কয়েক দিনের ঊর্ধ্বগতির পর মূল্যসূচক ও লেনদেন কমল
টানা কয়েক দিনের ঊর্ধ্বগতির পর গতকাল সোমবার দেশের শেয়ারবাজারে কিছুটা দরপতন ঘটেছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক ১ দশমিক ৩২ শতাংশ বা ৬৩ পয়েন্ট কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে প্রায় ২ শতাংশ বা ২৯৮ পয়েন্ট। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা এই দরপতনকে স্বাভাবিক মূল্য সংশোধন বলে অভিহিত করছেন। আর বিশ্লেষকেরা বলছেন, এটি বাজারের স্বাভাবিক আচরণ। টানা কয়েক দিন দর বাড়ার পর বিনিয়োগকারীদের একটি অংশের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা দেওয়ায় বাজারে নেতিবাচক প্রভাব পড়ে, যে কারণে শেয়ারের দর ও সূচকের পতন ঘটে।পুঁজিবাজার-বিশ্লেষক ও ইউনিয়ন ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক আকতার হোসেন সান্নামাত প্রথম আলোকে বলেন, লেনদেনের গতি-প্রকৃতি দেখে মনে হচ্ছে যে নতুন বিনিয়োগ আসছে। ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয় শ্রেণীর বিনিয়োগকারীরা এখন বেশ সক্রিয় রয়েছেন। তাই দরপতনে সাধারণ বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক কমে নেমে এসেছে চার হাজার ৭৩৭ পয়েন্টে। আর মোট লেনদেন হয় ৯৭৯ কোটি টাকার, যা আগের দিনের চেয়ে প্রায় ১২৭ কোটি টাকা কম।ঢাকার বাজারে এদিন ২৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের তুলনায় দাম কমেছে ১৮৭টির, বেড়েছে ৭৫টির আর অপরিবর্তিত ছিল ১০টি কোম্পানির শেয়ারের।লেনদেনের দিক থেকে এদিন দুই স্টক এক্সচেঞ্জেই শীর্ষে ছিল ইউনাইটেড এয়ার। দুই বাজার মিলিয়ে কোম্পানিটির প্রায় ১০৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ডিএসইতে ৬৮ কোটি টাকা ও সিএসইতে ৩৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটি রোববার বিকেলে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ স্টক লভ্যাংশ বা বোনাস শেয়ার ঘোষণা করে। যে কারণে এদিন কোম্পানিটির শেয়ারের দামের ওপর কোনো ধরনের সীমা আরোপিত ছিল না। ২০১০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্তির পর এটিই হলো কোম্পানিটির ঘোষিত সর্বোচ্চ লভ্যাংশ। এর আগের দুই বছরে এই কোম্পানি যথাক্রমে ৫ ও ১০ শতাংশ হারে স্টক লভ্যাংশ বা বোনাস শেয়ার ঘোষণা করে।চট্টগ্রামের বাজারে এদিন ১৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের তুলনায় দাম কমেছে ১৩৬টির, বেড়েছে ৫২টির আর অপরিবর্তিত ছিল আটটির। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক কমে ১৪ হাজার ৪১৯ পয়েন্টে নেমে এসেছে। এই বাজারে মোট ১১১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় নয় কোটি টাকা কম।