
বেলা সোয়া ১১টা। রাজধানীর পুরানা পল্টনের মদিনা টাওয়ারে কর অঞ্চল-১২-এর কার্যালয় সাজানো হয়েছে জমকালো বৈশাখী সাজে। করদাতারা যাতে বকেয়া কর পরিশোধ করতে পারেন, সে জন্যই এ আয়োজন। আয়োজনের নাম চৈত্রসংক্রান্তি উপলক্ষে রাজস্ব হালখাতা।
বিশিষ্ট সংগীতশিল্পী এন্ড্রু কিশোর বকেয়া করের পে-অর্ডার কমিশনার শাহীন আকতারের হাতে তুলে দিয়ে এই হালখাতা শুরু করেন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এ কর অঞ্চলের হালখাতা অনুষ্ঠান। করদাতারা নিজেদের বকেয়া কর পরিশোধ করেছেন। করদাতাদের খই-মুড়ি, বাতাসাসহ ঐতিহ্যবাহী খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।
এমন চিত্র শুধু কর অঞ্চল-১২-এর নয়। সারা দেশের সব কর অঞ্চলেই গতকাল একই চিত্র ছিল। এনবিআর প্রথমবারের মতো সব কর অঞ্চলে একই দিনে এ ধরনের রাজস্ব হালখাতার আয়োজন করে। এই উপলক্ষে সব কর অঞ্চল কার্যালয় ব্যানার-ফেস্টুন, বেলুন, পটচিত্রসহ বিভিন্ন বৈশাখী সাজে সাজানো হয়। করদাতাদের আপ্যায়ন করা হয় দেশীয় খাবার দিয়ে। এনবিআর সূত্রে জানা গেছে, সব কর অঞ্চলের হালখাতা অনুষ্ঠান থেকে প্রায় ৫৫০ কোটি টাকা আদায় হয়েছে।
কর অঞ্চল-১২ কার্যালয়ে গতকাল সরেজমিনে দেখা গেছে, কয়েকজন করদাতা তাঁদের বকেয়া কর দিতে এসেছেন এবং কর কর্মকর্তারা তাঁদের স্বাগত জানিয়ে করের পে-অর্ডার রেখেছেন। বেলা দুইটা পর্যন্ত এই কর অঞ্চলে ৭০ জন করদাতা তাঁদের বকেয়া কর পরিশোধ করেছেন। এতে ৩ কোটি টাকার রাজস্ব পাওয়া গেছে। এ কর অঞ্চলে দেশের অভিনেতা-অভিনেত্রী, সংগীতশিল্পীরা কর দেন। সাংসদ ও বিশিষ্ট সংগীতশিল্পী মমতাজ বেগম তাঁর আইনজীবীর মাধ্যমে বকেয়া কর দিয়েছেন।
উপকর কমিশনার কাজী আবু মাহমুদ ফয়সাল প্রথম আলোকে বলেন, ‘উৎসবের আমেজে করদাতারা কর দিচ্ছেন। ব্যাপক সাড়া পেয়েছি। এ ধরনের আয়োজন করদাতাদের সঙ্গে কর কর্মকর্তাদের সম্পর্ক আরও সহজ করবে।’
বেলা দুইটার দিকে সেগুনবাগিচার বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) কার্যালয়ে গিয়ে দেখা গেছে পুরো উৎসবের আমেজ। সকাল থেকেই এ কর অঞ্চলে বড় করদাতারা এসে বকেয়া কিংবা অগ্রিম কর পরিশোধ করেছেন। দুপুর পর্যন্ত ১০০ জন করদাতা ৪ কোটি ১৯ লাখ টাকা কর পরিশোধ করেছেন। এলটিইউর হালখাতাবিষয়ক প্রধান সমন্বয়ক ও উপকর কমিশনার জেহাদ উদ্দিন জানান, দেশের বড় করদাতারা হালখাতা অনুষ্ঠানে এসে কর দিচ্ছেন। এটা কর সংস্কৃতির জন্য ভালো লক্ষণ।
গতকাল দুপুরে এলটিইউতে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে অংশ নেন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ। তিনি সাংবাদিকদের বলেন, অদ্ভুত সুন্দর একটি আয়োজন। এমন সুন্দর ও বর্ণিল পরিবেশে করদাতারা কর দিচ্ছেন। এতে কর কর্মকর্তা ও করদাতাদের মধ্যে যে দূরত্ব ছিল, তা কমে আসছে। আস্থা আরও বাড়লে কর পরিশোধে অনীহা কমে আসবে।
কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে হালখাতা অনুষ্ঠানের আয়োজন করেছে ভ্যাট অনলাইন প্রকল্প। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর নতুন নিবন্ধন কার্যক্রম এবং ব্যবসায়ী প্রতিনিধিদের মিষ্টিমুখ করার মধ্য দিয়ে প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা দিনটি পালন করেছেন।
সেগুনবাগিচার কর অঞ্চল-২-এ করদাতাদের জন্য গানবাজনা চলেছে সারা দিন। এ ছাড়া খই-মুড়ি, বাতাসা তো ছিলই।
কর অঞ্চল-৫-এ আবাসন ব্যবসায়ীরা কর দেন। আবাসন ব্যবসায়ী আরিফ হোসেন গতকাল বকেয়া কর দিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘উৎসবের আমেজে কর দিচ্ছি। নতুন ধরনের অভিজ্ঞতা হয়েছে। আশা করি সারা বছর এমন করবান্ধব পরিবেশ থাকবে।’
সরেজমিনে দেখা গেছে, সেগুনবাগিচার কর অঞ্চল-১, কর অঞ্চল-৪, কর অঞ্চল-৮ এবং বিজয়নগরের আত্ব-ত্বরীক টাওয়ারে কর অঞ্চল ১৪ ও কর অঞ্চল-৮ কার্যালয়েও বর্ণিল সাজে হালখাতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।