খসড়া বাজেট তিন মাস আগে উন্মুক্ত করার দাবি
জন-অংশগ্রহণ নিশ্চিত করার স্বার্থে খসড়া বাজেট অন্তত তিন মাস আগে উন্মুক্ত করার দাবি জানিয়েছে ২৭টি বেসরকারি সংস্থার জোট ‘বাজেটবিষয়ক নাগরিক মোর্চা’৷
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুিন মিলনায়তনে গতকাল সোমবার সংবাদ সম্মেলন করে এ দাবি তুলে ধরেছেন জোটের নেতারা৷
সংবাদ সম্মেলনে সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) পরিচালক এলিসন সুব্রত বাড়ৈ ও নির্বাহী সদস্য ডেইজি আহমেদ, বাংলাদেশ ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক সুবল সরকার, বাঁচতে শিখ নারীর সভাপতি ফিরোজা বেগম, বিডিইআরএমের সভাপতি সুনীল কুমার মৃধা, এসবিএসএসের নির্বাহী পরিচালক ফেরদৌস আহমেদ প্রমুখ বক্তব্য দেন৷
বক্তারা বলেন, বাজেট প্রণয়ন প্রক্রিয়াকে বিকেন্দ্রীভূত করে জেলা বাজেট বাস্তবায়নের মাধ্যমে বাজেটে অনগ্রসর জনগোষ্ঠীর চাহিদার প্রতিফলন ঘটাতে হবে৷ ধনী ও ক্ষমতাবানদের স্বার্থে অনুৎপাদনশীল খাতে অগ্রাধিকারের ভিত্তিতে বরাদ্দ না দিয়ে দারিদ্র্য নিরসনে উৎপাদনশীল খাতে অগ্রাধিকার দিয়ে গণমুখী বাজেট প্রণয়ন করতে হবে৷
সংবাদ সম্মেলনে জেলা বাজেট প্রণয়নের জন্য প্রয়োজনীয় আইনি সংশোধন ও কাঠামোগত সংস্কার; কৃষকবান্ধব কৃষিনীতি প্রণয়ন ও কৃষকের জন্য শস্যিবমা চালু; প্রতি ইউনিয়নে একটি করে শস্য ব্যাংক এবং প্রতি উপজেলায় অন্তত একটি হিমাগার স্থাপন; শ্রম আদালতগুলো সক্রিয় করা; পিছিয়ে পড়া, দলিত, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর নাগরিক জীবনমান উন্নয়নে বিশেষ বরাদ্দের আওতা বাড়ানো ইত্যাদি সুপারিশ করা হয়৷