প্রাকৃতিক সম্পদের পাশাপাশি খাদ্যশস্য উৎপাদনে বিপুল সম্ভাবনাময় দেশ মিয়ানমার। বাংলাদেশসহ দক্ষিণ এশীয় দেশগুলোর খাদ্যনিরাপত্তায় সহজেই ভূমিকা পালন করতে পারে দেশটি। শুধু খাদ্য নয়, জ্বালানির ক্ষেত্রেও মিয়ানমার হতে পারে বাংলাদেশের জন্য অন্যতম সহায়ক। রাজধানীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার ‘মিয়ানমারের সামপ্রতিক উন্নয়ন: আঞ্চলিক সহযোগিতার নতুন সুযোগ’ শীর্ষক আলোচনায় এ অভিমত উঠে এসেছে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে খাদ্যনিরাপত্তা,পরিবহন সংযোগ এবং জ্বালানি সহযোগিতা বিষয়ে দিনব্যাপী তিনটি অধিবেশন অনুষ্ঠিত হয়।সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের প্রধান অতিথি ছিলেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান।খাদ্যনিরাপত্তা অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন করে জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কয়চি ফুজিতা বলেন, প্রাকৃতিক গ্যাস ও কৃষিজমিসহ মিয়ানমার অনেক সম্ভাবনাময় দেশ। আবাদযোগ্য অনেক জমি এ দেশে অনাবাদী পড়ে থাকে। ২০ থেকে ৩০ শতাংশ মানুষ গ্রামে বসবাসকারী। বিপুলসংখ্যক মানুষ ব্যাংকঋণ থেকে বঞ্চিত। কারণ, তহবিল সংকট। এমনকি মিয়ানমারের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্কও উষ্ণ নয়।অধিবেশন সঞ্চালক ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন বলেন, কৃষি খাতে প্রযুক্তির ছোঁয়া মিয়ানমারকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। পাশাপাশি দেশটির প্রধান ফসল ধান থেকে চাল করার প্রক্রিয়া এবং চালকলগুলোকেও আধুনিক করা দরকার। তিনি বলেন, বিশ্বের অন্যতম প্রধান চাল উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিতি পাওয়া মিয়ানমারের পক্ষে এখনো সম্ভব। দেশটি উদ্বৃত্ত চাল বাংলাদেশেও রপ্তানি করতে পারে। মিয়ানমার সরকার বিদেশিদের জন্য যে জমি ইজারা দেওয়ার অনুমতি দিয়েছে, তাকে ইতিবাচকভাবেই দেখছেন মাহবুব হোসেন। সহজেই এ সুযোগ অনেকেই নিতে পারে বলে মনে করেন তিনি। সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক বলেন, প্রত্যেক দেশেরই নিজস্ব কৃষি উৎপাদন পদ্ধতি রয়েছে। মিয়ানমার ফসল উৎপাদনে বহুমুখিনতা আনতে পারলে ভালো করবে। দেং ল্যান বলেন, চাল আমদানি-রপ্তানির মাধ্যমেই মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে পারে এবং উভয় দেশের জন্য তা দরকারও। পরিবহন সংযোগ অধিবেশনে উপস্থাপিত প্রবন্ধে বলা হয়, পরিবহন সংযোগ বাড়াতে পারলে অন্যান্য সুবিধার পাশাপাশি এ অঞ্চলে পর্যটনশিল্প অনেক দূর এগিয়ে যাবে। জ্বালানি নিরাপত্তা অধিবেশনে উপস্থাপিত প্রবন্ধে মিয়ানমারে উৎপাদিত বিদ্যুৎ ও গ্যাসের মাধ্যমে বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলো উপকৃত হতে পারে বলে মতামত দেওয়া হয়।