খাগড়াছড়ি পার্বত্য জেলায় ভুট্টা চাষের বিপুল সম্ভাবনা রয়েছে। বাজারজাতকরণের নিশ্চয়তা পেলে এবং কৃষকদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে এই সম্ভাবনাকে ব্যাপকভাবে কাজে লাগানো যেতে পারে।‘ভুট্টা চাষের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এক কর্মশালায় কৃষিবিদ, কৃষক, কৃষি খাতের ব্যবসায়ী, এনজিওকর্মী ও ব্যাংকাররা এই অভিমত দিয়েছেন। খাগড়াছড়ি পর্যটন মোটেলের সম্মেলনকক্ষে বৃহস্পতিবার সুইসকন্ট্যাক্ট-ক্যাটালিস্ট, উইনরক ইন্টারন্যাশনাল ও সিপি বাংলাদেশ লিমিটেড যৌথভাবে কর্মশালাটির আয়োজন করে। খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক ভবতোষ সরকারের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক জসিম উদ্দিন, সিপি বাংলাদেশের ভাইস চেয়ারম্যান বুনচাই, ডিপার্টমেন্ট ম্যানেজার মির্জা করিম বেগ, উইনরক ইন্টারন্যাশনালের বাজার সমন্বয়কারী এ এস এম শহীদুল হক, সুইসকন্ট্যাক্ট-ক্যাটালিস্টের সিনিয়র বিজনেস কনসালট্যান্ট এহসানুল হক প্রমুখ। সেমিনারে বক্তারা বলেন, তিনটি পার্বত্য জেলার মধ্যে খাগড়াছড়িতেই ভুট্টা চাষের সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। এখানকার মাটি ও জলবায়ু ভুট্টা চাষের জন্য খুবই উপযোগী। কিন্তু বাজারজাতকরণের কোনো ব্যবস্থা না থাকায় কৃষকেরা অপেক্ষাকৃত কম ভুট্টা চাষ করে থাকেন।জসিম উদ্দিন জানান, ভুট্টাসহ কয়েকটি ফসল চাষে ব্যাংক কম সুদে কৃষকদের ঋণ দিচ্ছে। মির্জা করিম বেগ জানান, বাংলাদেশে প্রতিবছর ১৫ লাখ মেট্রিক টন ভুট্টার চাহিদার বিপরীতে উৎপাদন হয় মাত্র পাঁচ লাখ মেট্রিক টন। বাকি চাহিদা পূরণ করা হয় আমদানির মাধ্যমে।