১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে কমিটি গঠন
খসড়া শিল্পনীতি আরেক দফা পর্যালোচনা করার সিদ্ধান্ত
খসড়া শিল্পনীতি আরেক দফা পর্যালোচনা করে কিছু সংশোধনী আনার জন্য বলা হয়েছে। এ জন্য বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।গত বৃহস্পতিবার অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। খবর ইউএনবির।জানা গেছে, বৈঠকে শিল্পনীতি অনুমোদনের জন্য উপস্থাপন করা হলেও তা আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য ফেরত পাঠানো হয়। কমিটিকে ১৫ দিনের মধ্যে পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনী এনে আবার তা উপস্থাপনের জন্য বলা হয়েছে।পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ এবং প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা, অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিল্পনীতিতে প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে কমিটিকে।এ প্রসঙ্গে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমরা খসড়া শিল্পনীতির ১৬টি অধ্যায়ের কয়েটি নিয়ে বিশেষভাবে আলোচনা করেছি। কিছু পরিবর্তন ও সংশোধন আনা প্রয়োজন বলেও মনে হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা থাকা প্রয়োজন।’এ ছাড়া সভায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাটুরিয়া-গোয়ালন্দ পয়েন্টে এ সেতু নির্মাণ করা হবে। ৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এ সেতু নির্মাণে ব্যয় হবে ১৩ হাজার কোটি টাকা (১৯০ কোটি ডলার)। অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সিদ্ধান্তটি নেওয়া হয়।গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এতে উপস্থিত ছিলেন।অর্থমন্ত্রী জানান, সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ভিত্তিতে এ সেতু নির্মিত হবে। এতে রেলওয়ের সুবিধা থাকবে। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ১২১ কোটি ৩৮ লাখ টাকা। দ্রুততম সময়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।সভায় ব্রাহ্মণবাড়িয়ার কোকিল টেক্সটাইল মিল কেনার জন্য বেসরকারি উদ্যোক্তাকে রেয়াতসুবিধা দেওয়ার বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি।সভায় রাজধানীতে পিপিপির আওতায় ৩২ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের সিদ্ধান্তও অনুমোদন করা হয়েছে। প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২০০ কোটি ডলার।অর্থমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদ্মা সেতু বাস্তবায়নে আশাবাদী। এটি বেসরকারি উদ্যোগে বাস্তবায়ন করা হবে এবং সরকার এ ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দেবে।এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, তাঁরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করবেন, কিন্তু দরপত্রপ্রক্রিয়া বা কখন কাজ শুরু হবে, এ বিষয়ে কোনো কিছু বলতে পারবেন না।দ্বিতীয় পদ্মা সেতুর মাধ্যমে রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, রাজবাড়ী, গোপালগঞ্জ ও নড়াইলের যোগাযোগব্যবস্থার ব্যাপক উন্নয়ন হবে। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) প্রতিবেদন অনুযায়ী, সেতু বাস্তবায়নের জন্য সম্ভাব্য ব্যয় ১৯০ কোটি ডলার।সভায় রাষ্ট্রীয় মালিকানাধীন তাবানী বেভারেজ কোম্পানি লিমিটেড ও কোকাকোলার দ্বন্দ্ব নিরসনের জন্য প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এম তাজুল ইসলাম ও বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ।অর্থমন্ত্রী জানান, কোকাকোলা ফারইস্ট লিমিটেডের বিনিয়োগ প্রস্তাবের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করবে এ কমিটি। মুক্তিযোদ্ধাদের স্বার্থ রক্ষা এবং সরকারের মালিকানা নিয়ে কমিটি আলোচনা করে সিদ্ধান্ত জানাবে।অর্থমন্ত্রী বলেন, প্রথমবারের মতো যোগাযোগ খাতকে পিপিপির আওতায় নিয়ে আসা হয়েছে। তিনি জানান, জয়দেবপুর-ময়মনসিংহ এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ বিভাগ।অর্থমন্ত্রী জানান, ৮০০ কোটি টাকা ব্যয় ধরে ইতিমধ্যে এ প্রকল্প অনুমোদন করা হয়েছে, যেখানে সরকার প্রায় ৭০০ কোটি টাকা দেবে।