>
- জুলাইয়ে এডিপির হালচাল
- সব মিলিয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র আধা শতাংশ বাস্তবায়ন হয়েছে।
- ২৭ মন্ত্রণালয় ও বিভাগ এক টাকাও খরচ করতে পারেনি।
অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে সাধারণত প্রকল্প বাস্তবায়নের সব কাজেই ঢিলেঢালা ভাব থাকে। আগের অর্থবছরের শেষ দুই মাস মে-জুনে সব মন্ত্রণালয়েরই অস্বাভাবিক গতিতে বিপুল পরিমাণ অর্থ খরচের তাড়া থাকে বলেই হয়তো এমনটা দেখা যায়। নতুন বছরের শুরুতে কর্মকর্তারা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের চেয়ে বরং ‘মধুচন্দ্রিমা’র মতো আমুদে মেজাজে থাকতেই যেন বেশি পছন্দ করেন। অর্থাৎ দুই মাস আগের ‘টি-টোয়েন্টি’ ব্যাটসম্যান হয়ে যান ধীরস্থির ‘টেস্ট’ ব্যাটসম্যান।
চলতি ২০১৮-১৯ অর্থবছরেও একই চিত্র দেখা গেছে। বছরের প্রথম মাস জুলাইয়ে ২৭টি মন্ত্রণালয় ও বিভাগ উন্নয়ন প্রকল্পের এক টাকাও খরচ করতে পারেনি। এসব মন্ত্রণালয় ও বিভাগের অধীনে ৪৮৫টি প্রকল্প আছে। অথচ এসব প্রকল্পের জন্য অর্থবছরের প্রথম নয় মাসের খরচের অনুমোদন রয়েছে, যা মোটেও কাজে লাগাতে পারেননি কর্মকর্তারা। আগের ২০১৭-১৮ অর্থবছরের শুরুতেও প্রায় একই অবস্থা হয়েছিল। সেবার জুলাই মাসে ২১টি মন্ত্রণালয় ও বিভাগ কোনো টাকা খরচ করতে পারেনি।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ তথ্যে নতুন অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের করুণ চিত্র উঠে এসেছে। মন্ত্রণালয় ও বিভাগগুলোর এই দুরবস্থার ফল হলো, সব মিলিয়ে গত জুলাই মাসে এডিপির মাত্র আধা শতাংশ বাস্তবায়ন হয়েছে।
আইএমইডির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আগের অর্থবছরের শেষ মাস জুনেই প্রায় ৫২ হাজার কোটি টাকা খরচ করেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা। ওই এক মাসেই গতবারের এডিপির ৩৩ শতাংশ বা এক-তৃতীয়াংশ বাস্তবায়ন হয়েছিল। সেই একই কর্মকর্তারা টাকা খরচের সব ক্ষমতা থাকলেও জুলাই মাসে এসে মাত্র ১ হাজার ২৭ কোটি টাকা খরচ করেছেন, যা এডিপির মাত্র দশমিক ৫৭ শতাংশ! টাকা খরচের সব ক্ষমতা থাকলেও তাঁরা তা করতে পারেননি।
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর ব্যয়সহ চলতি অর্থবছরে এডিপির মোট আকার ১ লাখ ৮০ হাজার ৮৬৯ কোটি টাকা। ১ হাজার ৫০৭টি প্রকল্পে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
এডিপি বাস্তবায়নে সাত ধরনের সমস্যা চিহ্নিত করে আইএমইডি সম্প্রতি একটি প্রতিবেদন তৈরি করেছে। সমস্যাগুলো হচ্ছে—প্রকল্পের সুবিধাসমূহ চিহ্নিত না করা; সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা মূল্যায়ন না করা; প্রকল্প দলিল কাঠামো অনুযায়ী না করা; অন্য মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয়ের অভাব; প্রকল্প নেওয়ার যৌক্তিকতা স্পষ্ট না করা; ক্রয়পদ্ধতির উল্লেখ না থাকা এবং প্রকল্প বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের সম্পৃক্ততা না রাখা।
এমন পরিস্থিতিতে কী করা উচিত, জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, প্রকল্প বাস্তবায়নের জন্য প্রতিটি মন্ত্রণালয়ের আলাদা পরিকল্পনা প্রণয়ন করা দরকার। মধ্যমেয়াদি বাজেট কাঠামোর আওতায় সব মন্ত্রণালয় আগে থেকে জেনে যায়, তাদের জন্য পরবর্তী বাজেটে কী পরিমাণ অর্থ বরাদ্দ থাকতে পারে। তাই বাজেট পাস হওয়ার আগেই প্রকল্পের জন্য বরাদ্দ হওয়া টাকা কীভাবে খরচ করা হবে, সেই প্রক্রিয়া শুরু করে দেওয়া যায়। দরপত্র আহ্বানপ্রক্রিয়া বাজেটের আগেই শুরু করা উচিত। বাজেট পাসের পর শুধু ঠিকাদারকে কার্যাদেশ দেওয়ার কাজটি করলেই হবে।
২৭ মন্ত্রণালয় ও বিভাগের খাতা ‘শূন্য’
এডিপির মাধ্যমে ৫৭টি মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়ে থাকে। আইএমইডির তথ্য অনুযায়ী যে ২৭টি মন্ত্রণালয় ও বিভাগ গত জুলাই মাসে এক টাকাও খরচ করতে পারেনি সেগুলো হচ্ছে—বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; সেতু বিভাগ; স্বাস্থ্যসেবা বিভাগ; পানিসম্পদ মন্ত্রণালয়; ডাক ও টেলিযোগাযোগ বিভাগ; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ; পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; জননিরাপত্তা বিভাগ; প্রতিরক্ষা মন্ত্রণালয়; শিল্প মন্ত্রণালয়; পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক মন্ত্রণালয়; ধর্ম মন্ত্রণালয়; ভূমি মন্ত্রণালয়; বস্ত্র ও পাট মন্ত্রণালয়; তথ্য মন্ত্রণালয়; আইন ও বিচার বিভাগ; আর্থিক প্রতিষ্ঠান বিভাগ; অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি); জনপ্রশাসন মন্ত্রণালয়; যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; সমাজকল্যাণ মন্ত্রণালয়; সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়; পররাষ্ট্র মন্ত্রণালয়; বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এবং জাতীয় সংসদ সচিবালয়।
জুলাই মাসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি টাকা খরচ করেছে বিদ্যুৎ বিভাগ। এই বিভাগটি জুলাইয়ে ২০৯ কোটি টাকা খরচ করেছে। চলতি অর্থবছরে এই বিভাগের ৯৫টি প্রকল্পে ২৫ হাজার ৪৩৫ কোটি টাকা বরাদ্দ আছে।
বরাদ্দের অনুপাতে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের সাত প্রকল্পে চলতি অর্থবছরে ২৮৯ কোটি টাকা বরাদ্দ আছে। এর মধ্যে প্রথম মাসে ১৩ কোটি ৩৯ লাখ টাকা খরচ করেছে। বাস্তবায়নের হার ৪ দশমিক ৬০ শতাংশ।