কয়লা আমদানিকারকেরা বাড়তি অর্থ গুনছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডলারের অব্যাহত মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন সুনামগঞ্জের তিনটি শুল্ক বন্দরের কয়লা আমদানিকারকেরা।যেসব আমদানিকারক তিন মাস আগে ঋণপত্র (এলসি) দিয়ে কয়লা আমদানি করছেন, ডলারের মূল্যবৃদ্ধিতে ওই সব ঋণপত্রের বিপরীতে তাঁদের বাড়তি টাকা পরিশোধ করতে হচ্ছে।সুনামগঞ্জের বড়ছড়া, চারাগাঁও ও বাগলী শুল্ক বন্দর দিয়ে ভারত থেকে কয়লা ও চুনাপাথর আমদানি হয়। এখানকার তিন শতাধিক ব্যবসায়ী কয়লা আমদানি করেন।সুনামগঞ্জের চৌধুরী ইনট্রেডের স্বত্বাধিকারী চৌধুরী আর এইচ শাহীন জানান, গত তিন মাসে তিনি প্রায় এক লাখ ডলারের ঋণপত্র খুলেছেন। এখন ডলারের দাম বেড়ে যাওয়ায় তাঁকে প্রায় সাত লাখ টাকা অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হচ্ছে।সুনামগঞ্জের বড়ছাড়া-চারাগাঁও শুল্ক বন্দরের আমদানিকারক সমিতির সহসভাপতি মো. খসরুল আলম জানান, তিনি চার হাজার টন কয়লা আমদানির জন্য ঋণপত্র খুলেছিলেন। তবে ডলারের দাম বাড়ায় প্রতি ১০০ টনে তাঁকে ৩৩ হাজার টাকা বেশি পরিশোধ করতে হচ্ছে। সব মিলিয়ে তাঁর লোকসানের পরিমাণ দাঁড়াবে ১২ থেকে ১৫ লাখ টাকা।জানতে চাইলে বড়ছড়া-চারাগাঁও শুল্ক বন্দরের শুল্ক তত্ত্বাবধায়ক খায়রুল আনাম প্রথম আলোকে বলেন, ‘ঋণপত্র যখনই খোলা হোক না কেন, যেই দিন বিল আসবে সেই দিনের ডলারের দরেই বিল পরিশোধ করতে হয়।’