খাগড়াছড়িতে ৩৫ থেকে ৪০ হাজার মেট্রিক টন আম্রপালি উৎপাদিত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আম্রপালি আম পরিচর্যা করছেন এক কৃষক। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে পানছড়ির কংচারী পাড়া এলাকা থেকে তোলা। ছবি: জয়ন্তী দেওয়ান
আম্রপালি আম পরিচর্যা করছেন এক কৃষক। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে পানছড়ির কংচারী পাড়া এলাকা থেকে তোলা। ছবি: জয়ন্তী দেওয়ান

খাগড়াছড়ির ভাইবোনছড়া এলাকার কৃষক সুজন চাকমা ৭৬ একরের বাগান আছে। এখানে বিভিন্ন ফলদ গাছের পাশাপাশি রয়েছে আম্রপালি আমের গাছ। 

সুজন বলেন, আবহাওয়া ভালো থাকায় এবার বাগানে গত বছরের তুলনায় ভালো ফলন হয়েছে। আম কিনতে ইতিমধ্যে জেলার বাইরে থেকে অনেক ব্যবসায়ী আসছেন।
সুজন চাকমার বাগানে আম্রপালির পাশাপাশি রেঙ্গুন, হাঁড়িভাঙা, বারী-১১, বারী-৪, হিমসাগর, গুরমতি, কিউজাইসহ ১৩ প্রকারের আম রয়েছে।

তিন ক্যাটাগরিতে পাইকারি আম বিক্রি করেন সুজন। ভালো মানের আমগুলো কেজিপ্রতি ১০০ থেকে ১২০ টাকায়, মাঝারি মানের আম ৭০ থেকে ৮০ টাকায় এবং অপেক্ষাকৃত কম ভালো আম ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি করা যায়।

খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বৈরী আবহাওয়ার কারণে গত বছর বেশির ভাগ কৃষকের আম্রপালি আম গুটিতেই নষ্ট হয়ে যায়। ফলে ২ হাজার ৯৩০ হেক্টর জমিতে আম চাষ করে মাত্র ১৪ হাজার ৬৫০ মেট্রিক টন আম পান কৃষকেরা।


এ বছর খাগড়াছড়ির তিন হাজার হেক্টর জমিতে আম্রপালির চাষ হয়েছে। কৃষি বিভাগ আশা করছে, খাগড়াছড়ি জেলায় ৩৫ থেকে ৪০ হাজার মেট্রিক টন আম্রপালির উৎপাদিত হবে।

গত বছরের লোকসান গুছিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন আশা করছেন পাহাড়ের বাগানমালিকেরা।
জেলা সদরের গোমরাঘাট তেঁতুলতলা এলাকার চাষি অনিমেষ চাকমা রিংকু বলেন, প্রায় ১০ হেক্টর জমিতে আম্রপালি চাষ করেছেন। এ বছর আবহাওয়া ভালো থাকায় এবং কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী বাগান পরিচর্যা করায় ফলন আশানুরূপ হয়েছে। তিনি বলেন, এবার সব মিলিয়ে ৭০ থেকে ৮০ মেট্রিক টন আম পাওয়ার আশা করছেন; যা গত বছরের চেয়ে তিন গুণ বেশি।

গুইমারা উপজেলার জালিয়াপাড়া এলাকার কৃষক মো. শাহাজ উদ্দিন বলেন, তাঁর বাগানের আম্রপালি আম সুস্বাদু-মিষ্টি ও কীটনাশকবিহীন হওয়ায় সারা দেশে প্রচুর চাহিদা রয়েছে। চলতি বছর ৭ থেকে ১০ মেট্রিক টন আম পাওয়ার আশা করছেন। সব মিলিয়ে ৫ হেক্টর আম্রপালির বাগান রয়েছে তাঁর।

জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সফর উদ্দিন বলেন, ১০ জুন থেকে আম্রপালি আম বাজারজাত করা হচ্ছে। ঝোড়ো হাওয়ায় কিছু মুকুল ঝরে পড়লেও গত কয়েক বছরের তুলনায় এবার বাম্পার ফলন হয়েছে। পাহাড়ের মাটি এবং আবহাওয়া আম্রপালি আমের জন্য উপযুক্ত। ভালো বিক্রি হলে কোটি টাকার ওপর আম থেকে আয় করবে উৎপাদনকারীরা।