কয়লা আমদানির জটিলতা নিরসনে বৈঠক
ভারতের মেঘালয় রাজ্যে কয়লা উত্তোলন-প্রক্রিয়া নিয়ে জটিলতার কারণে তামাবিল স্থলবন্দর এবং সিলেট ও সুনামগঞ্জের পাঁচটি শুল্ক স্টেশন দিয়ে পাঁচ মাস ধরে কয়লা আমদানি বন্ধ রয়েছে। এ অবস্থায় ভারতের মেঘালয় রাজ্যের স্টেট কো-অর্ডিনেশন কমিটি অব কোল ওনার্সের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সুনামগঞ্জের কয়লা আমদানিকারকেরা।
সুনামগঞ্জ চেম্বার মিলনায়তনে গতকাল সোমবার এই বৈঠক হয়। সুনামগঞ্জ চেম্বারের সভাপতি খায়রুল হুদার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন, সাবেক সাংসদ নজির হোসেন, চেম্বারের সহসভাপতি সজীব রঞ্জন দাশ প্রমুখ। বৈঠকে মেঘালয়ের স্টেট কো-অর্ডিনেশন কমিটি অব কোল ওনার্সের চেয়ারম্যান এস এল খ্রিয়াম ও সাধারণ সম্পাদক এম খারকঙ্গরের নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।
জানা যায়, ভারতের পরিবেশবাদী সংগঠন ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি) মেঘালয় রাজ্যে অপরিকল্পিতভাবে কয়লা উত্তোলন-প্রক্রিয়া নিয়ে আদালতে রিট করেছে। আদালত আদেশ দিলে গত ১৬ মে থেকে সেখানে কয়লা উত্তোলন বন্ধ রয়েছে। এতে করে সিলেটের তামাবিল স্থলবন্দর, শেওলা ও সুতারকান্দি শুল্ক স্টেশনের পাশাপাশি সুনামগঞ্জের বড়ছড়া, চারাগাঁও ও বাগলি শুল্ক স্টেশন দিয়ে কয়লা আমদানি বন্ধ হয়ে যায়।
বৈঠক শেষে দুই দেশের ব্যবসায়ীরা জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে। আদালতের শর্ত মেনে আগামী নভেম্বর মাসে ভারত থেকে এই স্থলবন্দর ও শুল্ক স্টেশনগুলো দিয়ে কয়লা আমদানি-রপ্তানি শুরু হবে। এ ছাড়া কয়লা ব্যবসার নানা সুবিধা-অসুবিধা নিয়ে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত বৈঠকের সিদ্ধান্ত হয়।