খাদ্য ও অবকাঠামোতে যৌথ বিনিয়োগে জাপান আগ্রহী
পরিবেশ, খাদ্য নিরাপত্তা এবং অবকাঠামো খাতে বাংলাদেশে যৌথ বিনিয়োগে জাপান আগ্রহ প্রকাশ করেছে।এসব খাতে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য জাপানের চারজন সাংসদের নেতৃত্বে এক বাণিজ্য প্রতিনিধিদল এখন বাংলাদেশ সফর করছে।প্রতিনিধিদল গতকাল রোববার বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় এ আগ্রহ ব্যক্ত করে।জাপানি সাংসদেরা হলেন আকিরা ইসি, ওয়াই ওয়াতানাবে, এ ইয়ানাগিতা এবং কে মুকোইমা। এ সময় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাকি ইনো, বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন এবং জাপানি প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।বাণিজ্যমন্ত্রী দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে একটি সমন্বিত প্লাটফর্ম তৈরির প্রয়োজনীয়তা এবং পারস্পরিক সহযোগিতার প্রতি গুরুত্বারোপ করেন।২০০৯-১০ অর্থবছরে জাপানে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল ৩৩ কোটি ডলার। এর বিপরীতে একই সময়ে সে দেশ থেকে আমদানির পরিমাণ ছিল ১০৪ কোটি ৭১ লাখ ডলার।