খাঁ খাঁ করছে কুয়াকাটা

বছরের এই সময়ে আদিগন্তবিস্তৃত সমুদ্রপাড়ে দাঁড়িয়ে প্রত্যুষে সূর্যোদয় আর দিন শেষে সূর্যাস্তের শোভা দেখতে দূরদূরান্ত থেকে শত শত মানুষ ছুটে আসে। কিন্তু সেই দৃশ্য এবারে একদমই দেখা যাচ্ছে না। ১৮ কিলোমিটার দীর্ঘ সৈকত কুয়াকাটায় এখন কলাপাড়া কিংবা পার্শ্ববর্তী এলাকার হাতে গোনা কিছু লোকজন ছাড়া দূরের কোনো পর্যটক নেই।
সৈকত ও এর আশপাশের আকর্ষণীয় স্পট বা স্থানগুলো নির্জন পড়ে আছে। জিরো পয়েন্টে পর্যটকদের জন্য বিছানো ছাতাগুলো যাঁরা ভাড়া দেন, তাঁরাই এখন এসব ছাতার নিচে বসে অলস সময় কাটাচ্ছেন।
সরেজমিনে দু-তিন দিন কুয়াকাটা সৈকত ঘুরে এমন চিত্রই দেখা গেছে। ভরা মৌসুমে এমন পরিস্থিতির কারণে ব্যবসায়ে চরম ক্ষতির আশঙ্কা করছেন পর্যটন-সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। টানা অবরোধ-হরতালে তাঁরা মুনাফা তো দূরের কথা, কীভাবে ক্ষতি কাটিয়ে উঠবেন, তা নিয়েই দুশ্চিন্তায় পড়েছেন।
কুয়াকাটা পর্যটনকেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি মাইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, পর্যটন মৌসুমে অবরোধ দেওয়ায় ব্যবসায়ীদের পথে বসার উপক্রম হয়েছে। অবরোধের প্রথম ১৮ দিনে অন্তত তিন কোটি টাকার ক্ষতি হয়েছে তাঁদের।
কুয়াকাটা সমুদ্রসৈকতকে ঘিরে বর্তমানে সরকারি-বেসরকারি মিলিয়ে ৫৪টি আবাসিক হোটেল-মোটেল রয়েছে। এগুলোর প্রায় সবই একেবারে ফাঁকা পড়ে আছে। কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শফিকুর রহমান বলেন, এখানকার পর্যটনকেন্দ্রিক প্রতিটি প্রতিষ্ঠানের মালিকই বড় রকমের আর্থিক ক্ষতির মধ্যে পড়েছেন। সব হোটেল মালিকেরই ব্যাংকঋণ রয়েছে। প্রতি মাসেই ঋণের কিস্তির টাকা শোধ করতে হয়। কিন্তু এখন কোনো আয় না থাকায় নিয়মিত ব্যাংকঋণ পরিশোধ করা যাচ্ছে না।
হোটেল কুয়াকাটা ইনের মালিক ও চেয়ারম্যান ওয়াহিদুজ্জমান সোহেল বলেন, ‘মৌসুমের এই সময়ে আমাদের ২৬টি কক্ষের মধ্যে প্রতিদিন ২২-২৩টির বুকিং থাকত। এখন সব কটি খালি পড়ে আছে। অবরোধ শুরু হওয়ার পর থেকেই এমন অবস্থা।’
কুয়াকাটায় শামুক-ঝিনুকের দোকান, খাবার হোটেলসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান আছে ৪০০টি। এ ছাড়া ভাড়ায় চালিত মোটরসাইকেল, সমুদ্রে ঘুরে বেড়াতে ভাড়া দেওয়া নৌকা-ট্রলারেরও কোনো ব্যবসা হচ্ছে না।