
টানা অবরোধ-হরতালে দেশের ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি হোসেন খালেদ।
প্রথম আলো: চলমান রাজনৈতিক অস্থিরতায় দেশের ব্যবসা-বাণিজ্যের ক্ষয়ক্ষতির চিত্রটা কেমন?
হোসেন খালেদ: কিছুদিন আগে আমরা সংবাদ সম্মেলন করে বলেছিলাম যে চলমান হরতাল-অবরোধে দেশের ব্যবসা-বাণিজ্যে প্রতিদিন ক্ষতি হচ্ছে ২ হাজার ২৭৭ কোটি টাকা। খাদ্য, পরিবহন, পচনশীল পণ্য, নির্মাণ, কৃষিপণ্য, উৎপাদনশীল খাতসহ এমন কোনো খাত নেই, যেটা হরতাল-অবরোধে বাধাগ্রস্ত হচ্ছে না। উৎপাদনশীল খাতে প্রতিদিন ২৫ শতাংশ কম পণ্য উৎপাদিত হচ্ছে। দেশের পর্যটন খাত বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। টাকার অঙ্কে হয়তো এ খাতের আয়তন বেশি বড় নয়, কিন্তু এ খাতের ৯৫ শতাংশ আয়ই বন্ধ হয়ে গেছে। আবাসিক হোটেলকে কেন্দ্র করে যেসব রেস্টুরেন্ট গড়ে উঠেছে, সেগুলোর ব্যবসাও ক্ষতিগ্রস্ত হয়েছে। দূরপাল্লার যাত্রী পরিবহনকারী বাসমালিকেরাও বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ক্ষতিতে পড়েছেন বাসের চালক ও সহকারীরাও। ক্ষতির মাত্রাটা আমরা ধারণাও করতে পারি না। কারণ, আমরা উৎপাদনের দিক থেকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছি, তেমনি রপ্তানিতেও সমস্যায় পড়ছি। সারা বিশ্বে আমাদের ভাবমূর্তির সংকট দেখা দিয়েছে। ফলে অর্থনৈতিক সম্ভাবনাময় দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশ যে পরিচিতি পেয়েছে, সেটাও নষ্ট হয়ে যাচ্ছে।
প্রথম আলো: এ ক্ষতি কি আদৌ কাটিয়ে ওঠা সম্ভব?
হোসেন খালেদ: এ ক্ষতি পোষানো সম্ভব নয়। আজ যে ক্ষতি হচ্ছে, তা আগামী দিন তুলে আনা যাবে না। পচনশীল পণ্য যেমন—শাকসবজি, মাছ, দুধ প্রতিদিনই পরিবহন করতে হয়। কারণ, দেশে যথাযথ সংরক্ষণসুবিধা নেই। তাই প্রতিদিনই তা বাজারে নিয়ে আসতে হয়, প্রতিদিনই তা বিক্রি করতে হয় এবং তাজা থাকতে থাকতেই খেতে হয়। এসব আজ বিপণন করতে না পারলে কাল তো পচে যাবে। তখন তো শতভাগই লোকসান।
প্রথম আলো: কয়েক বছর পর পরই দেশে এমন রাজনৈতিক সংকট দেখা দেয়। এ থেকে উত্তরণের উপায় কী?
হোসেন খালেদ: এ সংকট থেকে উত্তরণের একটাই উপায়, সংলাপ করা। সংলাপ হতে হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সংলাপ হতে হবে ব্যবসায়ীদের সঙ্গে, সংলাপ হতে হবে সংশ্লিষ্ট সব পক্ষের (স্টেকহোল্ডার) সঙ্গে। রাজনৈতিক সমাধান রাজনৈতিক পর্যায় থেকেই আসতে হবে। সবাইকে কথা বলার সুযোগ দিতে হবে। দুই পক্ষকে আলোচনায় বসতেই হবে। আমরা স্বাধীনতা পেয়েছি ৪৩ বছর হয়ে গেছে। এর মধ্যে মানুষ বদলেছে। ব্যবসার ধরন বদলেছে। কিন্তু বদলায়নি রাজনৈতিক সংস্কৃতি। এই সংস্কৃতির পরিবর্তন হওয়া উচিত।
প্রথম আলো: এমন পরিস্থিতিতে দেশে কি নতুন বিনিয়োগ হচ্ছে?
