কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে অর্থমন্ত্রীর তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানিশক্তি ছাড়া দেশের উন্নয়ন হবে না। আর সে কারণেই কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা জরুরি।সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেছেন। এ ব্যাপারে পরিবেশবাদীদের সঙ্গে কথা বলা উচিত বলেও মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বোঝা উচিত যে উন্নয়নের জন্য জ্বালানিশক্তির বিকল্প নেই।অর্থমন্ত্রী বলেন, ‘বড়পুকুরিয়ায় কয়লা আছে। সরকারি প্রচেষ্টায় ওই এলাকায় বনায়নও করা হয়েছে। সমস্যা যা আছে, খুবই সীমিত। এখানকার কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে সংকট মেটানো সম্ভব।’ অর্থমন্ত্রী আরও বলেন, ‘কয়লা এতটা পরিবেশবান্ধব নয়, সবাই জানেন। কিন্তু এ ছাড়া উপায়ও নেই। বিশ্বের বেশির ভাগ দেশে এখনো কয়লার মাধ্যমেই বিদ্যুৎ উৎপাদন করা হয়।’২০৩০ সালের মধ্যে দেশে যে পরিমাণ বিদ্যুৎ লাগবে, তার অর্ধেকই কয়লা দিয়ে উৎপাদন করতে হবে বলে মনে করেন অর্থমন্ত্রী। তিনি জানান, নতুন প্রযুক্তির মাধ্যমে কয়লার ক্ষতিকারক দিকগুলো দিন দিন কমে আসছে।ক্রয় কমিটিতে ১২টির মধ্যে ১১টি প্রস্তাব অনুমোদিত ও একটি ফেরত পাঠানো হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম হচ্ছে: যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) ও যন্ত্রে পাঠযোগ্য ভিসা (এমআরভি) প্রকল্পের জন্য জনবল সরবরাহ ও অতিরিক্ত জনবল সেবা ক্রয়। অর্থমন্ত্রী জানান, এ প্রকল্পের সময় বাড়ানো হয়নি। তবে পরিধি বাড়ানো হয়েছে। ২০১৪ সাল নাগাদ সবাই যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট ও ভিসা পাবেন বলে তিনি আশাবাদী।বৈঠকে মরক্কো থেকে টিএসপি ও ডিএপি সার আমদানি; ভোলা জেলার চরফ্যাশন ও মনপুরা শহর সংরক্ষণ প্রকল্পের ঠিকাদার নিয়োগ; মহেশখালী-আনোয়ারা গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ; বিবিয়ানা-ধনুয়ানা গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ; আশুগঞ্জ-বাখরাবাদ গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ ইত্যাদি প্রস্তাব অনুমোদিত হয়েছে।এ ছাড়া অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ভারতের এনটিপিসির উদ্যোগে গঠিত বাংলাদেশ-ভারত মৈত্রী বিদ্যুৎ কোম্পানি বাগেরহাটের রামপালে যে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে, সেটি থেকে বিদ্যুৎ কেনার চুক্তি (পিপিএ) অনুমোদিত হয়েছে। এক হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদিত হবে এ কেন্দ্রে।আরও পরীক্ষা-নিরীক্ষার বিষয় থাকায় ২০১২-১৫ সময়ের জন্য রপ্তানিনীতি বৈঠকে উপস্থাপন করা হলেও তা অনুমোদিত হয়নি বলে জানান অর্থমন্ত্রী।