খননযন্ত্র সরবরাহ করতে চায় কলকাতার ম্যারোলিন
কলকাতাভিত্তিক প্রতিষ্ঠান ম্যারোলিন ইঞ্জিনিয়ার্স ওয়ার্কস (প্রা.) লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান বাংলাদেশে ড্রেজার বা খননযন্ত্র সরবরাহ করতে চায়। ইতিমধ্যে এই প্রতিষ্ঠানটি চারটি ড্রেজার সরবরাহের দরপত্রে অংশ নিয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ এবং মংলাবন্দর কর্তৃপক্ষ ড্রেজারের ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করেছে। এর মধ্যে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের তিনটি ড্রেজার ও মংলাবন্দর কর্তৃপক্ষের একটি ড্রেজার কেনার দরপত্রে অংশ নিয়েছে এই প্রতিষ্ঠানটি। শিগগিরই আরও দুটি ড্রেজার কেনার দরপত্র আহ্বান করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। সেখানেও ম্যারোলিন অংশ নেবে।এসব দরপত্রে আরও অংশ নিয়েছে ভারতের গোয়া শিপইয়ার্ড লিমিটেড, ভারতি শিপইয়ার্ড লিমিটেড, টেম্বা শিপইয়ার্ড লিমিটেড। এ ছাড়া একটি ডাচ্ কোম্পানিও অংশ নিয়েছে। ছয়টি ড্রেজার কিনতে ৬০ কোটি ডলারের প্রকল্প নিয়েছে বাংলাদেশ সরকার। ভারতের কাছ পাওয়া ১০০ কোটি ডলার ঋণের আওতায় এই ড্রেজার কেনার প্রকল্প নেওয়া হয়েছে। ম্যারোলিন নামের এই প্রতিষ্ঠানটি জেটি, পন্টুন, গ্যাংওয়েস, হালকা কার্গো, বিভিন্ন ধরনের লঞ্চ তৈরি করে থাকে। সূত্র: বিজনেস লাইন