে অবশ্য ১০ হাজার কোটি টাকাই এসেছে গ্রাহকদের নিজেদের সঞ্চয় থেকে।তবে গ্রাহকদের ঋণের চক্র থেকে বের করে নিয়ে আসার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলো ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন তিনি।ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘আজকের পুরস্কারপ্রাপ্ত বক্তিরা ক্ষুদ্রঋণেরই গ্রাহক। অধ্যবসায় ও নিজেদের নিরবচ্ছিন্ন চেষ্টার মাধ্যমে তাঁরা ক্ষুদ্রঋণের গ্রাহক থেকে ক্ষুদ্র উদ্যোক্তায় পরিণত হয়েছেন।’সিটিব্যাংক এনএর কান্ট্রি অফিসার মামুন রশীদ বলেন, ক্ষুদ্রঋণ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এর মাধ্যমে অনেকে এরই মধ্যে ভাগ্য বদল করেছেন নিজেদের। অনেকে ভাগ্য বদলের চেষ্টা করে যাচ্ছেন। সিটি গ্রুপ তাদের সঙ্গে রয়েছে।আন্তর্জাতিক মানের ব্যাংকিংয়ের পাশাপাশি সিটি গ্রুপ সমাজকল্যাণমূলক কাজেও বদ্ধপরিকর থাকবে বলে উল্লেখ করেন তিনি।পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় শেফালী রায় বলেন, নবকী গণমুখী ফাউন্ডেশন নামের একটি সংস্থা থেকে মাত্র পাঁচ হাজার টাকা ঋণ নিয়ে তিনি শাঁখা তৈরির কাজ শুরু করেন। অনেক কষ্টকর দিন পার করে তিনি আজ সফল।রেহানা বেগম জানান, হাঁস-মুরগি পালনের জন্য টিএমএসএস থেকে তিনি সামান্য ঋণ নিয়ে আজ কয়েকটি খামারের মালিক। জমিজমা কিনেছেন, পুকুরে মাছ চাষ করছেন। এখন একটি গরুর খামার করতে চান। কিন্তু ব্যাংক থেকে ঋণ পাচ্ছেন না।নুরুন্নাহার বেগম বলেন, ‘অনটনের সংসারে একসময় নিজেই কৃষিকাজে নেমে গেলাম। স্বামীসহ সমাজের সবাই প্রথম দিকে বাধা হয়ে দাঁড়ালেও বর্তমানে এলাকার সবাই আমাকে আদর্শ মনে করে।’রাসেল আহমেদ লিটন জানান, ‘তাঁর সংস্থা প্রত্যন্ত এলাকায় কাজ করে। স্বাস্থ্যকর পয়োনিষ্কাশনব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং লেখাপড়া করার প্রয়োজনীয়তার বিষয়ে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে বোঝানোর কাজ করে এসকেএস।