খাদ্য নিরাপত্তায় কৃষকবান্ধব নীতি অপরিহার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রান্তিক কৃষকসহ গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকার সুরক্ষায় কৃষিনীতির যুগোপযোগী সংস্কার এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। আর তাই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে বর্তমান কৃষিনীতিতে ‘কৃষকবান্ধব’ সংস্কার সাধন করতে হবে।ইনসিডিন বাংলাদেশ আয়োজিত ‘কৃষকবান্ধব কৃষিনীতি: কৃষকের অভিমত’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ দাবি তোলা হয়েছে। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক এ কে এম মাসুদ আলী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় কৃষি পর্যালোচনা কমিটির আহ্বায়ক তোফাজ্জেল হোসেন, ইনসিডিন বাংলাদেশের অপর দুই নির্বাহী পরিচালক রতন সরকার ও এ কে এম মুশতাক আলী এবং অ্যাডভোকেসি চিফ নাসিমূল আহ্সান। এ কে এম মাসুদ আলী গণকৃষি কমিশনের মাধ্যমে কৃষকদের কাছ থেকে পাওয়া বক্তব্য সংবাদ সম্মেলনে তুলে ধরেন। সে অনুযায়ী তিনি বলেন, দেশের কৃষি খাতকে টিকিয়ে রাখতে ক্ষুদ্র কৃষকের মালিকানা সুরক্ষা, উৎপাদনশীলতা ও বাজার নিশ্চয়তার বিষয়কে প্রাধান্য দিয়ে কৃষকবান্ধব নীতিকাঠামো তৈরি করতে হবে। তিনি জানান, ২০০৭-০৮ সাল থেকে এ পর্যন্ত দেশের ১৪টি জেলায় ১৯৩টি কৃষি কমিশন অনুষ্ঠিত হয়, যেখানে দুই হাজার ২৯২ জন ক্ষতিগ্রস্ত কৃষক সাক্ষ্য দেন এবং ২৫ হাজারেরও বেশি কৃষক-কৃষাণী অংশ নেন।তোফাজ্জেল হোসেন বলেন, কৃষিজমির ওপর অনুপস্থিত ও অ-কৃষকদের মালিকানা গ্রামীণ জীবনে দারিদ্র্যের বিস্তার ঘটাচ্ছে। এ ছাড়া সংবাদ সম্মেলনে কৃষিনীতি প্রণয়নে কৃষকদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি ভূমি সংস্কার এবং কৃষি সংশ্লিষ্ট মৎস্য ও পশু পালন, বন ও পরিবেশ, শিল্পোন্নয়ন, দারিদ্র্য বিমোচন প্রভৃতি নীতির সঙ্গে সমন্বয় নিশ্চিত করার দাবি জানানো হয়। এতে আরও বলা হয়, নীতি সংস্কারের পাশাপাশি সার, বীজ ও কীটনাশকসহ কৃষির উপকরণে ভেজাল রোধে ও কৃষিপণ্যের যথাযথ বাজারমূল্য নির্ধারণে জরুরি ভিত্তিতে আইন প্রণয়ন ও তদারকির ব্যবস্থা করতে হবে।