চট্টগ্রাম বন্দর থেকে রেলপথে ঢাকার কমলাপুর অভ্যন্তরীণ কনটেইনার ডিপোতে (আইসিডি) পণ্য পরিবহনে সময় বেশি লাগছে। তাই ঢাকা ও আশপাশের অঞ্চলের ব্যবসায়ীরা বাড়তি খরচ দিয়েও রেলপথের পরিবর্তে সড়কপথে পণ্য পরিবহনে বাধ্য হচ্ছেন।এর ফলে আমদানিকৃত ও রপ্তানিমুখী পণ্য পরিবহনে ব্যয় বেড়ে যাচ্ছে। রপ্তানিমুখী পণ্য পরিবহনে রেলপথের চেয়ে সড়কপথে ব্যয় ৩০০ শতাংশ বেশি। আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে এই সড়কপথের চেয়ে রেলপথে ব্যয় ২০০ শতাংশ বেশি। রেলওয়ে, বেসরকারি পরিবহন সংস্থা এবং বন্দর সূত্রে এসব তথ্য জানা গেছে।চট্টগ্রাম বন্দরের সদস্য হাদী হোসেন গত শনিবার প্রথম আলোকে বলেন, আমদানি-রপ্তানি পণ্যভর্তি কনটেইনারের মাত্র ৩০ শতাংশ চট্টগ্রাম ও আশপাশের এলাকার। বাকি ৭০ শতাংশ কনটেইনার ঢাকামুখী। এসব পণ্যের সিংহভাগই সড়কপথে পরিবহন করা হয়।রেলওয়ে ও বন্দরের পরিসংখ্যানে দেখা গেছে, চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন বাড়লেও রেলপথে ঢাকার আইসিডিমুখী কনটেইনার পরিবহন কমছে। ২০০৯-১০ অর্থবছরে বন্দরে কনটেইনার পরিবহন বেড়েছে ৯ দশমিক ৪৪ শতাংশ। অথচ একই সময়ে কমলাপুর আইসিডিতে পণ্য পরিবহন কমেছে ১০ দশমিক ৩০ শতাংশ। এ সময়ে কনটেইনার পরিবহন হয় ৬৫ হাজার ৮৬৭ ইউনিট কনটেইনার। গত ছয় বছরে আইসিডিতে এত কম সংখ্যক কনটেইনার পরিবহন হয়নি বলে আইসিডির পরিসংখ্যানে দেখা গেছে।পরিবহন সংস্থা এবং রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রামে সর্বোচ্চ ১৫ টন ওজনের এক কনটেইনার পণ্য পরিবহনে সড়কপথে খরচ পড়ে ন্যূনতম ১২ থেকে ১৫ হাজার টাকা। অন্যদিকে রেলওয়ের ভাড়ার হার অনুযায়ী আমদানিকৃত পণ্যবাহী ১৫ টন ওজনের ২০ ফুট দীর্ঘ কনটেইনার চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার কমলাপুরে আইসিডিতে পরিবহনে লাগে ছয় হাজার টাকা। রপ্তানিমুখী পণ্যবাহী কনটেইনারে এই খরচ মাত্র তিন হাজার টাকা। রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক ইব্রাহিম খলিল প্রথম আলোকে বলেন, বন্দরে কনটেইনার পরিবহন যে হারে বাড়ছে, রেলওয়েতে ঢাকার আইসিডিমুখী কনটেইনার পরিবহনে সেই হার ধরে রাখা যায়নি। এ জন্য বন্দর ও আইসিডি অংশে কনটেইনার ওঠানো-নামানোর যন্ত্রপাতির স্বল্পতা, রেলওয়ে ইঞ্জিন ও চালকসংকট মূল কারণ বলে মনে করেন তিনি। কমলাপুর আইসিডি পরিচালনা করছে বেসরকারি সংস্থা গ্যাটকো। গ্যাটকোর যন্ত্রপাতির অপ্রতুলতার কারণে পণ্য ওঠানো-নামানোয় সময় বেশি লাগছে। চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় আমদানি পণ্যভর্তি কনটেইনার পরিবহনে এক মাসের বেশি সময় লাগার নজিরও আছে বলে জানা যায়।গ্যাটকোর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তানভীর আহমেদ প্রথম আলোর কাছে যন্ত্রপাতি-সংকটের কথা স্বীকার করেন। তিনি বলেন, ইয়ার্ড ভাঙাচোরা হওয়ার কারণে যন্ত্রপাতি সচল রাখা যাচ্ছে না। এ কারণে কনটেইনার পরিবহনে সময় বেশি লাগছে।রেলওয়ের একজন কর্মকর্তা জানান, ৩০ ওয়াগনের একটি ট্রেনে ৬০ ইউনিট কনটেইনার বোঝাই, পরিবহন এবং খালাস করতে সময় লাগছে ৫৫ থেকে ৫৯ ঘণ্টা। অথচ এক বছর আগেও এই সময় লাগত ৩৬ থেকে ৩৭ ঘণ্টা। ধারাবাহিকভাবে পণ্য পরিবহন করতে না পারায় এভাবে চট্টগ্রাম বন্দরে ঢাকার আইসিডিমুখী কনটেইনারের জট তৈরি হচ্ছে।বন্দরের হিসাবে, গত শনিবার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বন্দর থেকে আইসিডিতে কনটেইনার পরিবহন হয় ৭৫ ইউনিট। আর বন্দরে আইসিডিমুখী কনটেইনার পড়ে ছিল ৮০১ ইউনিট।বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, কনটেইনার পরিবহনে রেলপথে সময় বেশি লাগায় ঢাকা ও আশপাশের অঞ্চলের ব্যবসায়ীদের বেশি ভোগান্তি হচ্ছে। খরচ বেশি হলেও সড়কপথে পণ্য পরিবহনে বাধ্য হচ্ছেন তাঁরা।বছরে ৮০ হাজার ইউনিট কনটেইনার ওঠানো-নামানোর ক্ষমতার এই সরকারি আইসিডি চালু হয় ১৯৮৭ সালে। বন্দর থেকে রেলপথে ৩২০ কিলোমিটার দূরত্বের এই আইসিডিতে নিয়ে আমদানি পণ্য খালাস এবং রপ্তানি পণ্য বোঝাইয়ের সুবিধার জন্য এই আইসিডি চালু হয়েছিল। চালুর পর গত জুন পর্যন্ত আইসিডিতে নয় লাখ ৩৬ হাজার ৪৪৯ ইউনিট কনটেইনার পরিবহন হয়।