কড়াকড়ি বেড়েছে, রপ্তানি কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনান ইন্টারন্যাশনাল নামের এক রপ্তানিকারক প্রতিষ্ঠানের ২ হাজার কেজি পানের একটি চালান সৌদি আরবের রিয়াদে যাবে। গত বুধবার বুকিং দেওয়া হয়। ফ্লাইট বৃহস্পতিবার দিবাগত রাত ২টায়। সন্ধ্যা ছয়টার দিকে চালানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যায় আনানের সিঅ্যান্ডএফ এজেন্ট তাহুরা ইন্টারন্যাশনাল।
কিন্তু সময়স্বল্পতার কারণে স্ক্যানিং সম্ভব হবে না—এই অজুহাতে বিমান বাংলাদেশের কর্মকর্তারা পানের চালানটি ফেরত দিয়ে দেন। একই কারণে ওই দিন তাদের আরও দুটি চালান যায়নি। পরে সেই পান তাঁরা পুরান ঢাকার শ্যামবাজারে সস্তায় বিক্রি করতে বাধ্য হন বলে জানান তাহুরা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ফয়েজ আহমেদ।
ফয়েজ আহমেদ অভিযোগ করে বলেন, ‘ফ্লাইটের ছয় ঘণ্টা আগে পণ্য জমা দেওয়ার নির্দেশনা আছে। কিন্তু আট ঘণ্টা আগে দিয়েও হচ্ছে না।’ তিনি বলেন, বৃহস্পতিবার বিমান বাংলাদেশের ওই ফ্লাইটে তিনটি চালানে ৫ হাজার ৪০০ কেজি পান ও ১০০ কেজি সবজি রিয়াদে রপ্তানি হওয়ার কথা ছিল। প্রতি কেজি পানের রপ্তানিমূল্য সাড়ে ৭ ডলার। সেই হিসাবে সব পানের রপ্তানিমূল্য প্রায় ৪০ হাজার ৫০০ ডলার, যা দেশীয় মুদ্রায় ৩২ লাখ ৪০ হাজার টাকা। কিন্তু শেষ পর্যন্ত শ্যামবাজারে ৫ লাখ টাকায় বিক্রি করতে হয়েছে।
এদিকে গতকাল রোববার একাধিক রপ্তানিকারক অভিযোগ করে প্রথম আলোকে বলেন, নিরাপত্তা নিশ্চিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে স্ক্যানিং যন্ত্র ও লোকবলের অভাবে সময় বেশি লাগছে। অনেক সময় নির্দিষ্ট ফ্লাইট ছেড়ে গেলেও পণ্য স্ক্যানিং শেষ হয় না। এতে রপ্তানি কমে যাচ্ছে, আর বিমানবন্দরে জমছে পণ্যের স্তূপ।
জানা যায়, চলতি মাসে নিরাপত্তায় ঘাটতির কথা বলে ঢাকা থেকে যুক্তরাজ্যে আকাশপথে সরাসরি পণ্য পরিবহন নিষিদ্ধ করে দেশটির সরকার। পরে নিরাপত্তা নিশ্চিতে ব্রিটিশ প্রতিষ্ঠান রেডলাইনকে নিয়োগ করা হয়। প্রতিষ্ঠানটি ২১ মার্চ কাজ শুরু করেছে। এতে বিমানবন্দরের আগমনী ও বহির্গমন—উভয় টার্মিনালের ভেতরে-বাইরে শৃঙ্খলায় উন্নতি হয়েছে। কার্গো ভিলেজে পণ্যবাহী কনটেইনার স্ক্যানিংয়েরও তদারকি করছেন ব্রিটিশ কর্মীরা।
বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডারস অ্যাসোসিয়েশনের পরিচালক (পোর্ট অ্যান্ড কাস্টমস) সৈয়দ মো. বখতিয়ার প্রথম আলোকে বলেন, ‘কার্গো বিমানে পণ্য পাঠাতে বুকিং দেওয়ার সময় স্ক্যানিংয়ের একটি সিরিয়াল নম্বর দেওয়া হয়। বর্তমানে কড়াকড়ি আরোপ করায় এমন অবস্থা হয়েছে যে ফ্লাইট চলে যাওয়ার এক-দুই দিন পর স্ক্যানিংয়ের সময় পাওয়া যায়।’ তিনি আরও বলেন, ‘স্ক্যানিং যন্ত্র ও লোকবল কম থাকায় এমনটা হচ্ছে। বিমানবন্দরে পণ্যের স্তূপ জমে গেছে। সব মিলিয়ে আমাদের ধারণা, বর্তমানে দিনে প্রায় ৪০ শতাংশ পণ্য রপ্তানি কমেছে।’
সৈয়দ মো. বখতিয়ার অভিযোগ করে বলেন, টানা ২০ মিনিট কেউ স্ক্যানিং যন্ত্রের দিকে তাকিয়ে থাকলে চোখ ঝাপসা হয়ে আসে। তখন অন্য কেউ সেখানে বসলে স্ক্যানিং চালু রাখা সম্ভব। কিন্তু লোকবলের অভাবে সেটি হচ্ছে না। তাই প্রতিটি স্ক্যানিং যন্ত্র প্রতি ২০ মিনিট পর ২০ মিনিট করে বন্ধ থাকছে। এভাবে চললে কখনোই পণ্য রপ্তানি স্বাভাবিক হবে না।
এদিকে কড়াকড়ি আরোপের কারণে বেশি ভোগান্তিতে পড়ছেন সবজি ও ফল রপ্তানিকারকেরা। কারণ স্ক্যানিংয়ে সময় বেশি লাগায় সবজি ও ফল অনেক আগে মোড়কজাত করতে হচ্ছে। এতে পণ্যের মান কিছুটা খারাপ হয়ে যাচ্ছে। অন্যদিকে কোনো কারণে নির্দিষ্ট ফ্লাইট ধরতে না পারলে ওই সবজি আর রপ্তানি করা যায় না। তখন ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা।
জানতে চাইলে বাংলাদেশ ফ্রুটস ভেজিটেবলস অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুর প্রথম আলোকে বলেন, ‘আগে সবজি ও ফল পচনশীল হওয়ায় স্ক্যানিংয়ের জন্য কোনো সিরিয়াল নিতে হতো না। এখন সিরিয়াল নিতে হচ্ছে। এ জন্যই বেশি সমস্যা হচ্ছে।’ তিনি বলেন, ‘মাত্র ৪টি স্ক্যানিং যন্ত্র দিয়ে বিমানবন্দরে কাজ হচ্ছে। আসলে দরকার ২০টি যন্ত্র।’
বিমানবন্দরের স্ক্যানিংয়ের বিষয়টি দেখভাল করে বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ব্যবসায়ীদের অভিযোগের বিষয়ে জানতে বেবিচকের সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এম মোস্তাফিজুর রহমানের মুঠোফোনে গত রাতে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি। অন্যদিকে বিমানের কার্গো শাখার মহাব্যবস্থাপক আলী আহসানের মুঠোফোনে বেশ কয়েকবার কল করে এবং খুদে বার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।