খাতভিত্তিক ট্রেড ইউনিয়ন করতে চায় সরকার
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, শিল্পকারখানায় খাতভিত্তিক ট্রেড ইউনিয়ন করার চিন্তাভাবনা করছে সরকার। ইউরোপের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এ ধরনের ট্রেড ইউনিয়ন গঠনের বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে। এ জন্য ডেনমার্ক সরকার কারিগরি সহায়তা দেবে।
বাংলাদেশ সচিবালয়ে গতকাল মঙ্গলবার প্রতিমন্ত্রী মুজিবুল হকের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত মিকাইল হেমনিটি উইনথার সাক্ষাৎ করেন। পরে এক প্রেস ব্রিফিংয়ে শ্রম প্রতিমন্ত্রী খাতভিত্তিক ট্রেড ইউনিয়ন গঠনের বিষয়টি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, শিল্পকারখানায় মালিক ও শ্রমিকের মধ্যে সামাজিক সংলাপের মাধ্যমে আস্থার সম্পর্ক তৈরিতে ডেনমার্কের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার। তিনি বলেন, ডেনমার্কসহ ইউরোপের বিভিন্ন দেশ এবং দক্ষিণ আফ্রিকা কারখানার কর্মপরিবেশের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে সামাজিক সংলাপকে গুরুত্ব দেয়। তাই পোশাকসহ সব কারখানার উৎপাদন বৃদ্ধি ও কর্মপরিবেশের উন্নতির জন্য তাদের অভিজ্ঞতা কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে ডেনমার্ক সরকারের সঙ্গে একটি চুক্তি হয়েছে।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, তৈরি পোশাকশিল্পের কারখানা পরিদর্শন, ঝুঁকি নিরূপণ, কারখানা নিরাপত্তা দেখভালের জন্য ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ সক্ষমতা অর্জন করবে। এ লক্ষ্যে সংস্কার সমন্বয় সেল (আরসিসি) কাজ করছে। ২০১৮ সালের পরে ক্রেতাদের জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্সের প্রয়োজন পড়বে না বলেও মন্তব্য করেন তিনি।
দেশের পোশাকশিল্পের উন্নয়নে সহযোগিতা বৃদ্ধিতে ডেনমার্ক আগ্রহ জানিয়েছে। এমন তথ্য দিয়ে শ্রম প্রতিমন্ত্রী বলেন, পোশাক কারখানার কর্মপরিবেশের উন্নতিতে রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।