খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি সবচেয়ে গুরুত্বপূর্ণ
খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ সরবরাহ বাড়ানো এখন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করছে দেশের ব্যবসায়ীদের অন্যতম প্রভাবশালী সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)।২০১০-১১ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করে এমসিসিআই এই অভিমত প্রকাশ করেছে। গতকাল সোমবার এমসিসিআইয়ের পর্যালোচনাটি সংবাদমাধ্যমের কাছে পাঠানো হয়।এতে বলা হয়েছে, খাদ্য-মূল্য বাংলাদেশে অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। দেশের ৫০ শতাংশের বেশি মানুষ তাদের আয়ের ৭০ শতাংশের বেশি ব্যয় করে থাকে খাদ্যের পেছনে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষকে সরকারের খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কার্যক্রম থেকে চাল সংগ্রহের জন্য সারি বেঁধে দাঁড়াতে বাধ্য করেছে। কেননা, সাধারণ বাজারে চালের দাম ওএমএস থেকে প্রায় ৪০ শতাংশ বেশি।খাদ্যের মূল্যবৃদ্ধি গরিব ও নিম্নমধ্যবিত্তের প্রকৃত আয় অনেক কমিয়ে দিচ্ছে, যা কিনা আবার দারিদ্র্যের গভীরতা বাড়িয়ে দিচ্ছে বলে এমসিসিআই মনে করছে।আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি পর্যালোচনা করে এমসিসিআই আরও বলেছে, দেশে মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতা আগামী দিনগুলোতেও বজায় থাকবে। এমসিসিআই বলছে, বিশ্ব মন্দা কেটে যাওয়ার ফলে বিনিয়োগ চাহিদা বেড়েছে, যা আবার ঋণপ্রবাহের গতি বাড়িয়েছে। এর প্রভাবে চাহিদাজনিত মূল্যস্ফীতি দেখা দিয়েছে। আর তাই, সরবরাহ পরিস্থিতির উন্নতি করার পাশাপাশি চাহিদা ব্যবস্থাপনাও জরুরি বলে মনে করছে মেট্রো চেম্বার।দেশের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে এমসিসিআই আরও বলেছে, বিদ্যুতের চাহিদা বাড়ার পরও অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে বিদ্যুতের উৎপাদন ও সরবরাহ অনেক পিছিয়ে আছে। গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণে নির্মাণ খাত ইতিমধ্যে বড় ধরনের হুমকির মধ্যে পড়েছে বলে এতে উল্লেখ করা হয়েছে। তথ্য-উপাত্ত তুলে ধরে বলা হয়েছে, গৃহায়ণ ও আবাসন খাতের চার হাজার ২০০ কোটি টাকার বিনিয়োগ বিরাট ঝুঁকির মুখে পড়েছে। তিন হাজার কোটি টাকার প্রায় পাঁচ হাজার নির্মিত অ্যাপার্টমেন্ট অবিক্রীত অবস্থায় পড়ে আছে। আর ব্যাংকে গ্রাহকদের এক হাজার ২০০ কোটি টাকা আটকে গেছে।এমসিসিআই আরও বলেছে, গত বছরের প্রথম দিকে সরকার নতুন গ্যাস-বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ার ফলে আবাসন প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের অ্যাপার্টমেন্ট হস্তান্তর করতে পারছে না। এতে ক্রেতা-বিক্রেতা উভয়েই প্রতিদিন লোকসান গুনছে। বিদ্যুতের অভাবে ৩০০ আবাসন প্রকল্পের প্রায় তিন হাজার ৬০০ অ্যাপার্টমেন্টের নির্মাণকাজ থমকে গেছে। বস্তুত বিদ্যুৎ ঘাটতি এখন বাংলাদেশের অর্থনীতির জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছে বলে মন্তব্য করেছে এমসিসিআই। বলেছে, বিদ্যুৎ ও গ্যাসের ঘাটতি দেশের রপ্তানি খাতের প্রতিযোগিতাশীলতা কমিয়ে দিচ্ছে।সাম্প্রতিক সময়ে গ্যাসের সরবরাহ বাড়ানোর কিছু পদক্ষেপ নেওয়া হলেও তা যথেষ্ট সহায়ক হয়নি বলে এমসিসিআই মনে করে। ডিজেল ও ফার্নেস তেলচালিত ভাড়াভিত্তিক (রেন্টাল) বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করে স্বল্পসময়ে বিদ্যুৎ সরবরাহ কিছুটা বাড়ানো সম্ভব হলেও এটি অত্যন্ত ব্যয়বহুল, যা শিল্পের প্রতিযোগিতাশীলতা হ্রাস করবে বলে মনে করছে এমসিসিআই। বিদ্যুতের অব্যাহত ঘাটতির মধ্যে সরকার বার্ষিকভিত্তিতে ২৫ শতাংশ হারে বিদ্যুতের দাম বাড়ানোর যে পরিকল্পনা নিয়েছে, মেট্রো চেম্বার তা সমর্থন করেনি। প্রতিবেদনে এ প্রসঙ্গে বলা হয়েছে, দেশের ব্যবসায়ী নেতারা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কেননা, এ পরিকল্পনা বাস্তবায়ন করা হলে একদিকে শিল্প উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে, অন্যদিকে ভোক্তারাও আক্রান্ত হবে।দেশের অর্থনীতি, প্রকৃত খাতের উৎপাদন ও মূল্যস্ফীতির ওপর প্রভাব বিবেচনায় নিয়ে এমসিসিআই বিকল্প হিসেবে ধীরে ধীরে ও যৌক্তিকভাবে দাম বাড়ানোর পক্ষে মত দিয়েছে।