হোসেন খালেদ: দেশে প্রতিবছর ৩০ লাখ লোক কর্মজীবনে প্রবেশ করছেন। আনুষ্ঠানিকভাবে কর্মসংস্থান হচ্ছে ১০ লাখের। অনানুষ্ঠানিকভাবে কর্মসংস্থান হচ্ছে আরও ১০ লাখের। বাকি ১০ লাখ কর্মসংস্থানের বাইরে থেকে যাচ্ছেন। এই ১০ লাখের একটি অংশ চাকরি না পেয়ে সামাজিক অস্থিরতা বাড়াচ্ছেন। অনেকেই নানা অপরাধমূলক কাজেও জড়িয়ে পড়ছেন। এসব ঠেকাতে হলে তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এ জন্য প্রয়োজন উৎপাদনশীল খাতে বিনিয়োগ। সে জন্য ব্যবসা-সহায়ক পরিবেশ দরকার। রাজনৈতিক স্থিতিশীলতা ও নীতির ধারাবাহিকতা দরকার।
প্রথম আলো: রাজনৈতিক অস্থিরতা বাদে বিনিয়োগের অন্য চ্যালেঞ্জগুলো কী কী?
হোসেন খালেদ: দেখেন, ২০১৪ সালে কিন্তু রাজনৈতিক অস্থিরতা ছিল না। তবু বেসরকারি খাতে বিনিয়োগ বাড়েনি। এ ক্ষেত্রে বড় সমস্যা হচ্ছে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ না পাওয়া। এটা ছাড়া আমরা বিনিয়োগ করব কীভাবে? আমাদের কোম্পানির (আনোয়ার গ্রুপ) চারটি বিনিয়োগ প্রকল্প চূড়ান্ত হয়ে আছে। জমিও কেনা হয়েছে। কিন্তু সরকার তো গ্যাস-বিদ্যুৎ-সংযোগ দিচ্ছে না। এক-দুই বছরের মধ্যে এসব সংযোগ পেয়ে যাব, সে নিশ্চয়তাও পাচ্ছি না। এ অবস্থায় ব্যাংকের কাছে আমরা প্রস্তাব দেব কীভাবে? কেউ তো শখে বিনিয়োগ করে না। বিনিয়োগ করে মুনাফার জন্য। জিডিপি প্রবৃদ্ধির হার ৭ শতাংশে নিয়ে যেতে হলে বিনিয়োগের পরিমাণ বর্তমানের ২৬ থেকে বাড়িয়ে ৩২ শতাংশে নিয়ে যেতে হবে। কিন্তু আমরা তো সামনে এগিয়ে না দিয়ে পেছনের দিকে চলে যাচ্ছি।
প্রথম আলো: রাজনৈতিক অস্থিরতা বন্ধে ব্যবসায়ীরা এবারও কর্মসূচি দিয়েছেন। আগেও দিয়েছিলেন। তখনকার কর্মসূচিতেও তেমন লাভ হয়নি। রাজনৈতিক দলগুলো কেন ব্যবসায়ীদের কথা শোনে না?
হোসেন খালেদ: ২০১৩ সালে ব্যবসায়ীরা যে রাস্তায় নেমেছিলেন, সেটার ভালো সাড়া পড়েছিল। সাধারণ মানুষ যোগ দিয়েছিল। এবারও যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে তার লক্ষ্যই হলো আমরা এ সংকট থেকে বের হতে চাই, জান-মাল ও ব্যবসার নিরাপত্তা চাই। রাজনীতিকেরা ধরেই নিয়েছেন যে, দেশে যেই পরিস্থিতিই থাকুক না কেন, আমরা ব্যবসা বাড়িয়ে নেব। এটাও হয়তো সত্যি যে এবারও দেশে ৬ শতাংশের মতো প্রবৃদ্ধি হবে। কিন্তু আমাদের যে সম্ভাবনা আছে, তা দিয়ে ৮ শতাংশে থাকার কথা। সেটা তো হচ্ছে না। সে কারণে রাজনীতিকদের উচিত ব্যবসায়ীদের দূরে সরিয়ে না রেখে আস্থায় নেওয়া। গণতান্ত্রিক দেশে মতের ভিন্নতা থাকবেই। কিন্তু তার বহিঃপ্রকাশ সহিংস হবে, নির্মম হবে—তা কাম্য নয়।
প্রথম আলো: আশা নিয়ে ২০১৫ সাল শুরু করেছিলেন। এখন সে আশা কতটুকু আছে? ২০১৫ সালটি কেমন যাবে আশা করছেন?
হোসেন খালেদ: ২০১৪ সালে সূর্যের একটা কিরণ দেখা দিয়েছিল। কিন্তু সেটা জানুয়ারিতেই মিলিয়ে গেছে। আশা ছিল, এ বছর অর্থনীতিতে চাঙাভাব বজায় থাকবে, শান্তির পরিবেশ ও ব্যবসা-সহায়ক পরিবেশ থাকবে। দুর্ভাগ্যজনকভাবে সেটা আর হচ্ছে না। আমরাও আশার আলো দেখতে পাচ্ছি না।
: সাক্ষাৎকার নিয়েছেন
আবুল হাসনাত