খাতুনগঞ্জে টানা কমছে ভোজ্যতেলের দর
প্রায় এক মাস আগে প্রতি মণ ২ হাজার ৭৫০ টাকায় বেচাকেনা হয়েছিল পামতেল। গতকাল বৃহস্পতিবার পামতেলের দাম নেমে আসে ২ হাজার ৫৩০ টাকায়। এক মাসের ব্যবধানে পামতেলের দাম কমেছে কেজিপ্রতি প্রায় ছয় টাকা। ভোজ্যতেলের মধ্যে সবচেয়ে বেশি কমেছে সয়াবিনের দাম। এক মাসের ব্যবধানে প্রতি কেজি সয়াবিন তেলের দাম কমেছে নয় টাকা।
পাইকারি বাজার খাতুনগঞ্জে ভোজ্যতেলের ‘সরবরাহ আদেশ’ বেচাকেনায় দর কমার এই চিত্র পাওয়া গেছে। অব্যাহতভাবে দাম কমতে থাকায় সয়াবিন ও পামতেলের বেচাকেনাও আগের তুলনায় কমেছে বলে ব্যবসায়ীরা জানান। সাধারণত কোনো পণ্যের দাম বাড়তে থাকলে বেচাকেনাও বেশি হয়।
এক মাস ধরে বাজারের এই চিত্র দেখে হতাশ সোনামিয়া মার্কেটের এম হোসেন অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. ইব্রাহিম। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববাজারে ভোজ্যতেলের আগাম বেচাকেনায় দর কমতির দিকে। ফলে আগামী মাসে যেসব তেল আমদানিকারক কিনবে, তার দর বর্তমানের চেয়ে আরও কম। ইন্টারনেটে এটি দেখে ভয়ে যার কাছে যা আছে, তা-ই বিক্রি করে দিতে চাইছে। ফলে বেচাকেনা কমেছে। দামও পড়ছে দ্রুত।’
ভোজ্যতেল বিপণনের প্রচলিত পদ্ধতি অনুযায়ী ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকেরা ‘সরবরাহ আদেশ’ ছেড়ে বাজারে পামতেল ও সয়াবিন বিক্রি করেন। এই ‘সরবরাহ আদেশ’ কয়েক দফা হাতবদল হয় খাতুনগঞ্জের বাজারে। শেষ ধাপে এই সরবরাহ আদেশ নিয়ে কারখানা থেকে তেল সংগ্রহ করে নেন পাইকারি ব্যবসায়ীরা। পরে খুচরা ব্যবসায়ীদের হাত ঘুরে ভোক্তার কাছে পৌঁছায় খোলা সয়াবিন ও পামতেল।
আমদানিকারকেরা জানান, গত এক মাসের ব্যবধানে পামতেলের দর কমেছে ৮০ মার্কিন ডলার (কেজিপ্রতি প্রায় ছয় টাকা)। সয়াবিনের দাম কমেছে ৮৫ ডলার (কেজিপ্রতি প্রায় সাত টাকা)। আন্তর্জাতিক বাজারদর পর্যবেক্ষণকারী ইনডেক্স মুন্ডির তথ্য অনুযায়ী গত বুধবার প্রতি টন অশোধিত পামতেল ৬৩৬ ডলার এবং সয়াবিন তেল ৭৬০ ডলার দামে বেচাকেনার চুক্তি হয়। অবশ্য টানা কমার পর আন্তর্জাতিক বাজারে গতকাল সয়াবিন তেলের দাম সামান্য বেড়েছে।
জানতে চাইলে টিকে গ্রুপের পরিচালক তারিক আহমেদ প্রথম আলোকে বলেন, বিশ্ববাজারে সয়াবিন ও পামতেলের দাম কমার নেপথ্যে উৎপাদক দেশে ফলন বৃদ্ধিসহ মৌলিক কোনো কারণ নেই। মূলত বিশ্বরাজনৈতিক প্রেক্ষাপটের কারণে দাম কমার এই প্রবণতা। মৌলিক কোনো কারণ না থাকায় এই বাজার যেকোনো সময় ঘুরেও দাঁড়াতে পারে।
ব্যবসায়ীদের দাবি, দাম কমতে থাকায় এ বাজারের ভোজ্যতেল বেচাকেনায় যুক্ত ব্যবসায়ীরা কম-বেশি লোকসান দিচ্ছেন। কারণ, আজ যে দরে তাঁরা ভোজ্যতেল কিনছেন, কাল তার চেয়ে দাম কমেছে। ফলে এক দিন পর বিক্রি করলেও কেনা দামের চেয়ে কমে বিক্রি করতে হচ্ছে। দর আরও কমতে পারে, এমন আশঙ্কায় এই পণ্যটির লেনদেনও কমে এসেছে।
আমদানিনির্ভর ভোগ্যপণ্যের বাজারে টাকার অঙ্কে সবচেয়ে বেশি আমদানি হয় সয়াবিন ও পামতেল। গত অর্থবছরের আমদানি মূল্যে সয়াবিন ও পামতেলের বাজারের আকার ছিল সাড়ে ১২ হাজার কোটি টাকা। এ সময় ৯টি পরিশোধন কারখানা ২১ লাখ ১১ হাজার টন শোধিত ও অশোধিত আকারে সয়াবিন ও পামতেল আমদানি করে। এসব তথ্য চট্টগ্রাম বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের।
পাইকারি বাজারে ভোজ্যতেলের দাম এক মাস ধরে পড়তে থাকলেও ভোক্তারা এখনো সুফল পাচ্ছে না। পাইকারি বাজারে দাম কমলেও খুচরা বাজারে দাম কমেনি। খুচরা বাজারে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ১০৫ থেকে ১০৭ টাকায়। নগরের কর্ণফুলী কমপ্লেক্স বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০ টাকায়। তবে খুচরা বাজারে খোলা পামতেল বিক্রি হয় কম। মূলত হোটেল-রেস্তোরাঁয় পামতেল বেশি ব্যবহৃত হয়। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের হিসাবে এক মাস ধরে প্রতি কেজি পামতেল ৭৩-৭৫ টাকায় বিক্রি হচ্ছে।