বিদায়ী বাংলা বছরের বকেয়া আদায়ের জন্য খাতুনগঞ্জ-চাক্তাইয়ের এক হাজারের বেশি ব্যবসায়ী প্রস্তুতি নিয়েছেন। সেখানে ছোট-বড় ও মাঝারি প্রায় চার হাজার দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। কাল শনিবার সেখানকার এক-চতুর্থাংশ দোকান ও আড়তে হালখাতা খুলে বকেয়া আদায় করা হবে বলে ব্যবসায়ীরা জানান।
এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়োজনে গতকাল বৃহস্পতিবার রাজস্ব হালখাতা খুলে চট্টগ্রামে ২০০ কোটি টাকা আদায় করেছে কাস্টমস ও কর বিভাগ।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ব্যবসায়িক লেনদেন রয়েছে। বেশির ভাগ সময় বাকিতে মালামাল কেনাবেচা হয়। কিন্তু পয়লা বৈশাখে দোকানের গদিতে বসে বাকি আদায় করা হয়। এবার পয়লা বৈশাখের পরদিন অর্থাৎ শনিবার খাতুনগঞ্জ, আছদগঞ্জ, চাক্তাই এলাকার এক হাজারের বেশি প্রতিষ্ঠানে হালখাতা খোলা হচ্ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ী এবং চিটাগাং চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ‘শনিবার এক হাজারের বেশি প্রতিষ্ঠানে হালখাতা খোলা হচ্ছে। ব্যবসায়ীরা এই এক দিনেই হাজার কোটি টাকার মতো বকেয়া আদায় করতে পারবেন বলে আমরা আশা করছি।’
খাতুনগঞ্জের ব্যবসায়ী শফিকুল মান্নান প্রথম আলোকে জানান, খাতুনগঞ্জ-চাক্তাই দেশের ভোগ্যপণ্যের বৃহত্তম বাজার। বিশেষ করে খাতুনগঞ্জের বাদশা মার্কেট, সোনা মিয়া মার্কেট, এশিয়া মার্কেট ও ইলিয়াছ মার্কেটে বড় আড়ত রয়েছে। এখান থেকে সারা দেশের ব্যবসায়ীদের কাছে ভোজ্যতেল, গম, চিনি, মসলা, ডালসহ বিভিন্ন ভোগ্যপণ্য সরবরাহ করা হয়।
শফিকুল মান্নান আরও জানান, বাকিতে যাঁরা মালামাল নেন তাঁরা পয়লা বৈশাখে বাকি পরিশোধ করেন। কিন্তু এবার পয়লা বৈশাখ শুক্রবার। তাই শনিবার বকেয়া আদায়ের প্রস্তুতি চলছে। এ জন্য খাতুনগঞ্জ ও চাক্তাই এলাকায় দোকানগুলোকে সাজানো হয়েছে।
এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের আয়োজনে গতকাল রাজস্ব হালখাতা খুলে চট্টগ্রামের কাস্টমস ও কর বিভাগ ২০০ কোটি টাকার বেশি বকেয়া রাজস্ব আদায় করেছে।
চট্টগ্রাম কাস্টমসে গতকাল বকেয়া রাজস্ব বাবদ ১৭৮ কোটি জমা পড়েছে বলে প্রথম আলোকে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার কামরুল ইসলাম। তিনি বলেন, পে-অর্ডারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো বকেয়া রাজস্ব জমা দিয়েছে।
চট্টগ্রাম কর বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা জানান, বকেয়া আয়কর বাবদ আদায় হয়েছে ২৩ কোটি টাকা।