দেশের পুঁজিবাজারের অবস্থা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি-উল-মারুফ মতিনপ্রথম আলো: শেয়ারবাজারের বর্তমান অবস্থা কি যৌক্তিক পর্যায়ে আছে? ওয়ালি-উল-মারুফ মতিন: না, মোটেই যৌক্তিক পর্যায়ে নেই। এ থেকে উত্তরণ দরকার। তবে তা রাতারাতি হবে না। মোটা দাগে তিন দফা ধসের পর শেয়ারবাজার বর্তমান অবস্থানে এসে দাঁড়িয়েছে। ২০১০ সালের ডিসেম্বর থেকে ২০১১ সালের মার্চ পর্যন্ত প্রথম দফা, ২০১১ সালের আগস্ট থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত দ্বিতীয় দফা আর চলতি বছরের জানুয়ারি থেকে বর্তমান পর্যন্ত তৃতীয় দফা। এটি ১৯৯৬ সালের চেয়েও বেশি বেদনাদায়ক। প্রথম দফা ধসের পর একটি আনুষ্ঠানিক তদন্ত হলেও প্রতিবেদনটি উপস্থাপিত হয়েছে কিছু ধারণার ভিত্তিতে, সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে নয়। তাই বাজারের দুষ্কৃতকারীরা ধরা পড়েনি। আর দ্বিতীয় ও তৃতীয় দফা ধসের পর তো সরকার কিছু করেইনি।প্রথম আলো: আস্থার সংকটের কথা সবাই বলে। আসলে কি তাই?মারুফ মতিন: আস্থা একটি মনস্তাত্ত্বিক ব্যাপার। বুঝতে হবে যে শেয়ারবাজারটা দুই বা তিন বছরের জন্য নয়। তবে একে ঠিকভাবে চলতে দিতে চাইলে তিনটি বিষয় জরুরি—স্বয়ংক্রিয় সার্ভিল্যান্স (তদারক) পদ্ধতি চালু, আইনের সংস্কার এবং আলাদা ট্রাইব্যুনাল গঠন। আমলাতান্ত্রিক জটিলতায় এগুলো হচ্ছে না। আমলাতন্ত্র হয়তো জানে না, অথবা তারা করতে দেবে না। আর্থিক ও কৌশলিক (টেকনিক্যাল)—দুই ধরনের বিশ্লেষণ ছাড়া শেয়ারবাজার নিয়ে বড় কথা বলা উচিত নয়। দুর্ভাগ্যজনক যে অনেকে তাই করে বেড়াচ্ছেন। বাইরের লোকেরা ছোট-বড় যে পদেই থাকুন না কেন, বাজার নিয়ে যখন কটু মন্তব্য করেন, তখন তো কোনো আইন দিয়েই একে স্থিতিশীল করা যাবে না।প্রথম আলো: সরকার কি কোনো ভুল পদক্ষেপ নিচ্ছে? ওয়ালি-উল-মারুফ মতিন: আমার মনে হয়, রাজনৈতিক কারণে সরকার ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রতি কিছুটা পক্ষপাতপূর্ণ। প্যারেটো-তত্ত্ব অনুযায়ী, বাজারের ৮০ শতাংশ ক্ষুদ্র ও ২০ শতাংশ বড় বিনিয়োগকারী। কিন্তু ২০ শতাংশ পুঁজির মালিক ৮০ শতাংশ, আর ৮০ শতাংশের মালিক ২০ শতাংশ। ক্ষুদ্রদের জন্যই বড়দের বাঁচিয়ে রাখাটা জরুরি। কিছু চাপিয়ে দিলে তা হিতে বিপরীত হতে পারে। পরিচালকদের শেয়ার কেনার বাধ্যবাধকতা তার একটি উদাহরণ। হ্যাঁ, বলতেই পারেন যে সাম্প্রতিক বাজার তাঁরাই ফেলছেন। প্রথম আলো: বাজার নিয়ে আপনার আশাবাদ কী?মারুফ মতিন: খুবই ইতিবাচক। ছিয়ানব্বইয়ের ধসের পর বাজারে কিছু শৃঙ্খলা এসেছে—স্বয়ংক্রিয় পদ্ধতির লেনদেন চালু, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড গঠন ইত্যাদি। ২০০৩ থেকে বর্তমান পর্যন্ত কৌশলিক বিশ্লেষণ অনুযায়ী, ১৮ মাসের একটি চক্র তৈরি হয়েছে এই বাজারে। অর্থাৎ গত নয় বছরে যেসব বড় উত্থান-পতন হয়েছে, সবগুলোই ১৮ মাসের ব্যবধানে। এই ধাপের ১৮ মাস পূর্ণ হবে আগামী মে মাসে।বড় বিনিয়োগকারীদের দিক থেকে ভুল সংকেত দেওয়া থামাতে হবে। দেখা যায়, বেশি শেয়ার যিনি কিনবেন, তিনি বরং ওই শেয়ার বিক্রি করছেন। আবার বিক্রি করার ক্ষেত্রে করছেন উল্টোটি। এতে সাধারণেরা বিভ্রান্তি ও ক্ষতির শিকার হন। এমন সফটওয়্যার বসানো দরকার, যাতে ক্রিকেটের মতো রিপ্লে দেখা যায়। কে, কী কারণে কেনার আদেশ দিয়েও প্রভাবিত করার জন্য পরে তা বাতিল করে দিলেন, ওই সফটওয়্যারে তা ধরা পড়ে।প্রথম আলো: দীর্ঘ মেয়াদের জন্য সরকার আর কী করতে পারে?মারুফ মতিন: প্রথমত এসইসির ক্ষমতায়ন, দ্বিতীয়ত শেয়ারের সরবরাহ বৃদ্ধি। অনেকেই তা মানতে চান না। দক্ষ কর্মকর্তারা এসইসি তো বটেই, এমনকি দেশ ছেড়েও চলে যাচ্ছেন। তাঁদের ধরে রাখতে হবে, লোকবলও বাড়াতে হবে। এসইসির বর্তমান জনবল দিয়ে বাজার তদারক করা অসম্ভব। জানি না, বিষয়টি নীতিনির্ধারকেরা কেন আমলেই নিতে চান না। আরেকটি বিষয় হলো, শেয়ারবাজার থেকে অনেকেই মুনাফা করেন। কিন্তু অর্জনের ক্ষেত্রটি এখানে উঁচু-নিচু। কারণ সুবিধাভোগী ব্যবসা (ইনসাইডার ট্রেডিং)। এটা কি বিশ্বাসযোগ্য যে সুবিধাভোগী ব্যবসা এখানে নেই? অথচ শাস্তি পাওয়ার একটি উদাহরণও দেশে তৈরি হলো না! [সাক্ষাৎকার নিয়েছেন ফখরুল ইসলাম]