কয়েকটি পণ্যে শুল্কমুক্ত সুবিধা চায় ডিসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কায় ওষুধ, পাট ও পাটজাত পণ্য এবং হস্তশিল্পজাত পণ্যে শুল্কমুক্ত সুবিধা চেয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। একই সঙ্গে বাংলাদেশ থেকে এসব পণ্য আরও বেশি আমদানি করারও আহ্বান জানানো হয়েছে। ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার এস কে ওয়েরাগোদা গতকাল রোববার রাজধানীর ডিসিসিআই কার্যালয়ে সংগঠনের সভাপতি মো. সবুর খানের সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ সুফিউর রহমান এ সময় উপস্থিত ছিলেন।ঢাকা চেম্বারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে ডিসিসিআইয়ের সভাপতি সবুর খানকে উদ্ধৃত করে বলা হয়েছে, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়ানো সম্ভব বলে তিনি মনে করেন। এ জন্য অবশ্য দুই দেশের মধ্যকার বাণিজ্যসংক্রান্ত বিরোধগুলো দ্রুত নিরসন করতে হবে বলেও মত দেন তিনি। একইসঙ্গে তিনি চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দরের সঙ্গে শ্রীলঙ্কার কলম্বো ও ট্রিনকোমালির মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের ওপর জোর দেন।শ্রীলঙ্কার হাইকমিশনার এস কে ওয়েরাগোদা এ দেশের ব্যবসায়ীদের পণ্য আমদানি-রপ্তানিতে শ্রীলঙ্কার হামবানটোটা সমুদ্রবন্দর ব্যবহারের প্রস্তাব দেন।হাইকমিশনার জানান, শ্রীলঙ্কার ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। বাংলাদেশের ব্যবসায়ীদের শ্রীলঙ্কার ওষুধশিল্পে আরও বিনিয়োগের আহ্বান জানান তিনি।শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ সুফিউর রহমান জানান, শ্রীলঙ্কায় ফুলকপি ও আলুর চাহিদা প্রচুর। এ সুযোগ কাজে লাগিয়ে দেশটিকে আলু ও ফুলকপি রপ্তানির পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে ডিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি নেসার মাকসুদ খান, সহসভাপতি আবসার করিম চৌধুরী উপস্থিত ছিলেন।