ক্ষুদ্র-মাঝারি শিল্পে বিসিকের ৩৮৩ কোটি টাকার প্রকল্প
ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে ৩৮২ কোটি ৯০ লাখ টাকার প্রকল্প গ্রহণ করেছে সরকার। প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন দেবে ৩৫০ কোটি ৫৯ লাখ টাকা। বাকি ৩২ কোটি ৩১ লাখ টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে। খবর বাসসের৷
এ প্রকল্পের উদ্দেশ্য হলো ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রম বেগবান করে দারিদ্র্য দূর করা। এ ছাড়াও প্রকল্পের অধীনে গৃহস্থালির আয় বৃদ্ধি এবং সামাজিক কল্যাণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রকল্পের আওতায় উৎপাদন কার্যক্রমে উদ্যোক্তা, চাকরিজীবী বা প্রত্যক্ষ-পরোক্ষ কর্মী হিসেবে নারীদের অংশগ্রহণ বাড়ানো।
‘পোভার্টি রিডাকশন থ্রো ইনক্লুসিভ অ্যান্ড সাসটেইনেবল মার্কেট (পিআরআইএসএম)’ শীর্ষক এই প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা হলো বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
এ প্রসঙ্গে বিসিক চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার বাসসকে বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং উৎপাদনশীল কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বাড়াতে এ প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় ৩০টি শিল্পপ্রতিষ্ঠান চিহ্নিতকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণদানসহ আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে। এ ছাড়া উৎপাদন কার্যক্রম পরিচালনা এবং পণ্য বাজারজাতকরণে বিসিকের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হবে। এই প্রকল্প বাস্তবায়নের মধ্যে দিয়ে নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বিশেষভাবে বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত।