খাতুনগঞ্জের ব্যবসায়ীদের চার লাখ টন পণ্য আটকে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাতুনগঞ্জে ব্যবসায়ীদের প্রায় চার লাখ টন ভোগ্যপণ্য আটকে আছে চট্টগ্রামের পাঁচ শতাধিক গুদামে। হরতাল এবং হরতালের পর পণ্য পরিবহনে নিরাপত্তাহীনতার কারণে এসব পণ্য গুদামের বাইরে নেওয়া যাচ্ছে না। ভোগ্যপণ্য পরিবহন না থাকায় পণ্য বেচাকেনাও হচ্ছে না।
জানা গেছে, গুদামে থাকা এসব পণ্যের লেনদেন হয় খাতুনগঞ্জের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে। হরতাল-সহিংসতার কারণে চট্টগ্রামের বাইরে পণ্য পাঠাতে ভয় পাচ্ছেন ব্যবসায়ীরা। হরতালের আগে-পরে পণ্য পরিবহনকারী গাড়িতে আগুন-ভাঙচুরের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। আবার প্রতিবার হরতালের পর পরিবহন ভাড়া দ্বিগুণ বেড়ে যাওয়ায় লোকসানের আশঙ্কায় আছেন ব্যবসায়ীরা। এসব কারণে পণ্য বেচাকেনা করে লোকসানের মুখে পড়তে চাচ্ছে না কেউ।
বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বাশার নিজের প্রতিষ্ঠানের লেনদেনের চিত্র তুলে ধরে গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘স্বাভাবিক সময়ে ১৫-২০ কোটি টাকার লেনদেন হলেও হরতালে চার-পাঁচ কোটি টাকার লেনদেন হতো। তবে এবার টানা চার দিন হরতালের কারণে আজ (রোববার) এক টাকাও লেনদেন হয়নি।’ পণ্য লেনদেন না হওয়ায় গুদামে পণ্যের স্তূপ জমছে। এসব পণ্যের মধ্যে আছে চাল, ডাল, গম, চিনি ইত্যাদি।
গুদাম ব্যবসায়ীদের সংগঠন চট্টগ্রাম ঠিকাদার এজেন্ট ও কমিশন এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল মন্নান প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামের গুদামগুলোতে ব্যবসায়ীদের প্রায় চার লাখ টন পণ্য আটকে আছে। হরতালের আগে-পরে পরিবহন ভাড়া বৃদ্ধি ও নিরাপত্তাহীনতার কারণে গত এক সপ্তাহে এসব গুদাম থেকে পণ্য সরবরাহ নেননি ব্যবসায়ীরা।’
বন্দর সূত্রে জানা গেছে, বন্দরের বহির্নোঙরে এখন প্রায় আড়াই লাখ টন পণ্য জাহাজে ভাসছে। এসব পণ্য কর্ণফুলী নদীতে বেসরকারি ঘাটগুলোতে খালাসেও ধীরগতি নেমে এসেছে। কারণ, ঘাট থেকে পণ্য খালাস করে ট্রাকে তোলা হয়। পরিবহন বন্ধ থাকায় এসব পণ্যও আটকে গেছে।
খাতুনগঞ্জের ব্যবসায়ী শাহেদ উল আলম প্রথম আলোকে বলেন, ‘এবারে টানা চার দিন হরতালের কারণে গতকাল খাতুনগঞ্জে কোনো পণ্য বেচাকেনা হতে দেখিনি। ব্যবসায়ীরা নিজ নিজ প্রতিষ্ঠানে এলেও পণ্য বেচাকেনা নিয়ে কোনো তৎপরতা ছিল না।’