কয়েক ঘণ্টার মধ্যে আবার এসইসির সিদ্ধান্ত পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর পর দুই বছর বা তারও বেশি সময় ধরে ‘জেড’ শ্রেণীতে রয়েছে—এমন কোম্পানিকে স্টক এক্সচেঞ্জের মূল লেনদেন-ব্যবস্থা থেকে তালিকাচ্যুত করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। সংস্থাটি গত সোমবার সিদ্ধান্ত নিয়েছিল, এ ধরনের কোম্পানিকে ‘ওভার দ্য কাউন্টার (ওটিসি)’ নামের বিকল্প বাজারে পাঠানো হবে। এ হিসেবে মোট ১২টি কোম্পানির ওটিসি বাজারে যাওয়ার কথা ছিল। কিন্তু মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সিদ্ধান্তটি পরিবর্তন করে গতকাল মঙ্গলবার চারটি কোম্পানিকে ওটিসিতে পাঠানোর জন্য দুই স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দিয়েছে এসইসি। নির্দেশ অনুযায়ী, ২০ অক্টোবরের মধ্যে এসব কোম্পানিকে ওটিসি বাজারে পাঠাতে হবে। কোম্পানিগুলো হলো, অ্যাপেক্স উইভিং অ্যান্ড ফিনিশিং মিলস, ঢাকা ফিশারিজ, মুন্নু ফেব্রিকস ও পদ্মা সিমেন্ট লিমিটেড। আগের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম দুটি কোম্পানি ওটিসি বাজারে যাওয়ার কথা ছিল না।যোগাযোগ করা হলে এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আনোয়ারুল কবীর ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আগের সিদ্ধান্ত অনুযায়ী অনেকগুলো কোম্পানি ওটিসিতে চলে যেত, যা শেয়ার-সংকট আরও বাড়িয়ে তুলত। তাই ওই সিদ্ধান্ত পরিবর্তন করে কেবল উৎপাদন-কার্যক্রম বন্ধ রয়েছে এমন কোম্পানিকে ওটিসিতে পাঠানোর নির্দেশ দিয়েছে কমিশন। আগের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকসহ আইসিবি ইসলামী ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, আজিজ পাইপ, আনোয়ার গ্যালভানাইজিং, চিটাগাং ভেজিটেবল, মেঘনা পেট, তাল্লু স্পিনিং ও সাফকো স্পিনিং লিমিটেডকেও ওটিসিতে পাঠাতে হতো। গতকালের সংবাদপত্রেও এসব কোম্পানি ওটিসিতে যাচ্ছে বলে খবর ছাপা হয়। আর এ খবরে বিনিয়োগকারীরা আতঙ্কে এসব কোম্পানির শেয়ার বিক্রি করতে শুরু করেন। ফলে কোম্পানিগুলোর শেয়ারে ব্যাপক দরপতন ঘটে। এসইসির সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানার আগেই আর্থিক ক্ষতির মুখে পড়ে যান এসব বিনিয়োগকারী। এমন একজন বিনিয়োগকারী গতকাল প্রথম আলোতে টেলিফোন করে ক্ষোভের সঙ্গে বলেন, ‘এসইসির সিদ্ধান্তের কারণে আমার পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ক্ষতির দায়দায়িত্ব কি এসইসি নেবে?’ এ প্রশ্নের জবাব চাইলে কমিশনের কেউই মুখ খোলেননি। ১২ কোম্পানিকে ওটিসিতে নেওয়ার সিদ্ধান্তের ব্যাপারে বাজার বিশ্লেষকেরা আগেই সমালোচনা করেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, নিয়মিত লভ্যাংশ না দিলেও এ তালিকায় বেশ কয়েকটি সম্ভাবনাময় কোম্পানি রয়েছে। ফলে সব কোম্পানিকে এককাতারে ফেলে ঢালাওভাবে তালিকাচ্যুত করলে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়বে। তা ছাড়া বাজারে যখন তীব্র শেয়ার-সংকট রয়েছে, তখন একসঙ্গে এতগুলো কোম্পানিকে মূল লেনদেন-ব্যবস্থা থেকে সরিয়ে নেওয়া মোটেও যৌক্তিক হবে না। সম্মিলিতভাবে কোম্পানিগুলোর পরিশোধিত মূলধনের পরিমাণ এক হাজার ৫৮৭ কোটি টাকা।জানা গেছে, গতকাল সকালে এসইসির বাজার-পর্যালোচনা কমিটির পূর্বনির্ধারিত বৈঠকে কয়েকজন নির্বাহী পরিচালক বিষয়টি এসইসির চেয়ারম্যানের সামনে উত্থাপন করেন। এ সময় তিনি রূপালী ব্যাংক, লাফার্জ সুরমা, আইসিবি ইসলামী ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের মতো কোম্পানিকে ওটিসিতে না দেওয়ার পক্ষে মত দেন। আর এরই অংশ হিসেবে পরে কেবল বন্ধ কোম্পানিকে ওটিসিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।