খাদ্যদ্রব্যের দাম বাড়তেই থাকবে: বিশ্বব্যাংক প্রেসিডেন্ট
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিক বলেছেন, বিশ্বজুড়ে খাদ্যদ্রব্যের দাম বিপজ্জনক স্তরে চলে গেছে। তিনি আশঙ্কা করছেন, বিভিন্ন দেশ রপ্তানি বন্ধ করলে এবং আবহাওয়া বিরূপ ও দুর্যোগপূর্ণ থাকলে খাদ্যদ্রব্যের দাম বাড়তেই থাকবে। গতকাল মঙ্গলবার লন্ডনের দ্য টেলিগ্রাফ পত্রিকার অনলাইন সংস্করণে এ তথ্য প্রকাশ করা হয়েছে।গত বছর খাদ্যদ্রব্যের দাম বেড়েছে ২৯ শতাংশ। ব্যাংকটির সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিশ্বব্যাংকের হিসাবে চাল-গমজাতীয় খাদ্যশস্য ও তেলের দাম অস্বাভাবিক হারে বাড়ার ফলে এ বছরেই চার কোটি ৪০ লাখ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে পড়বে।রবার্ট জোয়েলিক বলেন, খাদ্যদ্রব্যের দাম বাড়ার ফলে বিশ্বে রাজনৈতিক অস্থিতিশীলতার পাশাপাশি লাখ লাখ মানুষ দারিদ্র্যের কবলে পড়বে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরও বেড়ে যাবে। তিনি আরও বলেন, এর ফলে উন্নয়নশীল দেশে মানুষের জীবনধারণ সবচেয়ে কঠিন হয়ে পড়বে। কারণ, তারা খাবারের জন্য আয়ের অর্ধেক অর্থ ব্যয় করে।