ক্ষুদ্রঋণের সুদের হার বিষয়ে কর্মশালা শুরু
ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি বা এমআরএ) কর্তৃক ক্ষুদ্রঋণের জন্য নির্ধারিত সুদের হার বিষয়ে দুই দিনব্যাপী এক কর্মশালা গতকাল বুধবার শুরু হয়েছে।এতে এমআরএর অনুমোদনপ্রাপ্ত এবং অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী ছয় শতাধিক এনজিওর প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে গতকাল সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমআরএর চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ এবং এমআরএর নির্বাহী ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবু ফরাহ মো. নাছের।কর্মশালায় জানানো হয়, সরকার সম্প্রতি মাইক্রোক্রেডিট রেগুলেটরি বিধিমালা-২০১০ অনুমোদন করেছে এবং তা গেজেট আকারে প্রকাশিত হয়েছে। এই বিধিমালা অনুযায়ী সুদের হার ঋণ গ্রহীতাদের ক্রমহ্রাসমান ঋণস্থিতির ভিত্তিতে হিসাব করতে হবে। উল্লিখিত শর্ত ছাড়াও প্রাথমিকভাবে ক্ষুদ্রঋণের সর্বোচ্চ সুদের হার ২৭ শতাংশের বেশি হতে পারবে না, যা প্রতিষ্ঠানগুলো দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ক্রমান্বয়ে কমিয়ে আনতে হবে। বিজ্ঞপ্তি।