সরকারিভাবে কয়লা আমদানির দাবিতে গতকাল শনিবার বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতি কুমিল্লা শাখা মানববন্ধন করেছে। বেলা ১১টায় নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনটির সভাপতি এমরানুর রহমান ভূঁইয়া,
সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, সদস্য ইয়াছিন মিয়া, আবদুল হাই বাবলু, আবুল কাশেম ও চেঙ্গিস ভূঁইয়া এবং ১৬টি উপজেলার প্রায় ২৫০ ইটভাটার মালিক অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভারত থেকে কয়লা আমদানি বন্ধ রয়েছে। কয়লা না পাওয়ায় ইট তৈরি করা যাচ্ছে না। কারণ ইট পোড়ানোর বর্তমান প্রক্রিয়ায় কোনোভাবেই লাকড়ি ব্যবহার করা যাচ্ছে না। এই অবস্থায় আগামী এক মাসের মধ্য কয়লা আমদানির ব্যবস্থা করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন করা হবে। জানতে চাইলে ফারুক আহমেদ বলেন, ‘ভারত থেকে সিলেটের তামাবিল হয়ে কয়লা আসত। কয়লা আমদানি বন্ধ করায় বিপাকে পড়েছেন ইটভাটার মালিকেরা। সে জন্য সরকার কয়লা আমদানি না করলে আমরা কোটি কোটি টাকার ব্যবসা থেকে বঞ্চিত হব।’