খসড়া টেলিযোগাযোগ নীতিমালা মানসম্মত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংশোধনের উদ্যোগ নেওয়া বিদ্যমান টেলিযোগাযোগ নীতিমালার নতুন খসড়া মানসম্পন্ন হয়নি বলে মনে করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস। রাজধানীর রমনায় গতকাল সোমবার বিটিআরসি আয়োজিত ব্রডব্যান্ড নীতিমালা ২০০৯ পরিবর্তন সম্পর্কিত এক সেমিনারে এ কথা বলেন বিটিআরসি চেয়ারম্যান।
সুনীল কান্তি বোস বলেন, ‘আমি মনে করি মন্ত্রণালয় যে নতুন খসড়া নীতিমালা তৈরি করেছে তা সঠিক নয়। অনেক ক্ষেত্রে টেলিযোগাযোগ খাতের পুরোনো ধ্যানধারণাগুলোই খসড়া নীতিমালায় থেকে গেছে। টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়নের বিষয়টি খসড়া নীতিমালায় বেশি প্রাধান্য পেয়েছে।’
খসড়া নীতিমালার ওপর জনমত যাচাই প্রক্রিয়া সঠিকভাবে না হওয়ার সমালোচনা করে বিটিআরসি চেয়ারম্যান বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে জনমত সংগ্রহের জন্য যখন সময় দেওয়া, তখন যথেষ্ট সাড়া পাওয়া যায় না। আবার যেটুকু মতামত পাওয়া যায়, সেটাও বিবেচনা করা হয় না, এ ক্ষেত্রে দুই দিকেই সমস্যা রয়েছে।’
দেশে ১৯৯৮ সাল থেকে টেলিযোগাযোগ নীতিমালা প্রণয়নের পর এ খাতে অনেক পরিবর্তন এলেও গত ১৭ বছর পুরোনো নীতিমালাটি আর সংশোধন করা হয়নি। সরকারের অনুরোধে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) ২০১২ সালে টেলিযোগাযোগ নীতিমালার একটি খসড়া তৈরি করে দিয়েছিল। কিন্তু এরপর তিন বছর পার হলেও সেটি আর আলোর মুখ দেখেনি। ২০১২ সালের আগে আরও একবার নীতিমালাটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছিল।
চলতি বছর আবার নীতিমালাটি সংশোধনের কাজ শুরু করেছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়। খসড়া নীতিমালায় ২০২১ সালের আগেই দেশের সব মানুষকে টেলিযোগাযোগ ও ৫০ শতাংশ মানুষকে ইন্টারনেটের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গত ১৩ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত খসড়া নীতিমালার ওপর জনমতও সংগ্রহ করেছে মন্ত্রণালয়।
ব্রডব্যান্ড নীতিমালা ২০০৯ সম্পর্কে সুনীল কান্তি বোস বলেন, আগামী অক্টোবরের মধ্যে জাতীয় ব্রডব্যান্ড নীতিমালা পরিবর্তনের খসড়া সরকারের কাছে জমা দেবে বিটিআরসি। আজকের (গতকাল সোমবার) সেমিনার আয়োজনের উদ্দেশ্যই হলো সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া। এ খাতের সঙ্গে জড়িত সবাইকে বাস্তবায়ন সম্ভব কার্যকর পরামর্শ দিতে অনুরোধ করছি।
বর্তমান নীতিমালা অনুযায়ী, ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারী ২০১৫ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য অর্জন না হওয়ার ব্যাখ্যা দেন বিটিআরসি চেয়ারম্যান। তিনি বলেন, ২০০৯ সালে যখন ব্রডব্যান্ড নীতিমালা তৈরি করা হয় তখন লক্ষ্যমাত্রা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল।
২০১৫ সালের মধ্যে দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছানোর লক্ষ্য একই কারণে অর্জন করা সম্ভব হয়নি বলে মনে করেন বিটিআরসি চেয়ারম্যান। এ প্রসঙ্গে তিনি বলেন, লক্ষ্যমাত্রা নির্ধারণে আমাদের আরও বাস্তবমুখী হতে হবে। দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটকেও এ জন্য বিবেচনায় নিতে হবে। ব্রডব্যান্ড ইন্টারনেট অবকাঠামো বিস্তৃত না হওয়ার জন্য এনটিটিএন (নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক) অপারেটরদের দায়ী করেন সুনীল কান্তি বোস।
দিনব্যাপী এ সেমিনারে বিটিআরসির বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটবের কর্মকর্তা এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।