খাদ্য উৎপাদন ও বিপণনে সমবায়ী পদ্ধতির পরামর্শ
খাদ্যনিরাপত্তা বাংলাদেশে এক বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় খাদ্য উৎপাদন ও বিপণনে সমবায় পদ্ধতি অনুসরণের পরামর্শ দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ।বিশ্ব খাদ্য দিবস-২০১২ উপলক্ষে উন্নয়ন অন্বেষণের বার্ষিক গবেষণা প্রতিবেদনে বাংলাদেশের খাদ্য পরিস্থিতি নিয়ে আলোকপাত করতে গিয়ে এ পরামর্শ দেওয়া হয়েছে। এলুসিভ প্রগেস (বিস্মৃতিপ্রবণ অগ্রগতি) শিরোনামে এই প্রতিবেদন গ্রন্থটি আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হচ্ছে।এতে বলা হয়েছে, বাংলাদেশে ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে কৃষিজমি খণ্ডিত হচ্ছে এবং অর্থনৈতিক মন্দা উৎপাদনকে ব্যাহত করছে। সে ক্ষেত্রে ক্ষুদ্র ও কৃষি ইউনিট থেকে সমবায়ী উৎপাদনব্যবস্থা বা কৃষক সমিতির মাধ্যমে উৎপাদন বাড়ানো সম্ভব। আবার বাংলাদেশে কৃষক পরিবার মূলত ক্ষুদ্র, প্রান্তিক ও নিম্ন আয়ের এবং তাঁদের জন্য ঋণব্যবস্থাও খুব সহজ নয়। সে ক্ষেত্রে বিভিন্ন সংকটের সময় (যেমন: ঝড়, বন্যা, ঘূর্ণিঝড়, খরা) তাঁদের খাদ্যনিরাপত্তা হুমকির মুখে পড়ে। এ পরিস্থিতি মোকাবিলায় এলাকাভিত্তিক খাদ্য ও বীজের ভান্ডার কার্যকরী ভূমিকা পালন করতে পারে বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।উন্নয়ন অন্বেষণ আরও বলছে, বাংলাদেশের অধিকাংশ কৃষক তাঁদের উৎপাদিত পণ্য প্রথমে কম দামে বিক্রি করেন। আবার পরে প্রয়োজনের সময় বেশি দামে ক্রয় করেন। এ ক্ষেত্রে সমবায়ী বিপণনের মাধ্যমে এই দুই দামের মধ্যকার সামঞ্জস্য বিধানের মাধ্যমে খাদ্যনিরাপত্তা ত্বরান্বিত করা যেতে পারে। এর ফলে কৃষক যেমন দাম পাবে তেমনি ভোক্তাও লাভবান হবে।এ ছাড়া একটি পারিবারিক খামার সাধারণত ছোট হওয়ায় নতুন কৃষি যন্ত্রপাতি ব্যবহার তাদের জন্য অনেকটাই ব্যয়সাধ্য ও দুরূহ হয়ে পড়ে। স্থানীয় কৃষকেরা একত্রে মিলে যদি কৃষি যন্ত্রপাতির ব্যবস্থা করতে পারেন, তাহলে তা উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।