খসড়া ভ্যাট আইন থেকে জরিমানা কমানোর দাবি ডিসিসিআইয়ের
ব্যবসায়ীদের অন্যতম প্রভাবশালী সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ‘খসড়া মূল্য সংযোজন কর আইন, ২০১১’-এর কিছু ধারা সংশোধনের প্রস্তাব করেছে।প্রস্তাবিত আইনে জরিমানার পরিমাণ অতিরিক্ত অভিমত দিয়ে বিদ্যমান জরিমানার পরিমাণ বহাল রাখার সুপারিশ করেছে ডিসিসিআই। এরই মধ্যে এসব ধারা সংশোধনের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে লিখিত সুপারিশ ও মতামত দিয়েছে।জানা গেছে, খসড়া আইনের ১৫৬ ধারায় মূসক নিবন্ধনের জন্য সময়মতো আবেদন না করলে এক লাখ থেকে দুই লাখ টাকা জরিমানা করার প্রস্তাব করা হয়েছে। বর্তমান আইনে পাঁচ হাজার থেকে ২৫ হাজার টাকা জরিমানা করার বিধান রয়েছে।চেম্বার বলেছে, প্রস্তাবিত আইনে অপরাধ ও শাস্তি পর্যায়ে সব ক্ষেত্রে কঠোর শাস্তির প্রবিধান করা হয়েছে। সরকার নিশ্চয়ই ব্যবসায়ীদের জেলে রাখার চেয়ে কর আদায় করার বিষয়ে অধিক আগ্রহী হবে। সে ক্ষেত্রে অবশ্যই শাস্তির বিধান করার ক্ষেত্রে আরেকটু নমনীয় মনোভাব গ্রহণ করা উচিত। বিদ্যমান মূসক আইন সামনে রেখে মাঝামাঝি পর্যায়ের একটা ব্যবস্থা রাখার প্রস্তাব করেছে ডিসিসিআই।এ ছাড়া প্রস্তাবিত আইনে নিবন্ধিত ব্যক্তি কমিশনারের দেওয়া ভ্যাট নিবন্ধন সনদ তাৎক্ষণিকভাবে ভ্যাট কর্মকর্তাকে দেখাতে ব্যর্থ হলে ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত জরিমানা প্রস্তাব করা হয়েছে, যা কোনোভাবেই যৌক্তিক নয় বলে মনে করে ডিসিসিআই। বর্তমান ভ্যাট আইন অনুযায়ী এ জরিমানা পাঁচ হাজার থেকে ২৫ হাজার টাকা। ডিসিসিআই এ ধরনের জরিমানার পরিমাণ আগের মতো বহাল রাখার প্রস্তাব করেছে।ব্যবসায়ী সংগঠনটি বলেছে, ‘ভুল ও অপরাধের মধ্যে একটি সুস্পষ্ট সীমারেখা টানা দরকার এবং ভুলের ক্ষেত্রে কোনোরূপ দণ্ড আরোপ ব্যতিরেকে বা সম্ভাব্য লঘুতম দণ্ডের বিনিময়ে ভুল সংশোধনের সুযোগ রাখা দরকার। তা না হলে সত্যিকার ভুলও প্রকাশ না করার চেষ্টা প্রাধান্য পাবে এবং সৎ ব্যবসায়ী বাধ্য হয়ে সত্য গোপন ও অসত্যতার আশ্রয় নেবে।’ডিসিসিআই বলেছে, বর্তমানে অনেক ক্ষেত্রে সংকুচিত মূল্যভিত্তি বা ট্রানকেটেড বেস মূল্যভিত্তিক মূসক প্রযোজ্য আছে। এটি মূলধারা থেকে বিচ্যুতি, কিন্তু অবিবেচনাপ্রসূত নয়। এর বিকল্প হিসেবে কোনো বিশদ ব্যবস্থা খসড়া আইনে রাখা হয়নি। কিন্তু এ বিষয়টির একটি নিশ্চিত সুরাহা দরকার। ক্ষুদ্র ব্যবসায়ী, দোকান মালিক, শহরতলি ও ছোট শহরের ছোট ছোট হোটেল-রেস্তোরাঁ, ক্ষুদ্র উৎপাদক—যারা সংকুচিত মূল্যভিত্তি বা ট্রানকেটেড বেস মূল্যভিত্তিক মূসক প্রদান করে—তারা যেন মূল্য সংযোজন করব্যবস্থার ফলে ব্যবসা হারিয়ে পথে না বসে, সে জন্য কোনো একটি বিকল্প ব্যবস্থা করতেই হবে।খসড়া আইনে বলা হয়েছে, ৫০ হাজার টাকার বেশি মূল্যের উপকরণ কেনার ক্ষেত্রে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে পরিশোধ করা না হলে উপকরণ কর রেয়াত পাওয়া যাবে না। ডিসিসিআই বলেছে, দেশের ব্যবসায়িক লেনদেন এখনো যে পর্যায়ে রয়েছে, তাতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পক্ষে সবসময় ব্যাংকিং-মাধ্যমে উপকরণ ক্রয় করা সম্ভব নয়। সরকারি দপ্তর সাবরেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন ফির টাকা এখনো নগদ পরিশোধ করতে হয়। এ কথা বিবেচনা করা দরকার। কাজেই এ ধরনের ব্যবস্থা আইনে উল্লেখ না করাই ভালো বলে ডিসিসিআই মনে করে।বর্তমানে এটিভি বা অগ্রিম ট্রেড ভ্যাট নামে আমদানি পর্যায়ে অতিরিক্ত মূসক আদায়ের ব্যবস্থা করা হয়েছে, যা মূল আইনের রীতি লঙ্ঘন উল্লেখ করে ঢাকা চেম্বার বলেছে, অগ্রিম কর আদায় ব্যবসা-বাণিজ্যের জন্য একটি বিশাল প্রতিবন্ধকতা। এটি অবিলম্বে অপসারণ করা প্রয়োজন। তা ছাড়া খসড়া আইনের ২৮(৪) ধারার নোটে বলা হয়েছে, অগ্রিম কর পরিশোধ আউটপুট ট্যাক্সের অগ্রিম পরিশোধ, কিন্তু বিকল্প নয়। আবার ২৮(৫) ধারায় বলা হয়েছে, অগ্রিম কর পরিশোধ আউটপুট ট্যাক্সের বিকল্প। এ ধরনের জটিলতা পরিহার করার দাবি জানিয়েছে ঢাকা চেম্বার।